ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে—জুলাই গণ-অভ্যুত্থানে আহত প্রতিটি যোদ্ধা এবং শহীদ পরিবারের পাশে দলকে থাকতে হবে। ‘আমরা বিএনপি পরিবার’ সেই দায়িত্ব পালন করছি। কেরানীগঞ্জের আহত জুলাইযোদ্ধা মো. সুজনের সুচিকিৎসা ও তার পরিবারের পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা করা হবে। প্রয়োজন হলে বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপন করা হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের মদিনা নগর এলাকায় চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা মো. সুজনের বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলের পক্ষ থেকে খোঁজ-খবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নিপুন রায় চৌধুরী বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদ বিরোধী জনতার বিজয়। সুজনের মতো সাহসী যোদ্ধাদের আত্মত্যাগের কারণেই আজ দেশে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ সৃষ্টি হয়েছে। তাদের এই আত্মত্যাগের ঋণ জাতি কোনোদিন শোধ করতে পারবে না।’
তিনি আরো বলেন, ‘কেরানীগঞ্জ গণতন্ত্রের আন্দোলনের সূতিকাগার। এখানকার কোনো জুলাইযোদ্ধাকে আমরা ভুলে যাইনি, ভবিষ্যতেও ভুলব না। দল-মত নির্বিশেষে সবাইকে তাদের সম্মান জানাতে এবং পাশে দাঁড়াতে হবে।’
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় আয়োজিত এ মানবিক সফরে প্রতিনিধি দলে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
এসময় কেরানীগঞ্জ উপজেলা (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, পাভেল মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের সদস্যরা আহত জুলাইযোদ্ধা সুজনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।




