• ই-পেপার

পটিয়ায় ‘ডাকাতির প্রস্তুতিকালে’ দেশি অস্ত্রসহ আটক ৩

রংপুরে ২৪ ঘণ্টার গ্রেপ্তার ৩০

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরে ২৪ ঘণ্টার গ্রেপ্তার ৩০
সংগৃহীত ছবি

রংপুর মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে রংপুর মহানগর পুলিশ (আরএমপি)। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের সমন্বিত এ অভিযানে চুরি, মাদক, জুয়া, প্রতারণা এবং বিভিন্ন মামলার আসামিসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে চোরাই মালামাল, মাদকদ্রব্য এবং জুয়ার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রবিবার (৭ জুন) বিকেলে রংপুর মহানগর পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, মহানগরীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর কোতোয়ালী থানা পুলিশ। এর মধ্যে চুরির মামলায় নগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকার মমিনুল ইসলাম (১৯) এবং পূর্ব খাসবাগ এলাকার মো. লিখনকে (২০) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি টিউবওয়েল, একটি ফ্যান ও বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। একই অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ শ্রী চাঁন বাঁশফোঁড় (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন
৬৩ বছর পর পতেঙ্গায় যাচ্ছে ওয়াসার পানি

৬৩ বছর পর পতেঙ্গায় যাচ্ছে ওয়াসার পানি

 

‌এদিকে তাজহাট থানা পুলিশের অভিযানে বিভিন্ন অভিযোগে মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন পানবাড়ী এলাকার রাসেল মিয়া (২২), মো. জজ মিয়া (৬৫), তাজহাট এলাকার সুমন মিয়া (৪০), মো. আলাল আলী (৩৪) এবং ভক্তিপুর এলাকার মো. সোহাগ (৫৫)। এ সময় ঘটনাস্থল থেকে তাস, নগদ টাকা এবং জুয়া পরিচালনার বিভিন্ন আলামত জব্দ করা হয়।

এ ছাড়া জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পীরগঞ্জের মো. রজব আলী (৬০), বদরগঞ্জের মো. হযরত আলী (৩৫) এবং মো. লোকমান হাকিমকে (২০) গ্রেপ্তার করা হয়। একই থানার আরেক অভিযানে মাদক সেবনের দায়ে লালবাগ কেডিসি চুরিপট্টি এলাকার ময়নাল হককে (৪৫) গ্রেপ্তার করা হয়।

এদিকে পৃথক অভিযানে তিনজনকে আটক করেছে পরশুরাম থানা পুলিশ। এর মধ্যে জলছত্রবাজার এলাকার আরিফুল ইসলাম (৩২) ও রমজান আলীকে (৪৫) মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। অপরদিকে বালাকোয়ার এলাকার আজিজুল ইসলামকে (৩৮) ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। 

মাহিগঞ্জ থানা পুলিশের অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পীরগাছার পারুল দেউতি এলাকার গোলাম মোস্তফা (৩৫) ও লিটন মিয়া (৩৫) রয়েছেন। এ ছাড়া প্রতারণা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জোবায়দুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী ও স্বজনদের কাছ থেকে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন উত্তর ফতেহপুর এলাকার ওমেদ আলী (২৬), ধাপ কেল্লাবন্দ এলাকার রানা মিয়া (৩৪), কাউনিয়া উপজেলার মহেষা এলাকার রাজু মিয়া (৪০), বখতিয়ারপুর এলাকার বিপ্লব মিয়া (২৪), কদমতলা এলাকার ফরহাদ হোসেন (৪২), চিকলী ভাটা এলাকার আরাফাত হোসেন আপলে (২২) এবং কেল্লাবন্দ এলাকার মারুফ হোসেন (২৬)। দীর্ঘদিন ধরে হাসপাতালকেন্দ্রিক একটি চক্র রোগীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও বিভিন্নভাবে হয়রানি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে গুড়াতিপাড়া এলাকার মো. আওসাফ (২৪), খাটারিপাড়ার মো. সেলিম উদ্দিন (৩১), আশরতপুর এলাকার সাজ্জাদ হোসেন (৩০) এবং মো. নাহিদ হাসানকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, চুরি, ছিনতাই, জুয়া, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

পুকুরে ডুবে প্রাণ গেল ২ চাচাতো বোনের

নীলফামারী সংবাদদাতা
পুকুরে ডুবে প্রাণ গেল ২ চাচাতো বোনের
প্রতীকী ছবি

নীলফামারীর ডিমলায় পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো বোন। 

রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো একই গ্রামের রবিয়াল ইসলামের মেয়ে রুপাইয়া (৪) ও আউয়াল হোসেনের মেয়ে আশফিকা (৪)। সম্পর্কে তারা আপন চাচাতো বোন।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলতে খেলতে শিশু দুটি পাশের একটি পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা গভীর পানিতে তলিয়ে যায়। কিছু সময় পর শিশুদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে তাদের ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

ডিমলা থানার তদন্ত কর্মকর্তা দিবাকর অধিকারী বলেন, ‘বিষয়টি এখনো আমাদের জানানো হয়নি।’

টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি
টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড
ছবি : কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৭ জুন) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ভেলাতৈড় গ্রামের আব্দুর রহিমের ছেলে আবুল কালাম এবং কাঠালবাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে রাজু ইসলাম।

উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, উপজেলার কোষাবন্দর এলাকায় টাঙ্গন নদী থেকে একটি ট্রাক্টর-ট্রলিতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আবুল কালাম ও রাজু ইসলামকে আটক করা হয়। এ সময় বালুভর্তি ট্রলিটিও জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবীর বলেন, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বালুবোঝাই ট্রলিটি জব্দ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা
সংগৃহীত ছবি

সাভার পৌর ছাত্রদলের ১৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আরমান হোসেন বাবু, সাধারণ সম্পাদক হিসেবে মোশারফ হিমেল খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তাজ খান নাঈমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পর ছাত্রদলের নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী এবং বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি তরুণ ও সম্ভাবনাময় নেতাকর্মীদেরও সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে। 

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত হবে।

নবগঠিত পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান বলেন, নবগঠিত কমিটি সাভার পৌর এলাকায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করবে এবং ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।