• ই-পেপার

কালাই

খাল খননে নীতিমালা লঙ্ঘন

কোস্ট গার্ডের কাছে তিন বনদস্যুর আত্মসমর্পণ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
কোস্ট গার্ডের কাছে তিন বনদস্যুর আত্মসমর্পণ

অস্ত্র ও গুলি জমা দিয়ে সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে মোংলার কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দস্যুরা আত্মসমর্পণ করেন। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গতকাল বৃহস্পতিবার সকালে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য অস্ত্র, গুলিসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় দস্যুরা তাঁদের কাছে থাকা দুটি দেশি একনলা বন্দুক, একটি পাইপগান, ৪০ রাউন্ড তাজা গুলি ও একটি ওয়াকিটকি কোস্ট গার্ডের কাছে জমা দেন। এ ছাড়া এই দস্যু বাহিনীর কাছে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করা হয়। আত্মসমর্পণকারীরা হলেন আলামিন হোসেন (৪০), তৈবুর রহমান (২৪) ও মনিরুজ্জামান মামুন (২০)। বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসেবে তাঁরা সুন্দরবনের সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।

 

প্রতিবেশীর বাড়িতে শিশুশিক্ষার্থী ধর্ষিত

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
প্রতিবেশীর বাড়িতে শিশুশিক্ষার্থী ধর্ষিত

গাজীপুরের কালীগঞ্জে প্রতিবেশীর বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছর বয়সী এক শিশু। গতকাল বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ এই তথ্য জানায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামি হানিফ দেওয়ান ওরফে হানিফা (৪০) জাঙ্গালিয়া দেওয়ানবাড়ি এলাকার মজিদ দেওয়ানের ছেলে। মামলার পর থেকে তিনি পলাতক রয়েছেন। ভুক্তভোগী শিশুটি একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুন শিশুটি একটি কাজে অভিযুক্তের বাড়িতে গেলে সুযোগ বুঝে শিশুটিকে তিনি ধর্ষণ করেন। হুমকির কারণে শিশুটি বিষয়টি প্রথমে গোপন রাখলেও অসুস্থ হয়ে পড়ায় তা জানাজানি হয়ে যায়। গত মঙ্গলবার দুপুরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সাগরে ট্রলারডুবি

একজনকে জীবিত উদ্ধার খোঁজ নেই ৫ জেলের

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
একজনকে জীবিত উদ্ধার খোঁজ নেই ৫ জেলের

গভীর বঙ্গোপসাগরে ডুবে যাওয়া গলাচিপার ছয়জনের মধ্যে আল আমিন নামের এক জেলেকে জীবিত উদ্ধার করেছেন জেলেরা। আল আমিনকে ভোলার ঢাল চর থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে ভাসমান অবস্থায় বুধবার বিকেলে উদ্ধার করা হয়। আল আমিনের সঙ্গে থাকা অন্য পাঁচ জেলের চার দিনেও সন্ধান মেলেনি। গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন খান বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে চরফ্যাশন থেকে জনৈক দুলাল মাঝি আল আমিনের স্ত্রী মাকসুদা বেগমের কাছে ফোনে একটি বার্তা পাঠান, সাগর থেকে আল আমিনকে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে স্পিডবোট নিয়ে চরফ্যাশন চলে যাই। সেখান থেকে আল আমিনকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করি। বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার গত রবিবার রাতে ঝড়ের কবলে পড়ে ১১ জেলে নিয়ে ডুবে যায়।

 

বজ্রপাতে প্রাণ গেল তিনজনের

নওগাঁ ও রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বজ্রপাতে প্রাণ গেল তিনজনের

নওগাঁর রানীনগর ও মান্দা উপজেলায় গতকাল বৃহস্পতিবার বজ্রপাতের পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে রিয়াদ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নওগাঁয় নিহতরা হলেন রানীনগর উপজেলার মালশন গ্রামের সাখাওয়াত হোসেন (৫৫) ও মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকার ইসমাইল সরদার (৫০)। এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে রিয়াদ (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ বৈকুণ্ঠপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে স্থানীয় বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বলেন, বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার বিস্তারিত তথ্য জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।