• ই-পেপার

গণহত্যার বিচারের সঙ্গে আ. লীগের ভবিষ্যৎ জড়িত : আ স ম রব

জামায়াত আমির

ভারতীয় হাইকমিশনারের বক্তব্য স্পষ্ট না হলে জনমনে বিভ্রান্তি তৈরি হবে

অনলাইন ডেস্ক
ভারতীয় হাইকমিশনারের বক্তব্য স্পষ্ট না হলে জনমনে বিভ্রান্তি তৈরি হবে
সংগৃহীত ছবি

ভারতীয় হাইকমিশনারের বক্তব্য স্পষ্ট না হলে জনমনে বিভ্রান্তি তৈরি হবে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলের নেতা ড. শফিকুর রহমান। শনিবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। 

জামায়াত আমির লিখেন, গতকাল বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী পৌঁছানোর পর তার একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে কী বুঝিয়েছেন, আমাদের সরকারের উচিত হবে তার কাছ থেকে তা জেনে নেওয়া।

তিনি আরো লিখেন, ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন দেশ। তার এ বক্তব্য স্পষ্ট না হলে জনমনে অবশ্যই বিভ্রান্তি তৈরি হবে। আমরা আমাদের সরকারের কাছে এ বিষয়টির সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থে এ ধরনের কিছু বুঝিয়ে থাকেন, তাহলে অবশ্যই তা নিন্দনীয়। বিষয়টি স্পষ্ট হওয়া দরকার।

তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ভিশন বাস্তবায়নে যুবদল ভূমিকা রাখবে : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ভিশন বাস্তবায়নে যুবদল ভূমিকা রাখবে : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে বলেছেন,  ‘তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে। নতুন কমিটির নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।’

আজ শনিবার (১৩ জুন) যুবদলের নবগঠিত কমিটিকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

যুবদলের নতুন কমিটিকে কেন্দ্র করে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা রাজধানীতে জড়ো হন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

গত ৪ জুন বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ এই কমিটিতে সভাপতি নির্বাচিত হন আবদুল মোনায়েম (মুন্না) এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম (নয়ন)।

চট্টগ্রামে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ আজ

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ আজ
সংগৃহীত ছবি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে আজ শনিবার (১৩ জুন) সমাবেশ করছে ১১ দলীয় ঐক্য। 

আজ বিকেলে লালদিঘী ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ছাড়া বক্তব্য দেবেন—লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ ১১ দলের কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতারা।

সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী এবং সাধারণ মানুষ এ সমাবেশে অংশ নেবেন। সমাবেশকে সফল ও জনসমুদ্রে পরিণত করতে ইতিমধ্যে মাঠপর্যায়ে ব্যাপক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কুমিল্লা সীমান্তে ‘পুশ ইন’ প্রতিহত করা হবে : ১১ দলীয় জোট

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা সীমান্তে ‘পুশ ইন’ প্রতিহত করা হবে : ১১ দলীয় জোট
বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা এবং জোরপূর্বক ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ‘পুশ ইন’ করানোর প্রতিবাদে কুমিল্লায় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল।

কুমিল্লায় একটি সমাবেশে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বলেছেন, সীমান্তে পুশ ইন (অনুপ্রবেশ) দেশের জনগণ ও বিজিবি শক্ত হাতে প্রতিহত করা হবে। বাংলাদেশের বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হয়ে দিন-রাত কাজ করছে। তাঁরা দেশের এক ইঞ্চি মাটিও ছেড়ে দেবে  না। এটা আমাদের বিশ্বাস। সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে, আমরা দেখেছি।

শুক্রবার (১২ জুন) বিকাল ৫টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউনহল মাঠে এসে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

সমাবেশে বক্তারা বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং জোরপূর্বক পুশ ইনের ঘটনা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত করা হচ্ছে। একটি স্বাধীন দেশের নাগরিকদের এভাবে হত্যা ও হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সীমান্ত হত্যা বন্ধে এই সরকারকে কার্যকর ও দৃঢ় উদ্যোগ নিতে হবে। বক্তারা আরো বলেন, আমরা দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং জনগণের অধিকার রক্ষার পক্ষে। সীমান্তে নিরীহ মানুষ হত্যার পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা, ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইন অনুসরণের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক হওয়া উচিত। সীমান্ত হত্যা ও পুশ ইনের মতো অমানবিক কর্মকাণ্ড বন্ধ না হলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আরো বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে। তিনি দেশের স্বার্থ রক্ষায় সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য আরো বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা মহানগরীর নায়েবে আমির মোহাম্মদ মোসলেহ উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোবারক হোসেন, এনসিপির কেন্দ্রীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এবি পার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক এবং খেলাফত মজলিস কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা আব্দুল কাদের জামাল, মহানগরীর নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল এবং কাউন্সিলর মোশাররফ হোসাইন। এ সময় অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ পরিচালনা করেন কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা এবং জোরপূর্বক ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ‘পুশইন’ (অনুপ্রবেশ) করানোর মত ঘটনা ঘটছে। এর প্রতিবাদে ১১ দলীয় ঐক্যজোট কুমিল্লাসহ দেশের বিভিন্ন সীমান্তে জেলায় প্রতিবাদ সমাবেশ করছে।

গণহত্যার বিচারের সঙ্গে আ. লীগের ভবিষ্যৎ জড়িত : আ স ম রব | কালের কণ্ঠ