চীনের শেনঝেন অনুষ্ঠিত ৯ম আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড (আইইও) ২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। এবারের আসরে বিশ্বের ৫৭টি দেশের শিক্ষার্থীরা অংশ নেন। তারা অর্থনীতি, অর্থব্যবস্থা (ফাইন্যান্স) এবং ব্যবসায়িক কেস প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা প্রদর্শন করেন। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের সাফল্য দেশের জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডের বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করেছেন। জাতীয় দলের সাফল্যে নেতৃত্ব দিয়ে ফারাবিদ বিন ফয়সাল ব্রোঞ্জ পদক জিতেছেন। আর জাইফ বিন মোর্শেদ প্রথমবারের মতো আয়োজিত ‘আইইও ইয়ুথ টক’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে গ্লোবাল চ্যাম্পিয়ন হয়েছেন। যোগাযোগ দক্ষতা, সমালোচনামূলক চিন্তাশক্তি ও নেতৃত্বগুণের ভিত্তিতে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার এ অর্জন বিশেষভাবে উল্লেখযোগ্য।
পাশাপাশি অর্থনীতি শিক্ষায় ধারাবাহিক অবদান, আন্তর্জাতিক অংশগ্রহণ এবং নিয়মিত সাফল্যের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড (আইইও) বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডকে (বিডিও) ‘স্পেশাল ইন্টারন্যাশনাল রিকগনিশন অ্যাওয়ার্ড’ প্রদান করেছে।
বাংলাদেশ দলে ছিলেন মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের (ধানমন্ডি শাখার ফারাবীদ বিন ফয়সাল), মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (গুলশান শাখা) জায়েফ বিন মোর্শেদ ও ফারিহা তাসনিম, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের (ধানমন্ডি শাখা) প্রান্ত ঘোষ এবং ফায়াদ সালেহীন আহমেদ।
দেশব্যাপী ৪৮ হাজারের বেশি নিবন্ধিত শিক্ষার্থীর অংশগ্রহণে একটি প্রক্রিয়ার মাধ্যমে দলটি নির্বাচিত হয়। এরপর আঞ্চলিক পর্যায়, জাতীয় পর্যায়, একটি জাতীয় প্রশিক্ষণ শিবির এবং অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও ব্যবসায়িক নেতাদের তত্ত্বাবধানে কয়েক মাসব্যাপী উন্নত প্রস্তুতি গ্রহণ করা হয়।
আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডের নির্বাহী বোর্ড সদস্য এবং বিডিও-এর নির্বাহী কমিটির সভাপতি মো. আল-আমিন পারভেজের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলটি গঠিত হয়। বিডিও-এর সচিব রফিড আবরার উপদলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। বিডিওর অ্যাম্বাসেডর মো. মনসোরুল হক ও মো. আল-আমিন পারভেজ আন্তর্জাতিক বিজনেস কেস প্রতিযোগিতার জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ব্র্যাকের চেয়ারপার্সন এবং পিপিআরসি-এর নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড (বিডিও) দেশের অর্থনীতি ও আর্থিক সাক্ষরতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড ২০২৬-এর উপস্থাপক ছিল পূবালী ব্যাংক পিএলসি ও ব্র্যাক ব্যাংক। আর প্রতিযোগিতাটি পরিচালনায় ছিল সিটি ব্যাংক।
দলের সাফল্যে অভিনন্দন জানিয়ে হোসেন জিল্লুর রহমান বলেন, আইইও ২০২৬-এ এই অর্জন বাংলাদেশের তরুণদের মেধা ও সম্ভাবনার প্রমাণ। তিনি বলেন, মানসম্মত অর্থনীতি শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের অর্থনীতিবিদ, নীতিনির্ধারক, উদ্যোক্তা ও ব্যবসায়িক নেতা গড়ে তুলতে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড (বিডিও) কাজ করে যাচ্ছে। তার মতে, এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে অর্থনীতি শিক্ষায় বাংলাদেশের অবস্থানকে আরো শক্তিশালী করেছে এবং দেশের তরুণদের বিশ্বমানের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করার প্রচেষ্টার স্বীকৃতি দিয়েছে।





