• ই-পেপার

রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

বাংলাদেশের সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
বাংলাদেশের সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের সব ধর্মাবলম্বী নাগরিক সমান অধিকার ভোগ করেন। দেশের সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্য বা বিভেদের কোনো সুযোগ নেই।

আজ শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এই দেশে সনাতন ধর্মাবলম্বীরা মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধদের মতোই সমান অধিকার ভোগ করেন। আমাদের সংবিধান মানুষকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন অনুযায়ী ধর্ম, বর্ণ, ভাষা বা ভৌগোলিক পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বিভাজন মেনে নেওয়া হবে না।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, বাংলাদেশ সব সম্প্রদায়ের মানুষের সমান দেশ। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়, তারা প্রকৃত অর্থে দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে হিন্দু ও অন্য ধর্মাবলম্বীরাও আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। সবার সম্মিলিত আত্মত্যাগের বিনিময়ে এ দেশ অর্জিত হয়েছে। এখানে সব নাগরিকের সমান অধিকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধরও বক্তব্য দেন।
 

যে রোগে আক্রান্ত মো. সাহাবুদ্দিন

‘অটোনমিক নিউরোপ্যাথি’র লক্ষ্মণ কী

অনলাইন ডেস্ক
‘অটোনমিক নিউরোপ্যাথি’র লক্ষ্মণ কী

শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সদ্যসাবেক এই রাষ্ট্রপতি পদত্যাগপত্রে যেসব শারীরিক সমস্যার কথা উল্লেখ করেছেন, এর মধ্যে ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামের জটিল রোগটি আলোচনায় এসেছে।

পদত্যাগপত্রে তিনি লেখেন, আমি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানীং স্বাস্থ্য পরীক্ষায় ‘অটোনমিক নিউরোপ্যাথি’ (Autonomic Neuropathy) নামক রোগ শনাক্ত হয়েছে। তিনি লেখেন, এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই।

অটোনমিক নিউরোপ্যাথি হলো এমন একটি স্নায়ুরোগ, যেখানে শরীরের স্বয়ংক্রিয় কার্যকলাপ নিয়ন্ত্রণকারী স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে হৃদস্পন্দন, রক্তচাপ, হজম, মূত্রথলির কার্যকারিতা, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এমনকি যৌনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হতে পারে। দাঁড়ানোর সময় হালকা মাথা ব্যথা বা অজ্ঞান হয়ে হওয়ার মতো ঘটনাও ঘটে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এ রোগের প্রধান কারণ। এ ছাড়া কিছু অটোইমিউন রোগ, স্নায়বিক সমস্যা, সংক্রমণ কিংবা নির্দিষ্ট কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও এটি হতে পারে। এ ছাড়া পারিবারে এই রোগের ইতিহাস থাকলে তা হতে পারে।

রোগের লক্ষণগুলো

১. দাঁড়ানোর সময় হালকা মাথা ব্যথা বা অজ্ঞান হয়ে হওয়া (অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন)

২. কোষ্ঠকাঠিন্য অথবা ডায়রিয়া

৩. মূত্রাশয়ের কর্মহীনতা, যেমন প্রস্রাব শুরু বা বন্ধ করতে অসুবিধা হওয়া

৪. যৌন কর্মহীনতা, যেমন পুরুষত্বহীনতা বা প্রচণ্ড উত্তেজনা অর্জনে অসুবিধা হওয়া

৫. গিলতে অসুবিধা

৬. গ্যাস্ট্রোপেরেসিস, বা পেট খালি হতে বিলম্ব হতে পারে

৭. অস্বাভাবিক ঘাম বা তাপমাত্রা নিয়ন্ত্রণ না থাকা

৮. শুকনো চোখ এবং মুখ

৯. বুক ধড়ফড় করা

১০. সমন্বয় এবং ভারসাম্য বজায় রাখতে অসুবিধা হওয়া

অটোনমিক নিউরোপ্যাথির স্থায়ী কোনো চিকিৎসা নেই। চিকিৎসার মূল লক্ষ্য হলো রোগের কারণ নিয়ন্ত্রণ করা এবং উপসর্গ কমিয়ে রোগীর স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করা।

ডায়াবেটিসজনিত ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ওষুধ, খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর জোর দেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের মতে, সময়মতো রোগ শনাক্ত করে যথাযথ চিকিৎসা নিলে অধিকাংশ ক্ষেত্রেই উপসর্গ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে গুরুতর অবস্থায় বারবার অজ্ঞান হয়ে যাওয়া বা রক্তচাপের বড় ধরনের ওঠানামা রোগীর দৈনন্দিন জীবন ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

ফিলিপাইনের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে আলোচনা

অনলাইন ডেস্ক
ফিলিপাইনের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে আলোচনা

ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী টেস লাজারোর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দুই পররাষ্ট্রমন্ত্রী নার্সিং খাতে সহযোগিতা, চিকিৎসা পর্যটনের জন্য ভিসা সহজীকরণ ও ব্যবসা প্রসারসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) দক্ষিণ-পূর্ব এশিয়ার মৈত্রী ও সহযোগিতা চুক্তি (টিএসি) সম্মেলনের ফাঁকে তাদের এই বৈঠক হয়।

এ সময় খলিলুর রহমান আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বর্তমান আসিয়ান সভাপতি ফিলিপাইনের সমর্থন চান। উভয় মন্ত্রী নিজ নিজ দেশের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।

বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি

অনলাইন ডেস্ক
বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কাতারি বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে দেশটির আমিরের জন্য একটা চিঠি হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার (২৪ জুলাই) ফিলিপাইনের ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার মৈত্রী ও সহযোগিতা চুক্তির (টিএসি) ৫০তম বার্ষিকী উদযাপনের ফাঁকে এই বৈঠক হয়। এতে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়।

এ দিন টিএসির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, উদীয়মান হুমকি মোকাবেলায় বাংলাদেশ আসিয়ান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় সহযোগিতা বৃদ্ধি চুক্তির (টিএসি) সব পক্ষের সঙ্গে কাজ করবে। যৌথ আগাম সতর্কীকরণ ব্যবস্থা, যৌথ ঝুঁকি মূল্যায়ন এবং আঞ্চলিক সংকট মোকাবেলা ব্যবস্থার মতো বাস্তবসম্মত ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে মহামারি, জলবায়ু অভিঘাত, সাইবার ঘটনা এবং সরবরাহ শৃঙ্খল বিঘ্নের বিরুদ্ধে বৈশ্বিক প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করা যেতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী তার আলোচনায় উদীয়মান হুমকি ও চ্যালেঞ্জ, কৃত্রিম বুদ্ধিমত্তা-প্ররোচিত সাইবার অপরাধ এবং সামাজিক মাধ্যমের ভুল ও বিভ্রান্তিকর তথ্য মোকাবেলার কর্মপন্থা তুলে ধরেন।