• ই-পেপার

মসজিদে নববীর জুমার খুতবা

নেক সন্তানই মাতা-পিতার চিরস্থায়ী সম্পদ

মসজিদুল হারামের জুমার খুতবার সারসংক্ষেপ

ঈমানের দৃঢ়তাই মুমিনের প্রকৃত শক্তি

ইসলামী জীবন ডেস্ক
ঈমানের দৃঢ়তাই মুমিনের প্রকৃত শক্তি
সংগৃহীত ছবি

মক্কার পবিত্র মসজিদুল হারামে জুমার খুতবায় মুসলিম উম্মাহকে আল্লাহভীতি, ঈমানের দৃঢ়তা এবং কোরআন-সুন্নাহর অনুসরণের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানিয়েছেন মসজিদুল হারামের সম্মানিত ইমাম ও খতিব শায়খ ড. বন্দর বালিলা। তিনি বলেন, একজন মুমিনের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আল্লাহর দ্বীনের ওপর অবিচল থাকা। দুনিয়ার ধন-সম্পদ কিংবা পার্থিব সফলতার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এমন ঈমান, যা মৃত্যুর পর মানুষকে মুক্তি ও আল্লাহর সন্তুষ্টির পথে পৌঁছে দেয়। তিনি স্মরণ করিয়ে দেন, ইসলামের ভিত্তি গড়ে উঠেছে একমাত্র আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ ও আনুগত্যের ওপর।

ইমাম বালিলা বলেন, সময় যত এগিয়ে যাচ্ছে এবং মানুষ নবী করিম (সা.)-এর যুগ থেকে যত দূরে সরে যাচ্ছে, ততই বাড়ছে নানা ধরনের পরীক্ষা, ফিতনা, সন্দেহ, প্রবৃত্তির অনুসরণ এবং বিভ্রান্তি। এ প্রসঙ্গে তিনি আনাস (রা.) বর্ণিত সহিহ বুখারির একটি হাদিস উল্লেখ করেন, যেখানে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের ওপর এমন কোনো সময় আসবে না, যার পরবর্তী সময়টি তার চেয়ে আরও কঠিন হবে, যতক্ষণ না তোমরা তোমাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে।’ (সহিহ বুখারি)

তিনি ব্যাখ্যা করেন, একজন মুমিনের সবচেয়ে বড় বিপদ দারিদ্র্য বা জীবিকার সংকট নয়; বরং ঈমান দুর্বল হয়ে যাওয়া এবং দ্বীনের ওপর অবিচলতা হারিয়ে ফেলা। এ কারণেই মহানবী (সা.) প্রায়ই দোয়া করতেন, ‘হে আল্লাহ! আমাদের বিপদ যেন আমাদের দ্বীনের ব্যাপারে না হয়।’

তাই ঈমান অটুট রাখার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো মহান আল্লাহর কাছে অবিচলতার জন্য আন্তরিকভাবে দোয়া করা। কারণ, আল্লাহ যাকে দৃঢ়তা দান করেন না, তার পক্ষে নিজ শক্তিতে দ্বীনের ওপর অটল থাকা সম্ভব নয়। তিনি আরও উল্লেখ করেন, নিয়মিত পবিত্র কোরআন তিলাওয়াত, এর অর্থ নিয়ে গভীর চিন্তা, শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা এবং নবী-রাসুল ও সৎকর্মশীল পূর্বসূরিদের জীবন থেকে শিক্ষা গ্রহণ ঈমানকে সুদৃঢ় করে।

খুতবায় তিনি মুসলিমদের কোরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, মুসলিম জামাতের সঙ্গে সম্পৃক্ত থাকা, মতভেদ ও বিভক্তি থেকে দূরে থাকা এবং সন্দেহ, ফিতনা ও গুনাহের পরিবেশ এড়িয়ে চলার আহ্বান জানান। তিনি বলেন, এসব বিষয় মানুষের অন্তরকে পরিশুদ্ধ রাখে এবং ঈমানকে নিরাপদ রাখে।

খুতবার সমাপনী বক্তব্যে শায়খ ড. বন্দর বালিলা মুসলিমদের উদ্দেশে বলেন, আল্লাহকে ভয় করতে হবে, কোরআন ও সুন্নাহর অনুসরণে অবিচল থাকতে হবে এবং সালাফে সালেহিনের পথ অনুসরণ করতে হবে। একই সঙ্গে পথভ্রষ্টতা, বিদআত ও বিভ্রান্তিকর চিন্তা থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। সর্বশেষ তিনি স্মরণ করিয়ে দেন, ফিতনা ও পরীক্ষার যুগে দ্বীনের ওপর ধৈর্য ধারণ করা জ্বলন্ত অঙ্গার হাতে ধরে রাখার মতো কঠিন হলেও, এ ধৈর্যই একজন মুমিনের প্রকৃত সফলতার চাবিকাঠি।

হাদিসের বাণী

যে ভালোবাসা ত্যাগ শেখায়

ইসলামী জীবন ডেস্ক
যে ভালোবাসা ত্যাগ শেখায়
সংগৃহীত ছবি

বিশিষ্ট সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক লোক মহানবী (সা.)-এর কাছে এসে বলল, ইয়া রাসুলাল্লাহ, ওয়াল্লাহি! আমি আপনাকে ভালোবাসি। মহানবী (সা.) বললেন, তুমি যা বলছ, তা একটু ভেবে-চিন্তে বলো। সে বলল, ওয়াল্লাহি! আমি আপনাকে ভালোবাসি। এমনটা সে তিনবার বলল। তিনি বললেন, যদি তুমি আমাকে ভালোবাসো, তাহলে দারিদ্র্যের জন্য বর্ম তৈরি করে রেখো। কেননা, যে আমাকে ভালোবাসবে, পানির স্রোত তার শেষ প্রান্তের দিকে যাওয়ার চেয়েও অতি দ্রুত দরিদ্রতা তার কাছে চলে আসবে।' (তিরমিজি, হাদিস : ২৩৫০)

শিক্ষা ও বিধান
১. মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ঈমানের অপরিহার্য অংশ। মুমিনের হৃদয়ে আল্লাহর পর সর্বাধিক ভালোবাসার অধিকারী হলেন মহানবী (সা.)। তবে এই ভালোবাসা শুধু মুখের দাবি নয়; তাঁর সুন্নাহ অনুসরণের মাধ্যমে তা প্রমাণ করতে হয়।

২. ভালোবাসার দাবির সঙ্গে ত্যাগের প্রস্তুতিও থাকতে হবে। মহানবী (সা.) লোকটিকে বললেন, ‘ভেবে-চিন্তে বলো।’ অর্থাৎ প্রকৃত ভালোবাসা মানে তাঁর পথের কষ্ট, ত্যাগ ও পরীক্ষাকে গ্রহণ করার মানসিকতা রাখা।

৩. আল্লাহর পথে চললে পরীক্ষা আসবেই। নবী-রাসুল, সাহাবায়ে কেরাম এবং নেককারদের জীবন ছিল দুঃখ-কষ্ট, অভাব ও নির্যাতনে পরিপূর্ণ। তাই মুমিনের জীবনও পরীক্ষা থেকে মুক্ত নয়।

৪. দারিদ্র্য এখানে একটি পরীক্ষার স্বরূপ। হাদিসে দারিদ্র্যের কথা বলা হলেও এর উদ্দেশ্য হলো—দ্বিনের পথে চললে দুনিয়ার আরাম-আয়েশ কমে যেতে পারে, মানুষ বিভিন্ন ধরনের কষ্টের সম্মুখীন হতে পারে। তাই ধৈর্য ধারণ করতে হবে।

৫. সুন্নাহ অনুসরণে দুনিয়ার স্বার্থের চেয়ে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। যে ব্যক্তি রাসুল (সা.)-এর আদর্শ আঁকড়ে ধরে, সে অনেক সময় দুনিয়াবি লাভ-লোকসানকে উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয়।

৬. পরীক্ষার সময় ধৈর্যই মুমিনের অলংকার। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই ধৈর্যশীলদেরই তাদের প্রতিদান অগণিতভাবে দেওয়া হবে।’ (সুরা : জুমার, আয়াত : ১০)

৭. নবীদের জীবন ছিল কষ্টময়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন নবীগণ; তারপর যারা তাদের অধিক সাদৃশ্যপূর্ণ।’ (তিরমিজি, হাদিস : ২৩৯৮)

উত্তম চরিত্র লাভে পঠিতব্য দোয়া

ইসলামী জীবন ডেস্ক
উত্তম চরিত্র লাভে পঠিতব্য দোয়া
সংগৃহীত ছবি

মানুষ স্বভাবতই সুন্দর চেহারা, আকর্ষণীয় ব্যক্তিত্ব ও গ্রহণযোগ্যতা কামনা করে। কিন্তু ইসলাম আমাদের শেখায়—প্রকৃত সৌন্দর্য শুধু মুখমণ্ডলের নয়; বরং উত্তম চরিত্র, নম্র আচরণ ও সুন্দর আখলাকই একজন মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারণ করে। আল্লাহ তাআলা যেমন আমাদের অবয়বকে সুন্দর করে সৃষ্টি করেছেন, তেমনি তাঁর কাছেই প্রার্থনা করতে হবে যেন তিনি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করেন এবং চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করে দেন। রাসুলুল্লাহ (সা.) নিজেও এ দোয়াটি পাঠ করতেন।

اللَّهُمَّ أَحْسَنْتَ خَلْقِي فَأَحْسِنْ خُلُقِي

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আহসানতা খালকি ফা আহসিন খুলুকি।’
অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমার চেহারা সুন্দর করেছেন। অতএব, আমার চরিত্রও সুন্দর করে দিন। (মুসনাদে আহমাদ, হাদিস : ২৪৩৯২, বাইহাকি, হাদিস : ৪৮৮)

এই সংক্ষিপ্ত অথচ গভীর অর্থবহ দোয়ার মাধ্যমে তিনি শিক্ষা দিয়েছেন যে, বাহ্যিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে সুন্দর আখলাক অর্জনের জন্যও আল্লাহর সাহায্য কামনা করা উচিত। কারণ মানুষের প্রকৃত পরিচয় তার চেহারায় নয়, বরং তার চরিত্র, ব্যবহার এবং তাকওয়ায়। কেননা যে সৌন্দর্য মানুষের চোখে ধরা পড়ে, তার চেয়েও মূল্যবান হলো সেই সৌন্দর্য, যা মানুষের হৃদয় জয় করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয়।

হত্যায় ব্যবহার হয় এমন সব সরঞ্জাম নিষিদ্ধ

ইসলামী জীবন ডেস্ক
হত্যায় ব্যবহার হয় এমন সব সরঞ্জাম নিষিদ্ধ
সংগৃহীত ছবি

ইসলাম কাউকে অন্যায়ভাবে হত্যা করার দিকে নিয়ে যায়—এমন সব পথ ও উপায় বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে মহানবী মুহাম্মদ (সা.)-এর বহু হাদিস আছে। নিচে সেগুলোর উপস্থাপন করা হলো—
মুসলিমকে ভয় দেখানোও হারাম : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো মুসলিমের জন্য অন্য মুসলিমকে ভয়ভীতি প্রদর্শন করা বৈধ নয়।’ (সহিহুল জামে, হাদিস : ৭৬৫৮)

অস্ত্র তাক করা বা ইশারা করাও নিষিদ্ধ : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যেন তার ভাইয়ের দিকে অস্ত্র নিয়ে না চলে এবং অস্ত্র দ্বারা ইশারা না করে। কারণ সে জানে না, হয়তো শয়তান তার হাতকে ফসকে দেবে। ফলে সে জাহান্নামের গর্তে পতিত হবে।’ (সহিহ বুখারি, হাদিস : ৭০৭২)

লোহার অস্ত্র দিয়ে ইশারা করলেও ফেরেশতাদের অভিশাপ : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি তার ভাইয়ের দিকে লোহার অস্ত্র দিয়ে ইশারা করে, ফেরেশতারা তাকে অভিশাপ দিতে থাকে, যদিও সে তার আপন সহোদর ভাই হয়।’ (মুসলিম, হা : ২৬১৬)

মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা ইসলামের আদর্শের পরিপন্থী : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।’ (বুখারি, হাদিস : ৭০৭১)

দুই মুসলিম অস্ত্র নিয়ে মুখোমুখি হলে : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন দুই মুসলিম একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, তখন তারা উভয়েই জাহান্নামের কিনারায় থাকে। আর যদি একজন অন্যজনকে হত্যা করে, তবে উভয়েই জাহান্নামে যাবে।’ (মুসলিম, হাদিস : ২৮৮৮)

বুখারির বর্ণনায় এসেছে, ‘যখন দুই মুসলিম তরবারি নিয়ে মুখোমুখি হয় তখন হত্যাকারী ও নিহত উভয়েই জাহান্নামি।’ সাহাবিরা বললেন, ‘হে আল্লাহর রাসুল! হত্যাকারীর ব্যাপারটি তো বুঝলাম, কিন্তু নিহত ব্যক্তি কেন?’ তিনি বললেন, ‘কারণ সেও তার সঙ্গীকে হত্যা করার প্রবল ইচ্ছা পোষণ করেছিল।’ (বুখারি, হাদিস : ৩১)


বাজার বা মসজিদে অস্ত্র বহনের আদব : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যখন মসজিদে বা বাজারে তীর-ধনুক নিয়ে যাবে, তখন যেন তীরের ফলাগুলো ধরে রাখে, যাতে কোনো মুসলিম আহত না হয়।’ (বুখারি, হাদিস : ৭০৭৫, মুসলিম : ২৬১৫)।

জাবির (রা.) বলেন, এক ব্যক্তি মসজিদে খোলা তীর নিয়ে যাচ্ছিল। তখন তাকে নির্দেশ দেওয়া হলো ‘তীরের ফলা ধরে রাখো, যাতে কোনো মুসলিমের গায়ে আঁচড় না লাগে।’(বুখারি : ৭০৭৪, মুসলিম : ২৬১৪)

ইচ্ছাকৃতভাবে মুমিনকে হত্যা : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু যে ব্যক্তি কাফির অবস্থায় মারা যায় অথবা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে, তার ব্যাপার ভিন্ন।’ (সহিহুল জামে, হাদিস : ৪৫২৪)

মানুষের জীবন, সম্পদ ও সম্মান পবিত্র : রাসুলুল্লাহ (সা.) বিদায় হজের ভাষণে বলেছেন, ‘নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান—এগুলো একে অপরের জন্য ততটাই পবিত্র, যেমন আজকের এই দিন, এই মাস এবং এই নগর পবিত্র। উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে এ কথা পৌঁছে দেয়।’ (বুখারি, হাদিস : ৬৭)

হত্যার জন্য বাধ্য করা হলেও হত্যা বৈধ নয়
যদি কাউকে বলা হয়, ‘অমুককে হত্যা করো, না হলে তোমার সম্পদ কেড়ে নেওয়া হবে’ অথবা তাকে মারধরের ভয় দেখানো হয়, তবু নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা ইসলামে বৈধ নয়। অনেক আলেমের মতে, হত্যার নির্দেশদাতা ও হত্যাকারী—উভয়েই অপরাধে অংশীদার এবং উভয়ের ওপর কিসাস প্রযোজ্য হতে পারে। ইমাম আবু ইসহাক আশ-শিরাজি (রহ.) বলেন, ‘উম্মতের ঐকমত্য হলো, যাকে হত্যা করতে বাধ্য করা হয়েছে, তারও হত্যা করা বৈধ নয়। সে যদি হত্যা করে, তবে সে গুনাহগার হবে।’ ফাতহুল বারি : ১২/৩১২)

ইমাম কুরতুবি (রহ.) বলেন, ‘যাকে অন্যকে হত্যা করতে বাধ্য করা হয়েছে, তার জন্য সেই ব্যক্তিকে হত্যা করা, প্রহার করা বা তার সম্মান লঙ্ঘন করা কোনোভাবেই বৈধ নয়। বরং সে নিজে কষ্ট সহ্য করবে; নিজের জীবন বাঁচানোর জন্য অন্যের জীবন নেওয়া বৈধ নয়।’ (তাফসিরে কুরতুবি : ১০/১৮৩)

অতএব জবরদস্তি করে হত্যার আদেশ দেওয়া হলেও তা পালন করা ইসলামে বৈধ নয়। আর ‘আমি শুধু আদেশ পালন করেছি’—এ অজুহাত গ্রহণযোগ্য নয়। ‘আমি ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন করেছি’, এমন কথা মানুষ হত্যার বৈধ দলিল হতে পারে না। এই অজুহাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। দুনিয়ার আদালতেও গ্রহণযোগ্য নয়।