• ই-পেপার

পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযান, আটক ৬

পীরগাছায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
পীরগাছায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

রংপুরের পীরগাছায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো সজিব মিয়ার ছেলে রাজীব মিয়া (৬) এবং শাহজাহান মিয়ার মেয়ে সেনাতুল আক্তার (৪)। তারা চাচাতো-জ্যাঠাতো ভাই-বোন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে দুই শিশু একসঙ্গে খেলতে বের হয়। দীর্ঘ সময় পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়।

আরো পড়ুন

নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে আপন ২ ভাইয়ের মৃত্যু

নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে আপন ২ ভাইয়ের মৃত্যু

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল শেষে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লোহাগড়ায় ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
লোহাগড়ায় ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
সংগৃহীত ছবি

নড়াইলের লোহাগড়ায় ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে মোল্যা গ্রুপ ও মুন্সি গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।  বৃহস্পতিবার রাত ১২ টার দিকে কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন–  মুন্সি গ্রুপের মিজানুর মুন্সি (৫২), ইজাজুল মুন্সি (৪০), আজিজুল মুন্সি (৪২), হানিফ সরদার (৩৫), খাজা সরকার (৬১), আজাদ সরদার, মোল্যা গ্রুপের রবিউল ইসলাম (৩৬), বাচ্চু মোল্যা (৫৩), রাফেজা বেগম (৫৩) ও সাইদুর সরদার (৩২)।

পুলিশ ও গ্রামবাসী  সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে মোল্যা গ্রুপ ও মুন্সি গ্রুপের মধ্যে বেশ কয়দিন ধরে বিরোধ চলে চলছিল। তার জেরে বৃহস্পতিবার  দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বাধে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায়  বলেন, ‘ওই এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

পরিবেশ দূষণ

ঈদের ৯ দিন পরও অপসারণ হয়নি চামড়া, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ঈদের ৯ দিন পরও অপসারণ হয়নি চামড়া, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
সংগৃহীত ছবি

আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণ ও দূষণমুক্ত পৃথিবী গড়ার আহ্বানের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দেখা গেছে এক ভিন্ন চিত্র। কোরবানির ঈদের ৯ দিন পরও উপজেলার বিভিন্ন সড়ক ও খালের পাশে পড়ে আছে অবিক্রীত পশুর চামড়া। পচে যাওয়া এসব চামড়া থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, দূষিত হচ্ছে খালের পানি এবং অস্বাস্থ্যকর হয়ে উঠছে আশপাশের পরিবেশ। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।

শুক্রবার (৫ জুন) সরেজমিনে বাঞ্ছারামপুর-নবীনগর-ঢাকা-মুরাদনগর আঞ্চলিক সড়কের রূপসদী থেকে ফতেপুর সড়কের পাড়াতলী, ছয়ফুল্লাকান্দি ও রূপসদীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ ও অপসারণ না করায় সেগুলো রাস্তার ধারের খাল ও ডোবায় ফেলে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার পর অবিক্রীত শত শত পশুর চামড়া অসাধু ব্যক্তিরা খাল ও রাস্তার পাশের নিচু স্থানে ফেলে দেয়। প্রচণ্ড গরমে চামড়াগুলো দ্রুত পচে গিয়ে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। পাশাপাশি এসব বর্জ্য থেকে মাছি ও পোকামাকড়ের উপদ্রবও বেড়েছে।

এলাকাবাসী সফিকুল ইসলাম বলেন, “এদিক দিয়ে অনেক এলাকার মানুষ যাতায়াত করে। ঈদের পর থেকে এতদিন ধরে চামড়া পড়ে আছে। এগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। খালের পাশের সড়ক দিয়ে চলাচল করাও কষ্টকর হয়ে পড়েছে। এমনকি ঘরেও দুর্গন্ধে থাকা যাচ্ছে না।”

স্থানীয় ইউপি সদস্য মো. নিজাম উদ্দিন বলেন, “রাস্তার পাশের খালে চামড়া ফেলে রাখার কারণে অসহনীয় দুর্গন্ধ ছড়াচ্ছে। কারা এগুলো ফেলেছে তা আমরা জানি না। দ্রুত অপসারণ না করা হলে রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।”

দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুদকের সহযোগী সংগঠন) বাঞ্ছারামপুর শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রিপন বলেন, “পচে যাওয়া চামড়ার কারণে খালের পানিও দূষিত হচ্ছে। এতে দেশীয় মাছের ক্ষতি হচ্ছে এবং স্থানীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। প্রশাসনের এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।”

এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, “চামড়া পচে দুর্গন্ধ ছড়ানোর বিষয়টি আমি গতকাল জেনেছি। রাস্তার পাশে খালে ফেলে রাখা পচা চামড়া দ্রুত অপসারণে খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্ব পরিবেশ দিবসে স্থানীয়দের দাবি, পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে দ্রুত এসব বর্জ্য অপসারণ এবং ভবিষ্যতে কোরবানির পশুর চামড়া ও অন্যান্য বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক। এতে একদিকে যেমন পরিবেশ রক্ষা পাবে, অন্যদিকে জনদুর্ভোগও কমবে।

বাস দুর্ঘটনায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
বাস দুর্ঘটনায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা রায়পুরে একটি যাত্রীবাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে শিশু-নারীসহ ৮ যাত্রী আহত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ১১টায় বাস এ দুর্ঘটনা ঘটে। 

এদিকে বাস দুর্ঘটনায় দাউদকান্দি উপজেলার আমিরাবাদ থেকে চান্দিনা উপজেলার গোমতা হাইস্কুল পর্যন্ত মহাসড়কের দীর্ঘ ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের রায়পুর বাসস্ট্যান্ডের পূর্ব দিকে চট্টগ্রামগামী একুশে পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝপথে উল্টো যায়। দাউদকান্দি ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ খবর পেয়ে আহত যাত্রীদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। মারাত্মকভাবে আহত দুই যাত্রীকে ঢাকায় পাঠানো হয়। বাসটি সড়কের মাঝপথে উল্টে যাওয়ায় সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে দাউদকান্দি হাইওয়ে পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত বাসটিকে সরিয়ে নিলে ধীর ধীরে যানবাহন চলাচল শুরু করে।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, মহাসড়কে দাউদকান্দির রায়পুর বাসস্ট্যান্ডের পূর্ব পাশে একুশে পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝপথে উল্টো যায়। বাসটি উদ্ধার করতে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনা কবলিত বাসটিকে সরিয়ে নিলে যানবাহনে চলাচল স্বাভাবিক হয়ে আসছে। তবে ঈদের ছুটির পর যাত্রীরা কর্মস্থলে যাচ্ছে এ কারণে সড়কে অতিরিক্ত গাড়ির চাপ রয়েছে।