সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় আলোচিত প্রভাষক ডা. রায়হান শরীফকে অস্ত্র আইনের দুটি ধারায় ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৮ মে) দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও জেলা দায়রা জজ ইকবাল হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার।
দণ্ডপ্রাপ্ত ডা. রায়হান শরীফ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন। তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রাজ্জাকের ছেলে এবং শহরের দত্তবাড়ি মহল্লার বাসিন্দা। ঘটনার পর তদন্ত শেষে স্বাস্থ্য বিভাগ তাকে বরখাস্ত করে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৪ মার্চ মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক ভবনের চতুর্থ তলায় পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের জন্য আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে দায়িত্ব পালন করছিলেন ডা. রায়হান শরীফ। একপর্যায়ে তার ব্যাগ থেকে একটি পিস্তল বের করে শিক্ষার্থী আরাফাত আমিন তমালের পায়ে গুলি করেন।
ভুক্তভোগী আরাফাত আমিন তমাল (২২) বগুড়ার ধুনট উপজেলার ধামাচাপা গ্রামের আব্দুল্লাহ আল আমিনের ছেলে।
ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত প্রভাষককে ক্লাসরুমে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, বিদেশি ছোরা ও চাকুসহ তাকে আটক করে।
এ ঘটনায় সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াদুদ আলী এবং আহত শিক্ষার্থীর বাবা পৃথক দুটি মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে পুলিশের দায়ের করা অস্ত্র মামলায় আদালত ডা. রায়হান শরীফকে দোষী সাব্যস্ত করে ২১ বছরের কারাদণ্ড প্রদান করেন।
আদালত জানান, আসামির হাজতবাসের সময় সাজাভোগের সঙ্গে সমন্বয় করা হবে। তবে আহত শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলাটি এখনো বিচারাধীন রয়েছে।





