• ই-পেপার

খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা : মায়ের পর এবার বাবা গ্রেপ্তার

রাজাকাররা বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে : স্বাস্থ্যমন্ত্রী

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
রাজাকাররা বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে : স্বাস্থ্যমন্ত্রী
ছবি : কালের কণ্ঠ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘রাজাকাররা বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই আজকের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।’

শনিবার (১৮ জুলাই) বিকেলে নরসিংদীর মনোহরদীর গাংকুলকান্দী ভূইয়া বাজার মাঠ সংলগ্ন মাঠে নব দিগন্ত ক্লাব আয়োজিত মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘একাত্তরে একটি গুষ্টি আমাদের মা-বোনদের পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল। সেই রাজাকারদের রাজনৈতিকভাবে বর্জন করতে হবে। নয়তোবা এই বাংলাদেশ থাকবে না। তাদের এবং পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশটাকে স্বাধীন করেছি।’

নব দিগন্ত ক্লাবের চেয়ারম্যান ও নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ ও মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনসহ প্রমু।

অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীদের মেধা বৃত্তির ক্রেস্ট ও নগদ অর্থ তোলে দেন স্বাস্থ্য মন্ত্রী।

ট্রাকের ধাক্কায় উল্টে গেল সিএনজি, বিএনপি নেত্রী আহত

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
ট্রাকের ধাক্কায় উল্টে গেল সিএনজি, বিএনপি নেত্রী আহত
আহত সুফিয়া বেগম। সংগৃহীত ছবি

কুমিল্লার মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের গুঞ্জর এলাকায় কামাল চেয়ারম্যানের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দেবীদ্বার পৌর বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন ভুলু পাঠান জানান, দুর্ঘটনায় সুফিয়া বেগম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং হাসপাতালে নেওয়ার সময় তিনি অচেতন ছিলেন। সিটি স্ক্যানের প্রতিবেদন পাওয়ার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বিএনপি নেতা এআর আহমেদ জানান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার উপস্থিতিতে চান্দিনায় অনুষ্ঠিত বিএনপির একটি দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সুফিয়া বেগম। অনুষ্ঠান শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের গুঞ্জর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

প্রসঙ্গত, সুফিয়া বেগম সম্প্রতি ঘোষিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক। এ ছাড়া তিনি কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য এবং দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।

রংপুর-কাকিনা সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলাচল

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুর-কাকিনা সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলাচল
ছবি: কালের কণ্ঠ

টানা কয়েক দিনের ভারি বৃষ্টিতে রংপুর-কাকিনা আঞ্চলিক সড়কে ভয়াবহ ধস দেখা দিয়েছে। সড়কের অন্তত ৫০টি ছোট-বড় স্থানে পিচঢালা অংশের নিচের মাটি সরে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। এই সড়ক ব্যবহারকারী প্রায় ৫০ হাজার মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন। ইতিমধ্যে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে।

সরেজমিন দেখা যায়, দ্বিতীয় তিস্তা সেতুর উত্তর প্রান্ত থেকে মিলনবাজার পর্যন্ত বিভিন্ন স্থানে সড়কের নিচের মাটি ধসে গিয়ে বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও সড়কের এক পাশ ভেঙে নিচে নেমে গেছে, আবার কোথাও ইটের সলিং ও মাটি পাশের খাদে পড়ে রয়েছে। অনেক স্থানে পিচের স্তর ফাঁপা হয়ে ঝুলে থাকায় যেকোনো সময় আরো বড় অংশ ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দা রুবেল হোসেন বলেন, প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। কয়েক দিনের বৃষ্টিতে রাস্তার নিচের মাটি সরে গিয়ে বড় বড় গর্ত হয়েছে। গত বুধবার একটি মোটরসাইকেল গর্তে পড়ে চালকের পা ভেঙে যায়। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পথচারী আব্দুল বারী বলেন, রাস্তাটির অবস্থা খুবই ভয়াবহ। বৃষ্টির সময় গর্ত দেখা যায় না। বিশেষ করে রাতে চলাচল করতে খুব ভয় লাগে। দ্রুত সংস্কার না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, এটি রংপুর ও লালমনিরহাট অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষ এই পথে চলাচল করেন। দ্রুত সংস্কার না হলে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে জানতে উপজেলা প্রকৌশলী জয়া স্যানালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জেসমিন আক্তার বলেন, সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের জন্য এলজিইডিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। জনদুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরুর অনুরোধ জানানো হয়েছে।

মেঘনায় গোসলে নেমে নিখোঁজ কিশোর

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ কিশোর
নিখোঁজ দীপু সরকারের উদ্ধারে অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। ছবি : কালের কণ্ঠ

নরসিংদীর রায়পুরায় মামাবাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে গোসল করতে নেমে দীপু সরকার (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাইরমারা ইউনিয়নের মনিপুরা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ দীপু সরকার উপজেলার চান্দেকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার হান্নান সরকারের ছেলে এবং স্থানীয় আলহেরা আইডিয়াল একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, দীপু তার মামাবাড়ি উপজেলার হাইরমারা ইউনিয়নের মামুদপুর গ্রামে বেড়াতে এসেছিল। শনিবার দুপুরে তিনজন সমবয়সী কিশোরের সঙ্গে মনিপুরা ঘাটে মেঘনা নদীতে গোসল ও সাঁতার কাটতে নামে সে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় দীপু। সঙ্গে থাকা অন্য কিশোররা বিষয়টি স্থানীয়দের জানালে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কিশোরগঞ্জের ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও দীপুর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে অভিযান সমাপ্ত ঘোষণা করে ডুবুরি দল ফিরে গেছে।

চান্দেরকান্দি এলাকার মাসুম রানা জানান, দীপু অন্য কিশোরদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমেছিল। এ সময় সে সাঁতরে একটি বাঁশের সাঁকো কাছে পৌঁছায়। সেখান থেকে পুনরায় সাঁতরে ঘাটে ফিরে আসার সময় স্রোতে তলিয়ে যায়। ডুবুরি অভিযান চালিয়ে দীপুর সন্ধান পাননি। আগামীকাল আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

হাইরমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বলেন, ‘মামাবাড়িতে বেড়াতে এসে অন্য ছেলেদের সঙ্গে মনিপুরা ঘাটে গোসল করতে নেমে দীপু নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি।’

এদিকে, গত দুই দিনে নরসিংদীর রায়পুরা উপজেলায় পানিতে ডুবে মোট ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় চার মাদরাসা শিক্ষার্থী এবং শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।

একের পর এক পানিতে ডুবে প্রাণহানির ঘটনায় উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।