• ই-পেপার

মোংলায় ওএমএসের চাল বিতরণে অনিয়ম, মামার জোরে দাপট দেখান ভাগ্নে

নামাজ পড়ে বের হতেই ব্যবসায়ীর ওপর হামলা, থানায় মামলা

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
নামাজ পড়ে বের হতেই ব্যবসায়ীর ওপর হামলা, থানায় মামলা
সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর নুর আলম শিপন (৪৮) নামের এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (১৮ জুলাই) টঙ্গী পূর্ব থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন কামরুজ্জামান মুন্না (৫৫), কায়েস (৩০), মাসুদ (৪৫), মাসুম (২০), কাইয়ুম (২৫), জোসনা (৪০), মুন্নি (৩৮), নোমান (৩৫), রাজু মাস্টার (৪৫) ও আজিজ (৫৫)।

মামলা সূত্রে জানা যায়, ব্যবসায়ী শিপন অভিযুক্ত কামরুজ্জামান মুন্নার মাধ্যমে স্থানীয় মধুমিতার তিনতলা মসজিদ এলাকার তুরাগ হাউজিং থেকে একটি ফ্ল্যাট কিনেন। পরে মুন্না ও তার সহযোগীরা মিলে ব্যবসায়ীকে ফ্ল্যাটটি বুঝিয়ে না দিয়ে টালবাহানা করতে থাকে। একপর্যায়ে ফ্ল্যাটটি বুঝিয়ে দিতে ব্যবসায়ী শিপনের কাছে অতিরিক্ত টাকা চাঁদা দাবি করে তারা। এ নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। 

এরই জের ধরে শুক্রবার ওই এলাকার তিন তলা মসজিদে জুমার নামাজ শেষে বের হতেই পূর্বপরিকল্পিতভাবে ব্যবসায়ী শিপনের ওপর লোহার রড ও এস এস পাইপ দিয়ে অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী। এ সময় তার কাছে নগদ টাকাও ছিনিয়ে নেন হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর আগে গত ১০ জুলাই অভিযুক্তরা ওই ব্যবসায়ীর ওপর হামলা চালায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান কালের কণ্ঠকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
 

খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা : মায়ের পর এবার বাবা গ্রেপ্তার

খুলনা অফিস
খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা : মায়ের পর এবার বাবা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

খুলনা মহানগরীর আলোচিত স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলায় নিহতের মায়ের পর এবার গ্রেপ্তার হয়েছেন বাবা ও মামলার প্রধান সন্দেহভাজন আলীম হোসেন আকাশ (৪০) ওরফে আলিম। র‌্যাব-৬ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব-৬-এর মিডিয়া সেল।

গ্রেপ্তার আলীম হোসেন আকাশ খুলনা সদর থানার মিস্ত্রিপাড়া খাল রোড এলাকার বাসিন্দা এবং মীর সোহরাব হোসেনের ছেলে।

র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে তাকে আটক করা হয়। নির্জনা হত্যা মামলার তদন্তে তিনি প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছেন। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত ৮ জুলাই রাতে আরফানা হোসেন নির্জনাকে হত্যা করে তার মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রথমে মরদেহটির পরিচয় শনাক্ত করা না গেলেও পরে তা নিশ্চিত হওয়া যায়।

এ ঘটনায় খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। তদন্তের এক পর্যায়ে নিহতের বাবা আলীম হোসেন আকাশকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়।

এর আগে মামলায় নিহতের মা সীমা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে মেয়ে হত্যার দায় স্বীকার করেন।

জবানবন্দিতে তিনি জানান, শাসন করতে গিয়ে নির্জনার মাথায় আঘাত লাগে। এতে সে মারা গেলে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে আসা হয়।

চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল
সংগৃহীত ছবি

চরফ্যাশন প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাতে সংগঠনটির হলরুমে দ্বিবার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটি আগামী ২৮ জুন ২০২৮ পর্যন্ত দায়িত্ব পালন করবে। 

কমিটিতে সভাপতি হিসেবে জুলফিকার মাহমুদ নিয়াজ এবং সাধারণ সম্পাদক হিসেবে কামাল গোলদার নির্বাচিত হয়েছেন। 

প্রেস ক্লাব সূত্রে জানা যায়, দ্বিবার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্রের ২৬ নম্বর ধারা অনুযায়ী নতুন কার্যকরী কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। নবনির্বাচিত নেতারা চরফ্যাশন সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য, অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। 

এর আগে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন সাংবাদিকদের আয়োজিত সাধারণ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

মহানন্দায় গোসলে নেমে নিখোঁজ, ২৫ ঘণ্টা পর মিলল কিশোরের মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মহানন্দায় গোসলে নেমে নিখোঁজ, ২৫ ঘণ্টা পর মিলল কিশোরের মরদেহ
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া হাসিব (১৩) নামের এক কিশোরের মরদেহ প্রায় ২৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর পিরানটুলি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা সেটি শনাক্ত করেন।

নিহত হাসিব সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ফিল্ডেরহাট চকটোলা গ্রামের আব্দুল বাশিরের ছেলে। সে মহারাজপুর আনন্দময় পাঠশালার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মহারাজাপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া মহানন্দা নদীর মিশনতলা ঘাটে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে হাসিব। একপর্যায়ে সে নদীর স্রোতে নিখোঁজ হয়ে যায়।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দলও অভিযানে অংশ নেয়। তবে নদীর তীব্র স্রোতের কারণে শুক্রবার মরদেহ উদ্ধার সম্ভব হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ বলেন, শুক্রবার বিকাল থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও প্রবল স্রোতের কারণে তারা মরদেহ উদ্ধার করতে পারেননি।

চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বরত নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ্র রায় বলেন, শনিবার নদীতে মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মোংলায় ওএমএসের চাল বিতরণে অনিয়ম, মামার জোরে দাপট দেখান ভাগ্নে | কালের কণ্ঠ