• ই-পেপার

নোয়াখালীর মাইজদীতে মীনা বাজারের নতুন আউটলেট উদ্বোধন

বিআইএইচএর সভাপতি হলেন নাসের, সহসভাপতি ওয়ালিদ

অনলাইন ডেস্ক
বিআইএইচএর সভাপতি হলেন নাসের, সহসভাপতি ওয়ালিদ

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিআইএইচএ) ২০২৬-২০২৮ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য নাসের রহমান এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন আহমেদ ইউসুফ ওয়ালিদ।

শনিবার (২৫ জুলাই) প্রকাশিত নির্বাচন বোর্ডের এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচিতব্য পদের সংখ্যার সমান হওয়ায় নির্বাচন বোর্ড তাদেরসহ মোট সাতজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

দুসাই হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসের রহমান সভাপতি এবং গেটওয়ে হসপিটালিটি অ্যান্ড রিয়েলটি ম্যানেজমেন্ট লিমিটেডের (দ্য ওয়ে ঢাকা) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ সহসভাপতি নির্বাচিত হন।

ট্রেড অর্গানাইজেশনস রুলস ২০২৫-এর ২৪(১) বিধি অনুযায়ী নির্বাচন বোর্ড এ ঘোষণা দেয়। এছাড়া ২০২৬-২০২৮ মেয়াদের জন্য অ্যাসোসিয়েশনের পরিচালক হিসেবে আতিথেয়তা খাতের আরো পাঁচজন উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন।

তারা হলেন- ম্যাপল লিফ হোটেলস অ্যান্ড রিসোর্ট লিমিটেডের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মো. শওকত হোসেন, দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের (গ্রিন প্ল্যানেট) ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান, ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের পরিচালক আহমেদ হোসাইন, কোয়ালিটি হসপিটালিটি লিমিটেডের (কিউ হোটেল ঢাকা) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আহমেদ এবং গ্রেস কক্স হোটেল অ্যান্ড রিসোর্টস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাহমুদ।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এবং নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শরীফ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন তিন সদস্যের নির্বাচন বোর্ড আনুষ্ঠানিকভাবে এ ফলাফল অনুমোদন করে। নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপনিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম এবং সিনিয়র সহকারী সচিব মো. মেহেদী হাসান।

উল্লেখ্য, বাংলাদেশের হোটেল ও আতিথেয়তা শিল্পের অংশীজনদের প্রতিনিধিত্বকারী সংগঠন বিআইএইচএ সেবার মানোন্নয়ন, পর্যটন ও হসপিটালিটি খাতের উন্নয়ন এবং সংশ্লিষ্ট শিল্পের স্বার্থ সংরক্ষণে কাজ করে।

চলতি বছরের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের ৫ হাজার কোটি টাকার কাসা ডিপোজিট প্রবৃদ্ধি

অনলাইন ডেস্ক
চলতি বছরের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের ৫ হাজার কোটি টাকার কাসা ডিপোজিট প্রবৃদ্ধি
সংগৃহীত ছবি

২০২৬ সালের প্রথম ছয় মাসে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট (CASA) ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার লক্ষণীয় প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এই অর্জন ব্যাংকটির প্রতি গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থা এবং ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সক্ষমতার প্রতিফলন।

সাম্প্রতিক বছরগুলোতে ডিপোজিট প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি বজায় রেখেছে ব্র্যাক ব্যাংক। এরই ধারাবাহিকতায় অর্জিত অর্জিত হয়েছে এই মাইলফলকটি। রিলেশনশিপ-বেসড ব্যাংকিং এবং গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে টেকসইতা বজায় রেখেছে ব্যাংকটি। ব্যাংকের এই উল্লেখযোগ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক।

এই সাফল্য উদ্‌যাপনে এক অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন এবং রিজিওনাল হেড ও ব্রাঞ্চ ম্যানেজাররাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমাদের এই অর্জনের পেছনে রয়েছে ব্র্যাক ব্যাংকের প্রতি গ্রাহকদের অবিচল আস্থা এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের নিবেদিত প্রচেষ্টা।’

তিনি আরো বলেন, ‘বছরের পর বছর ধরে গ্রাহকের সঙ্গে ব্র্যাক ব্যাংকের যে সম্পর্ক গড়ে উঠেছে, এই অর্জন তার-ই প্রতিফলন। গ্রাহকদের উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে এই ব্যাংকিং সম্পর্ককে আরো সুদৃঢ় করার পাশাপাশি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

আন্তর্জাতিক মানের শিক্ষক তৈরির কৌশল নিয়ে আইএসইউতে বিশেষ সেমিনার

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক মানের শিক্ষক তৈরির কৌশল নিয়ে আইএসইউতে বিশেষ সেমিনার
সংগৃহীত ছবি

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, গবেষণা এবং আন্তর্জাতিক একাডেমিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে আয়োজিত এ সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমেদ মুসতাফা।

সেমিনারে ড. আহমেদ মুসতাফা তাঁর দীর্ঘ একাডেমিক ও পেশাগত জীবনের অভিজ্ঞতার আলোকে গবেষণার প্রসার, উদ্ভাবনী শিক্ষাদান পদ্ধতি এবং কার্যকর একাডেমিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে চাইলে প্রথমে বিশ্বমানের শিক্ষক তৈরি করতে হবে। আর সে জন্য গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক একাডেমিক সংযোগের কোনো বিকল্প নেই। সেমিনারে তিনি ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে উপস্থিত শিক্ষকদের আত্ম উন্নয়ন ও নিরবচ্ছিন্ন শেখার প্রতি গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চমানের পিএইচডি স্কলারশিপ ও গবেষণা তহবিল অর্জনের বিভিন্ন কৌশল তুলে ধরেন। তিনি গবেষণার অভিজ্ঞতা, আন্তর্জাতিক মানের গবেষণাপত্র প্রকাশ, শক্তিশালী গবেষণা প্রস্তাব প্রস্তুত এবং সম্ভাব্য সুপারভাইজারের সঙ্গে কার্যকর ও পেশাদার যোগাযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক বলেন, শিক্ষকদের দক্ষতা উন্নয়নই শিক্ষার গুণগত মান নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত। তাই শিক্ষকদের জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়, গবেষণাভিত্তিক শিক্ষা এবং পেশাগত দক্ষতা উন্নয়নে আইকিউএসি ভবিষ্যতেও এ ধরনের মানোন্নয়নমূলক কার্যক্রম নিয়মিত আয়োজন করবে।

সেমিনারের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী শিক্ষকরা উচ্চশিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা, অ্যাকাডেমিক নেতৃত্ব এবং পেশাগত উন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। প্রধান বক্তা বাস্তব অভিজ্ঞতার আলোকে তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং মূল্যবান পরামর্শ প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এইচটিএম কাদের নেওয়াজ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাসেম, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, বিভিন্ন বিভাগের চেয়ারপার্সনসহ শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ। অংশগ্রহণকারী শিক্ষকরা সেমিনারটিকে পেশাগত উন্নয়ন ও অ্যাকাডেমিক উৎকর্ষ অর্জনে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে-২০২৬ উদযাপন

অনলাইন ডেস্ক
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে-২০২৬ উদযাপন
সংগৃহীত ছবি

সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং রাইটার্স ওয়েব বাংলাদেশের যৌথ উদ্যোগে ২৩ জুলাই, বৃহস্পতিবার, বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে ‘ওয়ার্ল্ড পোয়েট্রি ডে-২০২৬’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আহমেদ আজম খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান জনাব রেজাউল করিম। ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী জনাব আহমেদ আজম খান যুব সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের মর্যাদা যাতে ভূলুণ্ঠিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির সার্বিক শিক্ষা পরিবেশের প্রশংসা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন; স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল হক; স্কুল অব ল এর ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, রাইটার্স ওয়েব বাংলাদেশ-এর সভাপতি জনাব আব্বাস ফারুক; রাইটার্স ওয়েব বাংলাদেশ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. গৌরাঙ্গ মোহান্তো এবং সাধারণ সম্পাদক তালুকদার লাভলী প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রথিতযশা কবি ও সাহিত্যিকদের পাশাপাশি এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়া মহাদেশের প্রায় ১৫টি দেশের খ্যাতিমান কবি ও সাহিত্যিক ও গবেষকরা সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন।

এ অনুষ্ঠানে কবিতা ও প্রবন্ধ ক্যাটাগরিতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী এ আয়োজনে অংশগ্রহণ করেন।

বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে কবিতা পাঠ, সাহিত্যবিষয়ক আলোচনা এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ের মাধ্যমে কবিতার সার্বজনীন আবেদন ও সাংস্কৃতিক ঐক্যের বার্তা তুলে ধরা হয়।