• ই-পেপার

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ

মাদরাসা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ

অনলাইন ডেস্ক
মাদরাসা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ

মাদরাসা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। বর্তমানে তিনি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

রবিবার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন

অনলাইন ডেস্ক
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেনকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ দিয়েছে সরকার।

আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মেহেরপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ (সংশোধিত-২০২৫)’ এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেনকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগের শর্তাবলিতে বলা হয়েছে, উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে আগামী ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।

শর্তানুযায়ী, উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এদিকে একই দিনে আরেক প্রজ্ঞাপনে অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিনকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মূল পদে যোগদানের অনুমতি দেওয়ার কথা জানানো হয়। ২০২৪ সালের ২ ডিসেম্বর তাঁকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

সিমাগো ইনস্টিটিউশন র‍্যাংকিংয়ে ভেটেরিনারিতে দেশসেরা বাকৃবি

বাকৃবি প্রতিনিধি
সিমাগো ইনস্টিটিউশন র‍্যাংকিংয়ে ভেটেরিনারিতে দেশসেরা বাকৃবি
ছবি : কালের কণ্ঠ

স্পেনভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাঙ্কিংস-২০২৬ এ ভেটেরিনারি সায়েন্স ক্যাটাগরিতে দেশের শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। একই সঙ্গে এশিয়া অঞ্চলের ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে বাকৃবি ৯২তম স্থান অর্জন করেছে এবং বিশ্ব র‍্যাংকিংয়ে বাকৃবির অবস্থান ৪৩২তম।

রবিবার (৭ জুন) দুপুর ১২টায় অনুষদের ডিন কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান এ তথ্য জানান৷ 

সংবাদ সম্মেলনে ভেটেরিনারি অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেনসহ অনুষদের সকল বিভাগীয় প্রধান ও ভেটেরিনারি টিচিং হসপিটালের পরিচালক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন চলাকালীন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, ‘সিমাগো র‍্যাংকিং মূলত স্পেনভিত্তিক। তারা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, দেশ এবং গবেষণা প্রবন্ধের তালিকা প্রকাশ করে। এ বছর বিশ্বের ১০ হাজার ৮২৭টি প্রতিষ্ঠান তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫ হাজার ৪৯১। এর মধ্যে ভেটেরিনারি সায়েন্স ক্যাটাগরির অন্তর্ভুক্ত ১৩০৬ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯৭৮ টি তালিকাভুক্ত হয়েছে। সেখানে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম অবস্থানে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ। এশিয়া অঞ্চলের ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে বাকৃবির অবস্থান ৯২ তম এবং বিশ্বের ৯৭৮ টির মধ্যে আমাদের অবস্থান ৪৩২ তম।’

অধ্যাপক ড. মো. বাহানুর রহমান জানান, ভেটেরিনারি সায়েন্স ক্যাটাগরিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, যার বৈশ্বিক অবস্থান ৫৯৩তম। তৃতীয় স্থানে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১১০৪তম), চতুর্থ স্থানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (১১৬২তম) এবং পঞ্চম স্থানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (১২৮৫তম)।

জাতীয় এবং আন্তর্জাতিক এই অবস্থান ধরে রাখার ও উন্নয়নের প্রচেষ্টার বিষয়ে অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, ‘এই অর্জন পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার মাধ্যমে এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করব আমরা। সে লক্ষ্যেই অনুষদের সকল বিভাগের শিক্ষকদের নিয়ে ১৫ সদস্যের একটি র‍্যাংকিং সেল আমরা গঠন করেছি। এই সেলের কাজ ই হবে র‍্যাংকিং বিষয়ে যাবতীয় কাজের খেয়াল রাখা এবং সমন্বয় করা।’

মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রধান অধ্যাপক ড. কে এইচ. এম. নাজমুল হুসাইন নাজির বলেন, ‘ভেটেরিনারি সায়েন্স ক্যাটাগরিতে মূলত গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং সামাজিক প্রভাব-এই তিনটি বিষয় বিবেচনায় নেওয়া হয়। শুধু স্কোপাস ইনডেক্স জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধ এখানে বিবেচনায় নেওয়া হয়। এখানে আমাদের বড় একটি সীমাবদ্ধতা হলো প্রকাশনা বিষয়ক খরচ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম থেকে কিছু বাজেট দেওয়া হয়। তবে সেটি প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। গবেষণায় সরকারিভাবে আর্থিক বরাদ্দ একেবারেই নগণ্য। সরকারিভাবে বরাদ্দ বাড়ালে শিক্ষার্থীদেরকে স্নাতক পর্যায় থেকেই সক্রিয়ভাবে গবেষণায় যুক্ত করা যাবে। এতে করে বিশ্বব্যাপী আমাদের অবস্থান আরও এগিয়ে নেওয়া যাবে।’

আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতা

ইন্দোনেশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের প্লাটিনাম অ্যাওয়ার্ড ও গোল্ড মেডেল জয়

অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের প্লাটিনাম অ্যাওয়ার্ড ও গোল্ড মেডেল জয়

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশের ‘টিম ফ্যান্টম ফোর্জ’ প্লাটিনাম অ্যাওয়ার্ড ও গোল্ড মেডেল জিতেছে।

ইনোভেশন ও্যাল্ড কাপ (IWC) এবং ইন্টারন্যাশনাল ইনভেনশন অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন (I3C) শীর্ষক এই প্রতিযোগিতায় নর্দান ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নাঈমুর রহমান ও মো. নাঈম হোসেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। দলের সুপারভাইজার হিসেবে ছিলেন মাহাদি হাসান সৌরভ।

বিশ্বের ১৬টি দেশ থেকে ৪৫৮টি দল এবং ১ হাজার ৩০০-এর বেশি অংশগ্রহণকারী এই প্রতিযোগিতায় অংশ নেন। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩০টি প্লাটিনাম অ্যাওয়ার্ড, ৯৪টি গোল্ড মেডেল, ৮২টি সিলভার মেডেল এবং ৫৬টি ব্রোঞ্জ মেডেল দেওয়া হয়।