টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সড়কের পাশের জঙ্গল থেকে জীবিত এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা মাদরাসার পূর্বপাশের জঙ্গল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বাসাইল-টাঙ্গাইল সড়কের পাশে জঙ্গল থেকে কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে যান। সেখানে একটি নবজাতক কন্যাশিশুকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন হাসপাতালে উপস্থিত হন। পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি।
শিশুটিকে উদ্ধারকারী স্থানীয় বাসিন্দা শারমিন বেগম বলেন, ‘প্রথমে রাস্তার পাশের জঙ্গল থেকে কান্নার শব্দ শুনতে পাই। পরে আমার ভাগ্নেকে ডাকি। আমরা গিয়ে নবজাতক কন্যাশিশুটিকে উদ্ধার করি। তখন তার পুরো শরীরে পিঁপড়া ছিল। পরে তাকে হাসপাতালে নিয়ে যাই।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘বিকেলে জঙ্গল থেকে নবজাতক কন্যাশিশুটিকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে উপজেলা সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে রয়েছে।’
তিনি আরো বলেন, ‘শিশুটির মাথায় আঘাতের চিহ্ন থাকায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হওয়ার পর প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’




