• ই-পেপার

জয়পুরহাটে কৃষিপণ্য রপ্তানি অঞ্চল স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে খাদ্য প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত
ছবি: কালের কণ্ঠ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাদির (৫৫) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদির ঢাকার হাজারীবাগ এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশে যাওয়া একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে উভয় যানবাহন সড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক আব্দুল কাদির নিহত হন। এ সময় মাইক্রোবাস ও বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসের দরজা কেটে চালকের মরদেহ উদ্ধার করেন এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী টুকু
ছবি: কালের কণ্ঠ

আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে। 

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।

তিনি বলেন, দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে হলে কোনোভাবেই মাদকের বিস্তার হতে দেওয়া যাবে না। মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিতে হবে এবং যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন থাকতে হবে।

টুকু আরো বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতার আয়োজন করেছেন। যাতে শিক্ষার্থীরা শুধু লেখাপড়াতেই নয়, সহশিক্ষা কার্যক্রমেও অংশ নিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মাভাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মাভাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলে ছাদ থেকে পড়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আরিফনগর এলাকার একটি ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

নিহত মনিরুজ্জামান মনির বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর গ্রামে।

সহপাঠীরা জানান, মনির বিশ্ববিদ্যালয়সংলগ্ন আরিফনগর এলাকার খাজা ছাত্রাবাসের তৃতীয় তলায় থাকতেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে কয়েকজন সহপাঠী নিজ কক্ষের বারান্দায় বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত মনিরের হাত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তিনি ভবনের নিচে থাকা পুকুরে পড়ে যান।

সহপাঠীরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাভাবিপ্রবির প্রক্টর ও আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, খবর পেয়ে দ্রুত হাসপাতালে যাই। পুলিশ প্রশাসনের সহযোগিতায় মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে একদিনের শোক ঘোষণা করা হবে।

ভোলায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

ভোলা প্রতিনিধি
ভোলায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
ছবি: কালের কণ্ঠ

ভোলার মনপুরা উপজেলায় লোকালয় থেকে একটি চিত্রা মাদি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। পরে হরিণটি স্থানীয় বনে অবমুক্ত করা হয়। আনুমানিক ২৫ কেজি ওজনের হরিণটির বয়স দুই থেকে আড়াই বছর।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরপাতিলার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। এর আগে দুপুরের দিকে হরিণটি উত্তর সাকুচিয়া বাতানখালি এলাকার লোকালয় থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাতানখালি মাদরাসার সামনে একটি হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা সেটিকে রশি দিয়ে বেঁধে রেখে বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের লোকজন গিয়ে সেটি উদ্ধার করে নিয়ে আসেন।

বন বিভাগের মনপুরা রেঞ্জের পঁচাকোড়ালিয়া বিট অফিসার সজিব সরকার জানান, দুপুরের দিকে খবর পেয়ে হরিণটি উদ্ধার করে প্রথমে বিট অফিসে নিয়ে আসা হয়। পরে সেটি শারীরিকভাবে সুস্থ থাকায় বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় চরপাতিলার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

মনপুরা বন বিভাগের রেঞ্জ অফিসার মো. রাশেদুল হাসান কালের কণ্ঠকে জানান, সাধারণত জোয়ারের পানি বৃদ্ধি পেলে হরিণ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয়ে চলে আসে। গত কয়েক দিন ধরে অতিরিক্ত জোয়ারের কারণে মনপুরার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় হরিণটি নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয়ে চলে এসেছে। হরিণটি উদ্ধার করে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে সেটি সুস্থ থাকায় পুনরায় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ সব সময় সজাগ দৃষ্টি রাখছে বলেও জানান এ কর্মকর্তা।