• ই-পেপার

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের কর প্রত্যাহার করা হয়েছে : প্রধানমন্ত্রী

অপহরণের ৯ দিন পর খাল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
অপহরণের ৯ দিন পর খাল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিলাভালকী গ্রামের নিখোঁজ যুবক রাফিনের (২০) অর্ধগলিত মরদেহ অপহরণের ৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার কুতুবপুর এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

রাফিন উপজেলার চিলাভালকী গ্রামের সৌদি প্রবাসী আক্তার হোসেনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুন সন্ধ্যা ৭টার দিকে একটি মোবাইল ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হন রাফিন। পারিবারিক সদস্যদের ভাষ্য অনুযায়ী, ফোনে তাকে পাশের পাইকপাড়া গ্রামের একটি সেতুর কাছে যেতে বলা হয়েছিল। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

স্বজনদের দাবি, নিখোঁজ হওয়ার কিছু সময় পর রাফিন তার দাদির মোবাইল ফোনে যোগাযোগ করে জানান, তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে। এ সময় অপহরণকারীরা তার মুক্তির জন্য ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে পুলিশ তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে।

পুলিশ জানায়, মোবাইল ফোন ট্র্যাকিংসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছিল। এরই মধ্যে শুক্রবার সন্ধ্যায় কুতুবপুর এলাকার একটি খালে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কুতুবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গভীর রাতে ক্ষতবিক্ষত ও অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেন।

শনিবার সকালে খবর পেয়ে রাফিনের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার পরনের জিন্স প্যান্ট দেখে মরদেহটি রাফিনের বলে শনাক্ত করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, কুতুবপুরের একটি খাল থেকে উদ্ধার হওয়া মরদেহটি রাফিনের বলে পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। তবে পরিচয় শতভাগ নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষাসহ প্রয়োজনীয় বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

প্যানেল চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল, দা‌য়িত্ব থেকে অব্যাহতি

আঞ্চ‌লিক প্রতিনিধি, কুড়িগ্রাম
প্যানেল চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল, দা‌য়িত্ব থেকে অব্যাহতি
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোছা. খাদিজা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছ‌ড়ি‌য়ে পড়া একটি আপত্তিকর ভিডিও এবং পরিষদের সদস্যদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

গত ১০ জুন জেলা প্রশাসক অন্নাপূর্ণা দেবনাথ সই করা এক আদেশে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই আদেশে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সচল রাখতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. ফিরোজ কবিরকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

সং‌শ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর সন্তোষপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান খাদিজা বেগম। দায়িত্ব গ্রহণের পর থেকেই পরিষদের একাধিক সদস্যের সঙ্গে তার বিরোধ স‌ৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ইউপি সদস্যরা তার বিরুদ্ধে অসদাচরণ, স্বেচ্ছাচারিতা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

এরই মধ্যে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে খাদিজা বেগমের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভি‌ডিও এবং ভিডিওটির কয়েকটি স্ক্রিনশট দ্রুত ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা। একজন জনপ্রতিনিধির এমন কর্মকাণ্ডে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন এলাকার সাধারণ মানুষজন।

অভিযোগগুলোর বিষয়ে উপজেলা প্রশাসনের তদন্তে সত্যতা পাওয়া গেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এ বিষ‌য়ে খাদিজা বেগমের স‌ঙ্গে বারবার যোগা‌যোগ করা হ‌লে তি‌নি ফোন রি‌সিভ ক‌রেন‌নি।

ত‌বে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. খোদাদাদ হোসেন বলেন, শুধু ভিডিও ভাইরাল হওয়ার কারণে খাদিজা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। এসব অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
 

বরিশালে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার
প্রতীকী ছবি

বরিশালের ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আইসক্রিম বিক্রেতা বাবু লাল বিশ্বাস (৪০) নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) সকাল পৌনে দশটার দিকে মহাসড়কের আশোকাঠী সারমিন ক্লিনিকের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত বাবু লাল উজিরপুরের জামবাড়ি এলাকার সুকান্ত বিশ্বাসের ছেলে। তিনি ভ্যানযোগে গৌরনদীতে আইসক্রিম বিক্রি করতে এসেছিলেন।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানান, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক বাবু লাল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 

ওসি জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাজেটে মদ-সিগারেট ও বিলাসী পণ্যের ওপর ট্যাক্স বাড়ানোর কারণে বিরোধী দল চরমভাবে নাখোশ হয়েছে। তারা এ বাজেট মানে না দাবি করে মিছিল-সমাবেশ করছে। কিন্তু নিত্যপ্রয়োজনীয় ৩৭ পণ্যে ট্যাক্স কমানো হলো, সেটা তারা কোথাও বলছে না। এতে কী বোঝা যায়, সাধারণ মানুষ নয়, বিশেষ কিছু শ্রেণির স্বার্থই তাদের কাছে বড়।’

শনিবার (১৩ জুন) কক্সবাজার সদরের পিএমখালীর পাতলী খাল পুনঃখনন উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দলের অযৌক্তিক বিরোধিতায় আমরা কান দিচ্ছি না। সাধারণ জনগণের স্বার্থরক্ষা, প্রত্যন্ত অঞ্চলের সব জমিকে আবাদযোগ্য করে দেশের খাদ্য উৎপাদন বাড়িয়ে স্বাবলম্বী হওয়া নিশ্চিত করা আমাদের সরকারের প্রধান লক্ষ্য।’

 তিনি বলেন, ‘বিএনপি আমজনতার দল-সাধারণ মানুষের উন্নয়নে কাজ করতে বিশ্বাসী। দেশের অগ্রগতি নিশ্চিত করতে হলে কৃষক ও সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ত্বরান্বিত করতে হবে। দরিদ্র কৃষকদের চাষাবাদ ঠিক রাখতে কৃষক কার্ডের মাধ্যমে কৃষি সহায়তা নিশ্চিত করা হবে। দেশের মানুষের প্রতি অনুরোধ, সরকারের ওপর আস্থা রাখুন।’

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সুবেদার মেজর আবদুল মাবুদের সভাপতিত্বে ও সদস্যসচিব সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকুর সঞ্চালনায় পথসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পিএমখালী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রমুখ বক্তব্য দেন।

অর্ধশত বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাতলী খাল খনন করে চাষাবাদ বাড়িয়েছেন। মাঝে খালটি নাব্যতা হারানোর পাশাপাশি বেদখল হয়েছে। এখন পুনঃখনন হচ্ছে, আবারও পূর্বের মতো আবাদের সুযোগ আসবে। এভাবে সারা বাংলাদেশে ৪০ হাজার মিটার খাল খনন হলে চাষাবাদের সহজলভ্যতা বাড়বে। কৃষক লাভবান হলে দেশ লাভবান হবে। দেশ লাভবান হলে স্বনির্ভরতা আসবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।