টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার অভিযোগ উঠেছে রুবেল মিয়া নামের এক স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এভাবে বালু তুললেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
অভিযুক্ত রুবেল মিয়া মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন (পশ্চিম) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বানেজ মিয়ার ছেলে ও একই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।
স্থানীয় সূত্র জানায়, মির্জাপুর উপজেলার কলিমাজানি এলাকা থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তুলে বিক্রি করছেন রুবেল মিয়া। এতে ওই এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে।
এদিকে, অবৈধভাবে বালু তোলার কারণে নদীভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে পড়েছে নদীপারের বাসিন্দারা। নদীভাঙন ছাড়াও বালু তোলার কারণে নির্মীয়মাণ কলিমাজানি সেতুটি ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা তাদের। প্রভাবশালী হওয়ায় রুবেলের বিরুদ্ধে ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করার সাহসও পাচ্ছে না কেউ।
স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে ড্রেজার দিয়ে বালু তোলা হলেও অজ্ঞাত কারণে প্রশাসনকে নীরব ভূমিকা পালন করছে।
কলিমাজানি গ্রামের মেহেদী শিকদারের মেয়ে রোজিনা আক্তার বলেন, আমার ভাইয়ের বাড়ির উত্তরপাশ থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এতে আমার ভাইয়ের বাড়ি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, রুবেল মিয়ার নানার বাড়ি উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামে। ওই গ্রামের একাব্বর হোসেন টানা চারবার এমপি ছিলেন। তাদের প্রভাবে প্রতিবছর নদী থেকে ড্রেজার ও ভেকু দিয়ে মাটি কেটে লাখ লাখ টাকার কারবার করছেন রুবেল ও তার ভাই। এখনো একই অবস্থা চলছে তাদের।
কলিমাজানি গ্রামের রবিউল মিয়া জানান, তিনি তার বাড়ির পূর্ব ও দক্ষিণপাশে ভড়াট করেছেন। এতে ড্রেজার মালিককে প্রায় দুই লাখ টাকা দিতে হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত রুবেল মিয়া বলেন, ‘আমার ড্রেজার দিয়ে স্থানীয় বাসিন্দা ফরিদ মিয়া মাটি তুলছেন। মসজিদ নির্মাণ করা হবে বলে জমি ভরাট ও কবরস্থানের জায়গা ভরাট করা হবে।’ কলিমাজানি গ্রামের রবিউল ও জসিমের বাড়ি বালু দিয়ে কে ভরাট করেছে- জানতে চাইলে তিনি বলেন ‘আমরাই করেছি’। একপর্যায়ে রুবেল বলেন, ‘ভাই, আমরা নিজেরাই তো। কী দরকার আছে, কিছু লিখবেন না’।
মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রেজা বলেন, ‘কলিমাজানি এলাকার লৌহজং নদীতে ড্রেজার দিয়ে বালু তোলার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’