বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শীতলক্ষ্যা নদীসহ দেশের সব নদ-নদীকে দূষণ, দখল ও ধ্বংসের হাত থেকে রক্ষার দাবিতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) বেলা সাড়ে ১১টায় পরিবেশবাদী সংগঠন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে ‘নদী শুধু জলধারা নয়, এটি আমাদের অস্তিত্ব’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, মাঝি-মাল্লা, স্থানীয় বাসিন্দা ও নদীপ্রেমীরা অংশ নেন। এ সময় বক্তারা শীতলক্ষ্যা নদীর বর্তমান করুণ অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নদী রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন, একসময় শীতলক্ষ্যা নদীর স্বচ্ছ জল, জীববৈচিত্র্য ও প্রাণবন্ত পরিবেশ এ অঞ্চলের মানুষের গর্ব ছিল। কিন্তু শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য, অবৈধ দখল এবং অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণে নদীটি ধীরে ধীরে তার প্রাণশক্তি হারাচ্ছে। দূষণের ফলে মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। পাশাপাশি নদীকেন্দ্রিক জীবিকার ওপর নির্ভরশীল হাজারো মানুষের জীবন-জীবিকাও সংকটে পড়েছে।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বলেন, নদীকে হত্যা করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। শীতলক্ষ্যা শুধু একটি নদী নয়, এটি এ অঞ্চলের মানুষের জীবন, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা চাই প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।
আরো পড়ুন
এখনো ট্রেনের ছাদে ঢাকা ফিরছেন মানুষ
সাংবাদিক আক্তার হাবিব বলেন, বিশ্ব পরিবেশ দিবস বছরে একদিন আসে, কিন্তু পরিবেশ রক্ষার দায়িত্ব প্রতিদিনের। যদি আমরা এখনই নদী রক্ষায় সোচ্চার না হই, তাহলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। তাদের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ রেখে যাওয়ার দায়িত্ব আমাদেরই।
মাই টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন বলেন, নদী দূষণ ও দখলের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। নদী রক্ষার আন্দোলনকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
প্রতিবাদ সভায় উপস্থিত মাঝিরা বলেন, নদীর নাব্যতা কমে যাওয়া এবং দূষণের কারণে তাদের জীবন-জীবিকা আগের মতো নেই। তারা শীতলক্ষ্যা নদী রক্ষায় দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
সভা থেকে বক্তারা শীতলক্ষ্যা নদীকে দূষণমুক্ত, দখলমুক্ত ও জীবন্ত নদী হিসেবে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান। একই সঙ্গে নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম আকন্দ, বিএনপি নেতা ফেরদৌস ওয়াহিদ সুমন, মুস্তাকুর রহমান, নুরে আলম, সংগঠনের মহাসচিব মীযানুর রহমান, রংপুর বিভাগীয় সমন্বয়ক আব্দুল কাদির, সোনারগাঁ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক আক্তার হাবিব, মাই টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাতা সদস্য মো. সুজন মিয়া এবং গোপালগঞ্জ জেলার আহ্বায়ক সোহাগ মিয়াসহ অন্যান্যরা।