বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও নিম্নচাপের প্রভাব কাটিয়ে দীর্ঘ আট দিন পর সন্দ্বীপের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের নৌ চলাচল শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর কর্তৃক সতর্ক সংকেত প্রত্যাহার করার পর শনিবার (১১ জুলাই) দুপুর থেকে বিআইডব্লিউটিএর চট্টগ্রাম-সন্দ্বীপ রুটের ফেরি ও স্পিডবোট চলাচল শুরু হয়।
নৌযান চলাচল শুরু হওয়ায় গত এক সপ্তাহ ধরে আটকে থাকা হাজার হাজার যাত্রী এবং পণ্যবাহী যানবাহনের চালক ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এর আগে বৈরী আবহাওয়ার কারণে গত ৩ জুলাই থেকে সন্দ্বীপ চ্যানেলের কুমিরা-গুপ্তছড়া রুটে স্পিডবোট এবং বাঁশবাড়িয়া-গুপ্তছড়া রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে জরুরি রোগী, প্রবাসী যাত্রী, ব্যবসায়ী ও চাকুরিজীবীসহ সাধারণ মানুষ চরম বিপাকে পড়েন। বন্ধ হয়ে যায় দ্বীপে পণ্য সরবরাহ, যার ফলে স্থবির হয়ে পড়েছিল পুরো সন্দ্বীপের স্বাভাবিক জীবনযাত্রা।
ফেরি ও স্পিডবোট চালুর বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাঁশবাড়িয়া-গুপ্তছড়া রুটে চলাচলকারী ফেরি 'কপোতাক্ষ'-এর মাস্টার সাইফুল ইসলাম নিশ্চিত করে বলেন, সতর্ক সংকেত প্রত্যাহার করার পর ফেরি পারাপার শুরু হয়েছে।
কুমিরা স্পিডবোট সার্ভিস পরিচালনাকারী প্রতিষ্ঠান 'আদিল এন্টারপ্রাইজ' সূত্রে জানা গেছে, সতর্ক সংকেত প্রত্যাহার করায় এবং চ্যানেলের অবস্থা ভালো থাকায় দুপুর ২টা থেকে গুপ্তছড়া-কুমিরা রুটে স্পিডবোট চলাচল শুরু হয়েছে।




