• ই-পেপার

সিমাগো ইনস্টিটিউশন র‍্যাংকিংয়ে ভেটেরিনারিতে দেশসেরা বাকৃবি

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন

অনলাইন ডেস্ক
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেনকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ দিয়েছে সরকার।

আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মেহেরপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ (সংশোধিত-২০২৫)’ এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেনকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগের শর্তাবলিতে বলা হয়েছে, উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে আগামী ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।

শর্তানুযায়ী, উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এদিকে একই দিনে আরেক প্রজ্ঞাপনে অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিনকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মূল পদে যোগদানের অনুমতি দেওয়ার কথা জানানো হয়। ২০২৪ সালের ২ ডিসেম্বর তাঁকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতা

ইন্দোনেশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের প্লাটিনাম অ্যাওয়ার্ড ও গোল্ড মেডেল জয়

অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের প্লাটিনাম অ্যাওয়ার্ড ও গোল্ড মেডেল জয়

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশের ‘টিম ফ্যান্টম ফোর্জ’ প্লাটিনাম অ্যাওয়ার্ড ও গোল্ড মেডেল জিতেছে।

ইনোভেশন ও্যাল্ড কাপ (IWC) এবং ইন্টারন্যাশনাল ইনভেনশন অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন (I3C) শীর্ষক এই প্রতিযোগিতায় নর্দান ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নাঈমুর রহমান ও মো. নাঈম হোসেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। দলের সুপারভাইজার হিসেবে ছিলেন মাহাদি হাসান সৌরভ।

বিশ্বের ১৬টি দেশ থেকে ৪৫৮টি দল এবং ১ হাজার ৩০০-এর বেশি অংশগ্রহণকারী এই প্রতিযোগিতায় অংশ নেন। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩০টি প্লাটিনাম অ্যাওয়ার্ড, ৯৪টি গোল্ড মেডেল, ৮২টি সিলভার মেডেল এবং ৫৬টি ব্রোঞ্জ মেডেল দেওয়া হয়।

মেয়াদ শেষের আগেই ১৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি : টিআইবি

অনলাইন ডেস্ক
মেয়াদ শেষের আগেই ১৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি : টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, বিএনপি সরকার গঠনের পর মেয়াদ শেষ হওয়ার আগেই ১৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তাদের অব্যাহতি দেওয়ার কোনো কারণ উল্লেখ করা হয়নি।

রবিবার (৭ জুন) বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন : সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।

টিআইবি বলছে, বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটি থাকলেও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ পদে থাকা একজনকে একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষা খাত নিয়ে টিআইবি পর্যবেক্ষণে জানায়, সহ-উপাচার্য, ট্রেজারার, ডিন ও প্রভোস্ট পদে রাজনৈতিক বিবেচনায় পরিবর্তন, সরকার গঠনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন, সংঘর্ষ ও সহিংসতা। উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে এবং পদোন্নতির ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ইত্যাদি ইস্যুতে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তারকে কেন্দ্র দুইটি ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে।

টিআইবি আরো জানায়, শিক্ষাখাতে সরকারের উদ্যোগের মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগে সার্চ কমিটির পুনর্গঠন, প্রতি বছর বিদ্যালয়ে পুনরায় ভর্তি ফি বাতিল, লটারির পরিবর্তে বিদ্যালয়ে পরীক্ষার মাধ্যমে ভর্তি, শিক্ষকদের প্রতিবন্ধী শিশুবিষয়ক প্রশিক্ষণ প্রদান এবং এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা প্রণয়ন হয়েছে।
 

প্রতিষ্ঠার পর প্রথমবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু

নওগাঁ প্রতিনিধি
প্রতিষ্ঠার পর প্রথমবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু

প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নওগাঁ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৮ জুন) থেকে বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিএসটি (GST) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় পছন্দক্রম ও মেধাক্রম অনুযায়ী এ, বি ও সি ইউনিটে বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি কার্যক্রম ৮ জুন দুপুর ১২টা থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে।

এছাড়া এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং ৫ হাজার টাকা প্রাথমিক ভর্তি ফি জমাদানের রশিদসহ একটি এ-৪ সাইজের খামে আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ, বি ও সি ইউনিটের শিক্ষার্থীদের ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের (তৃতীয় তলা) ৩১০ নম্বর কক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

আরো পড়ুন
রামিসা হত্যার রায় ৩ মাসের মধ্যে কার্যকর করা সম্ভব : আইনমন্ত্রী

রামিসা হত্যার রায় ৩ মাসের মধ্যে কার্যকর করা সম্ভব : আইনমন্ত্রী

 

কাগজপত্র জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর স্বাক্ষর ও সিলযুক্ত একনলেজমেন্ট স্লিপ বা জমাদানের রশিদ সংগ্রহ করতে হবে। পরবর্তীতে মূল নম্বরপত্র ফেরত নেওয়ার সময় এ রশিদ প্রদর্শন করতে হবে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি-সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করার জন্য বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি। ভর্তি কার্যক্রম শেষ হলে খুব দ্রুতই শ্রেণি কার্যক্রম শুরু করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই যাত্রা নিঃসন্দেহে জেলার ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল মাইলফলক।’

তিনি বলেন, ‘২০২৩ সালে প্রতিষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয় একসময় ছিল কেবল একটি স্বপ্নের নাম। নানা প্রতিকূলতা, অনিশ্চয়তা ও বিতর্ক পেরিয়ে বিশ্ববিদ্যালয়টি আজ বাস্তব রূপ পেয়েছে। এমন সময়ও এসেছে, যখন এর অস্তিত্ব প্রশ্নের মুখে পড়েছিল। তবে মানুষের আকাঙ্ক্ষা, শিক্ষানুরাগীদের দৃঢ়তা এবং সংশ্লিষ্টদের অবিচল প্রচেষ্টার কাছে সব প্রতিবন্ধকতা পরাজিত হয়েছে।’

উপাচার্য আরো বলেন, ‘নওগাঁ বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হয়ে থাকবে না; এটি হবে জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন, গবেষণা ও মানবিক মূল্যবোধ বিকাশের প্রাণকেন্দ্র। এখান থেকে গড়ে উঠবে দক্ষ প্রশাসক, বিচক্ষণ আইনজ্ঞ, সফল উদ্যোক্তা, গবেষক এবং মানবকল্যাণে নিবেদিত নাগরিক।’