• ই-পেপার

শেষ সিনেমা থেকেই রেকর্ড পারিশ্রমিক নিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়?

উত্তম কুমারের নামে নির্মিত হচ্ছে ফিল্ম সেন্টার

বিনোদন ডেস্ক
উত্তম কুমারের নামে নির্মিত হচ্ছে ফিল্ম সেন্টার
সংগৃহীত ছবি

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে কলকাতায় তার নামে একটি আধুনিক ফিল্ম সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পাশাপাশি ঐতিহ্যবাহী ‘উত্তম মঞ্চ’ সংস্কার ও আধুনিকীকরণের উদ্যোগও নেওয়া হয়েছে।

শুক্রবার মহানায়কের ৪৭তম প্রয়াণ দিবস উপলক্ষে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ সময় তিনি উত্তম কুমারের ফাইবারের মূর্তি এবং একটি স্মারক ফলকের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী, জনপ্রতিনিধি, চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, উত্তম কুমারের পরিবারের সদস্য এবং আর্টিস্ট ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে তারা মহানায়কের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

মুখ্যমন্ত্রী জানান, আগামী ৩ থেকে ৬ সেপ্টেম্বর রাজ্য সরকারের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হবে উত্তম কুমারের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি তার নামে একটি আধুনিক ফিল্ম সেন্টার প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরো জানান, কলকাতা পৌরসভার তত্ত্বাবধানে থাকা ‘উত্তম মঞ্চ’ সংস্কার ও আধুনিকীকরণের দায়িত্বও সরকার গ্রহণ করেছে। জন্মশতবার্ষিকীর প্রস্তুতির অংশ হিসেবে শিগগিরই রবীন্দ্র সদন অথবা নন্দনে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হবে। ওই সভাতেই গঠন করা হবে উদযাপনের মূল কমিটি।

শুভেন্দু অধিকারী বলেন, ‘চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের অনেক শিল্পী এবং মহানায়কের অনুরাগীরা দীর্ঘদিন ধরে তার জন্মদিন রাষ্ট্রীয়ভাবে বড় পরিসরে উদযাপনের দাবি জানিয়ে আসছিলেন। সেই আহ্বানেই সরকার এ উদ্যোগ নিয়েছে।’

তিনি আরো বলেন, ‘মহানায়ককে ঘিরে সব আয়োজনই তার পরিবারের সম্মতি ও সহযোগিতায় বাস্তবায়ন করা হবে।’

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক
বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া
সন্ধ্যায় হাঁটার সময় এক ভক্তের সঙ্গে সেলফির জন্য পোজ দিয়েছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। ছবি: ইনস্টাগ্রাম

দীর্ঘদিন ধরেই বলিউডের জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সংসার ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছিল। বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে আলাদাভাবে দেখা যাওয়া এবং অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের নাম জড়িয়ে নানা আলোচনা সেই গুঞ্জনকে আরো উসকে দেয়। তবে এসব নিয়ে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি অভিষেক বা ঐশ্বরিয়া।

এরই মধ্যে নিউইয়র্কে একসঙ্গে দেখা গেছে এই তারকা দম্পতিকে। বর্তমানে শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত অভিষেক। সেই ব্যস্ততার মাঝেই শুটিং থেকে স্বল্প বিরতি নিয়ে স্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে সময় কাটাতে নিউইয়র্কে গেছেন তিনি। তাদের একসঙ্গে তোলা কয়েকটি ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সন্ধ্যায় হাঁটার সময় এক ভক্তের সঙ্গে সেলফি তুলেছেন অভিষেক ও ঐশ্বরিয়া। এ সময় অভিষেকের পরনে ছিল টি-শার্ট ও ক্যাপ। অন্যদিকে কালো পোশাকে দেখা যায় ঐশ্বরিয়াকে। দীর্ঘদিন পর দুজনকে একসঙ্গে দেখে ভক্তদের অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্য জীবন নিয়ে নানা জল্পনা চলছিল। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান ও জনসম্মুখে বেশ কয়েকবার তাদের আলাদাভাবে দেখা যায়। একই সময়ে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের সম্পর্কের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসেনি। অভিষেক, ঐশ্বরিয়া কিংবা নিমরত—কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

অভিষেক ও ঐশ্বরিয়া ২০০৭ সালের ২০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র মেয়ে আরাধ্য বচ্চন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, ঐশ্বরিয়া শুধু তার মেয়ের মা নন, তিনি তার ‘সোলমেট’ও। তিনি আরও জানান, তাদের ১৯ বছরের দাম্পত্য জীবন স্বপ্নের মতো কেটেছে এবং ২০তম বিবাহবার্ষিকী উপলক্ষে বিশেষ পরিকল্পনাও রয়েছে।

একই সাক্ষাৎকারে সুখী দাম্পত্য জীবনের রহস্য জানতে চাইলে হাস্যরস করে অভিষেক বলেন, প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে স্ত্রীকে তিনবার ‘সরি’ বলা উচিত।

এদিকে কাজের ক্ষেত্রে অভিষেককে শিগগিরই শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় দেখা যাবে। ছবিটিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়াল। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিয়ের ২ বছর পর রাঁধলেন শোভিতা, ইনস্টাগ্রামে নাগার রসিকতা

বিয়ের ২ বছর পর রাঁধলেন শোভিতা, ইনস্টাগ্রামে নাগার রসিকতা

অনলাইন ডেস্ক
বিয়ের ২ বছর পর রাঁধলেন শোভিতা, ইনস্টাগ্রামে নাগার রসিকতা

দক্ষিণ ভারতীয় তারকা দম্পতি নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা নেটপাড়ায় নিজেদের দাম্পত্য জীবনের এক মিষ্টি মুহূর্ত শেয়ার করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে স্ত্রী শোভিতার তৈরি রাতের খাবার পরিবেশনের একটি ছবি পোস্ট করে ভক্তদের চমকে দিয়েছেন নাগা চৈতন্য।

শুক্রবার (২৪ জুলাই) শেয়ার করা সেই ছবিতে দেখা যায়, শোভিতার এক হাতে নুডলস এবং অন্য হাতে সবজি-ভাতের দুইটি বাটি। ছবিটি পোস্ট করে ক্যাপশনে মজার ছলে নাগা চৈতন্য লিখেন, ‘বিয়ের প্রায় ২ বছর পর বউ আমার জন্য রাতের খাবার রান্না করল, আজ বোধহয় আমি ঠিক কিছুই একটা করেছি।’ স্বামীর এমন পোস্টে কমেন্ট বক্সে শোভিতাও রসিকতা করে লেখেন, ‘আপনি কি আমাকে ট্রোল করছেন নাকি প্রশংসা করছেন?’

অবশ্য একে অপরের রান্নার দক্ষতা নিয়ে এই দম্পতির টানাপোড়েন নতুন নয়। এর আগে ২০২৫ সালের এক সাক্ষাৎকারে চৈতন্য রসিকতা করে জানিয়েছিলেন, তাদের কেউ-ই ভালো রাঁধুনি নন। এমনকি তিনি যে প্রতিদিন রাতে স্ত্রীকে হট চকোলেট বানিয়ে দেন, সেটিকেও রান্না বলতে রাজি ছিলেন না অভিনেতা।

উল্লেখ্য, ২০২১ সালে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের পর ২০২২ সাল থেকে শোভিতার সঙ্গে চৈতন্যের প্রেমের গুঞ্জন শুরু হয়। ২০২৪ সালে বাগদান ও পরবর্তীতে হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

আইসিসিবি হেরিটেজে অনুষ্ঠিত হলো ‘গ্র্যান্ড কাওয়ালি নাইট’

অনলাইন ডেস্ক
আইসিসিবি হেরিটেজে অনুষ্ঠিত হলো ‘গ্র্যান্ড কাওয়ালি নাইট’

সুর, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনমেলায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-এর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো ‘গ্র্যান্ড কাওয়ালি নাইট – সিজন ২’-এর প্রথম পর্ব। প্রাণবন্ত পরিবেশ, মনোমুগ্ধকর লাইভ কাওয়ালি পরিবেশনা এবং রাজকীয় মুঘল খাবারের সমন্বয়ে সন্ধ্যাটি পরিণত হয় এক স্মরণীয় অভিজ্ঞতায়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা লাইভ সুফি ও কাওয়ালি সংগীতের মুগ্ধতায় যেমন আপ্লুত হন, তেমনি উপভোগ করেন হেরিটেজ রেস্টুরেন্টের বিভিন্ন মুঘল থালি। পরিবার, বন্ধু-বান্ধব ও সংগীতপ্রেমীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। প্রথম পর্বের সফল আয়োজনের ধারাবাহিকতায় আগামী ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হবে ‘গ্র্যান্ড কাওয়ালি নাইট – সিজন ২’-এর দ্বিতীয় পর্ব।

আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট সকল ভোজনরসিক, সংগীতপ্রেমী ও শুভানুধ্যায়ীদের আগামী আয়োজনে অংশগ্রহণের আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছে। সুরের মূর্ছনা, রাজকীয় খাবার এবং ঐতিহ্যবাহী পরিবেশে একটি ব্যতিক্রমী সন্ধ্যা উপভোগ করতে এখনই আপনার আসনটি সংরক্ষণ করুন। রিজার্ভেশনের জন্য যোগাযোগ করতে বলা হচ্ছে ০১৯৯১১৯৭৭১৯ নাম্বারে। সুরের আবেশে, ঐতিহ্যের ছোঁয়ায় আবার দেখা হবে আগামী ৩১ জুলাই।