• ই-পেপার

‘খালেদার জিয়ার মুক্তি এখন জনগণের দাবি’

কুপির তেল ফুরোলেই স্টেশনে, ল্যাম্পপোস্টের নিচে পড়াশোনা

নীলফামারী সংবাদদাতা
কুপির তেল ফুরোলেই স্টেশনে, ল্যাম্পপোস্টের নিচে পড়াশোনা
নীলফামারী রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে ল্যাম্পপোস্টের আলোয় রাতের বেলায় একা পড়াশোনা করছে শিশু নীরব। সম্প্রতি তোলা। -কালের কণ্ঠ

রেল স্টেশনের পাশে ছোট্ট ঘর। সেখানে নেই বিদ্যুতের আলো। সন্ধ্যার পর কেরোসিনে জ্বলে একটি কুপি। তার আলোয় চলে নীরবের পড়াশুনা। কিন্তু কেরোসিন কিনতেও তো পয়সা লাগে। অভাবের সংসারে তাই বেশিক্ষণ জ্বালতে কুপিটি। তখন বই-খাতা নিয়ে সাত বছর বয়সী শিশুটি দৌড়ে চলে যায় স্টেশনে। সেখানে ল্যাম্পপোস্টের আলোয় খানিকটা রাত পর্যন্ত চলে লেখাপড়া।

নীলফামারী রেলওয়ে স্টেশনের পাশে ছোট্ট ঘরে বিদ্যুৎহীন ঘরে ছেলে নীরবকে নিয়ে বসবাস রূপসানা বেগমের। তার দুই সন্তানের মধ্যে নীরব ছোট। ১৬ বছর বয়সী বড় ছেলে রিফাত রাজমিস্ত্রির কাজ করেন। সেই রোজগারে কোনোমতে চলে সংসারটি। কিন্তু চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠলেও নীরব লেখাপড় শিখতে চায়। তাই ঘরে কুপির তেল ফুরিয়ে গেলে বই-খাতা হাতে ছুটে যায় স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে। কেননা, সেখানে প্লাটফর্মজুড়ে বিদ্যুতের আলো। 

রূপসানা বেগম জানান, নীরবের বয়স যখন মাত্র ১৬ মাস, তখনই তার  বাবা অন্য এক মেয়েকে বিয়ে করে তাদের ছেড়ে যান। এরপর থেকেই মায়ের সংগ্রাম আর অভাবের মধ্যেই বড় হচ্ছে নীরব। তার বড় ভাই রিফাত ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করে যা আয় করেন, তা দিয়েই কোনোমতে চলে সংসার।

ডায়াবেটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ায় তেমন কাজ করতে পারেন না রূপসানা। তিন বেলা খাবার জোগাড় করাই যেখানে কঠিন, সেখানে ছেলের লেখাপড়ার খরচ চালানো কঠিন। তবু স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করছে নীরব। ছেলেকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন থাকলেও আর্থিক অবস্থা সেই স্বপ্নকে কঠিন বাস্তবতার মুখে দাঁড় করাচ্ছে।

রূপসানা বেগম বলেন, ‘আমার ছেলেটাকে নিয়ে অনেক স্বপ্ন। কিন্তু তাকে ঠিকমতো পড়ানোর মতো আর্থিক সামর্থ্য আমার নেই। মানুষের সহযোগিতায় তাকে পড়াচ্ছি।’ তিনি বলেন, ‘সে আর্মি অফিসার হতে চায়, তাই আমিও চেষ্টা করছি। সে আর্মি হোক বা অন্য কিছু করুক, জীবনে যেন প্রতিষ্ঠিত হয়, এটাই আমার স্বপ্ন।’ 

রূপসানা আরো বলেন, ‘আমি অসুস্থ, ঠিকমতো কাজ করতে পারি না। মাদরাসার শিক্ষকও বলেন, ছেলেটা খুব মেধাবী। বড় ছেলে যা আয় করে, তা দিয়েই কোনোমতে সংসার চলে।’

স্থানীয়দের বিশ্বাস, সময়মতো সহযোগিতা পেলে নীরবের মতো মেধাবী শিশুর ভবিষ্যৎ বদলে যাবে।

সাঈদ রানা নামের এক বাসিন্দা বলেন, ‘আমরা রাতে এখানে ক্রিকেট খেলি। প্রায় প্রতিদিনই দেখি নীরব ল্যাম্পপোস্টের নিচে বসে বই পড়ছে। আমরা খেলাধুলা করি, কিন্তু এতে তার কোনো আগ্রহ নেই। সে শুধু পড়াশোনায়ই মনোযোগী।’

আরেক বাসিন্দা পিয়াল হোসেন আপেল বলেন, ‘নীরব খুব মেধাবী একটি ছেলে। পরিবারটি অত্যন্ত অসহায়। তার মা একাই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। সমাজের বিত্তবানরা যদি তার পাশে দাঁড়ান, তাহলে ছেলেটি একদিন অনেক দূর যেতে পারবে।’

নীরবের ভাষ্য, ‘আমার মা আমার জন্য অনেক কষ্ট করে। আমি বড় হয়ে আর্মি অফিসার হতে চাই। মায়ের কষ্ট দূর করতে চাই।’

নীলফামারী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিঠুন রায় বলেন, ‘প্রতিদিন সন্ধ্যায় ছেলেটিকে স্টেশনের আলোয় বসে পড়তে দেখি। বিষয়টি আমাকে গভীরভাবে স্পর্শ করে। পারিবারিক সংকট না থাকলে নিশ্চয়ই তাকে এখানে এসে পড়তে হতো না। তার শেখার আগ্রহ অসাধারণ। আমরা সবাই যদি তার পাশে দাঁড়াই, তাহলে সে অবশ্যই ভালো কিছু করতে পারবে।’

ছোট ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ বোনের, প্রাণ গেল দুজনেরই

ময়মনসিংহ প্রতিনিধি
ছোট ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ বোনের, প্রাণ গেল দুজনেরই
সংগৃহীত ছবি

ময়মনসিংহের নান্দাইলে ছোট ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়েছিল সাত বছর বয়সী এক শিশু। এ ঘটনায় পানিতে ডুবে দুই ভাই-বোনেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার চরলক্ষ্মীদিয়া বালুচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের শমশের আলীর মেয়ে শরীফা খাতুন (৭) ও ছেলে মাহমুদুল হাসান (৫)।

পারিবারিক সূত্র জানায়, বাবার বেগুনক্ষেত দেখে বাড়িতে ফেরার পথে অসাবধানতাবশত পাশের একটি পুকুরে পড়ে যায় মাহমুদুল। বিষয়টি দেখে তাকে উদ্ধার করতে বড় বোন শরীফা পুকুরে ঝাঁপ দেয়। তবে সাঁতার না জানায় দুজনই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অন্য শিশুদের কাছ থেকে খবর পেয়ে পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। তবে এর আগেই প্রাণ হারান ওই দুজন।

এদিকে দুই সন্তানকে হারিয়ে মা মঞ্জিলা বেগমের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নান্দাইল মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

জামালপুর

হঠাৎ বিকল ট্রেনের ইঞ্জিন, আড়াই ঘণ্টা পর চালু তিস্তা এক্সপ্রেস

জামালপুর প্রতিনিধি
হঠাৎ বিকল ট্রেনের ইঞ্জিন, আড়াই ঘণ্টা পর চালু তিস্তা এক্সপ্রেস
সংগৃহীত ছবি

জামালপুর থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ২ ঘণ্টা ১৭ মিনিট‌ আটকা পড়েছিল। পরে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে সংযুক্ত করে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টা ৫ মিনিটে জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটি প্রবেশের পরে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। 

রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেনের যাত্রীরা ওঠানামা শেষে ট্রেনটি স্টেশন ত্যাগের প্রস্তুতি নিলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে স্টেশনেই আটকে পড়ে। পরে ময়মনসিংহ থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে তিস্তা এক্সপ্রেসের সঙ্গে সংযুক্ত করা হয়। এরপর সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পরেই তিস্তা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি ২ ঘণ্টা ১৭ মিনিট স্টেশনে আটকা ছিল। পরে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে সংযুক্ত করা হলে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করে।
 

কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিলেন যুবক, এলাকায় আতঙ্ক

আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম
কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিলেন যুবক, এলাকায় আতঙ্ক
ছবি : কালের কণ্ঠ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক যুবকের বিরুদ্ধে নিজ ঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। আগুন দেওয়ার পর দেশীয় অস্ত্র হাতে ঘরের সামনে অবস্থান নিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখানোর ঘটনায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার বলদিটারি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শামীম মৃত আনোয়ার (বিডিআর)-এর ছেলে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

স্থানীয় বাসিন্দারা জানায়, শামীম নিজেই তার বসতঘরে আগুন ধরিয়ে দেন। এরপর দেশীয় অস্ত্র, ছুরি ও শাবল হাতে ঘরের সামনে অবস্থান নেন। তাকে আটকাতে বা আগুন নেভাতে এগিয়ে এলে প্রাণনাশের হুমকি দেন। এতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। এমনকি তার স্ত্রী, মা ও বোনও ভয়ে তার কাছে যেতে পারেননি।

খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ঘরের প্রায় সব আসবাব ও মালামাল পুড়ে যায়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, ‘মাদকাসক্ত এক যুবক নিজ বাড়িতে আগুন লাগিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

‘খালেদার জিয়ার মুক্তি এখন জনগণের দাবি’ | কালের কণ্ঠ