• ই-পেপার

সাগরে ট্রলারডুবি

একজনকে জীবিত উদ্ধার খোঁজ নেই ৫ জেলের

কোস্ট গার্ডের কাছে তিন বনদস্যুর আত্মসমর্পণ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
কোস্ট গার্ডের কাছে তিন বনদস্যুর আত্মসমর্পণ

অস্ত্র ও গুলি জমা দিয়ে সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে মোংলার কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দস্যুরা আত্মসমর্পণ করেন। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গতকাল বৃহস্পতিবার সকালে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য অস্ত্র, গুলিসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় দস্যুরা তাঁদের কাছে থাকা দুটি দেশি একনলা বন্দুক, একটি পাইপগান, ৪০ রাউন্ড তাজা গুলি ও একটি ওয়াকিটকি কোস্ট গার্ডের কাছে জমা দেন। এ ছাড়া এই দস্যু বাহিনীর কাছে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করা হয়। আত্মসমর্পণকারীরা হলেন আলামিন হোসেন (৪০), তৈবুর রহমান (২৪) ও মনিরুজ্জামান মামুন (২০)। বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসেবে তাঁরা সুন্দরবনের সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।

 

প্রতিবেশীর বাড়িতে শিশুশিক্ষার্থী ধর্ষিত

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
প্রতিবেশীর বাড়িতে শিশুশিক্ষার্থী ধর্ষিত

গাজীপুরের কালীগঞ্জে প্রতিবেশীর বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছর বয়সী এক শিশু। গতকাল বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ এই তথ্য জানায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামি হানিফ দেওয়ান ওরফে হানিফা (৪০) জাঙ্গালিয়া দেওয়ানবাড়ি এলাকার মজিদ দেওয়ানের ছেলে। মামলার পর থেকে তিনি পলাতক রয়েছেন। ভুক্তভোগী শিশুটি একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুন শিশুটি একটি কাজে অভিযুক্তের বাড়িতে গেলে সুযোগ বুঝে শিশুটিকে তিনি ধর্ষণ করেন। হুমকির কারণে শিশুটি বিষয়টি প্রথমে গোপন রাখলেও অসুস্থ হয়ে পড়ায় তা জানাজানি হয়ে যায়। গত মঙ্গলবার দুপুরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বজ্রপাতে প্রাণ গেল তিনজনের

নওগাঁ ও রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বজ্রপাতে প্রাণ গেল তিনজনের

নওগাঁর রানীনগর ও মান্দা উপজেলায় গতকাল বৃহস্পতিবার বজ্রপাতের পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে রিয়াদ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নওগাঁয় নিহতরা হলেন রানীনগর উপজেলার মালশন গ্রামের সাখাওয়াত হোসেন (৫৫) ও মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকার ইসমাইল সরদার (৫০)। এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে রিয়াদ (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ বৈকুণ্ঠপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে স্থানীয় বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বলেন, বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার বিস্তারিত তথ্য জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

সড়কে মা-ছেলেসহ তিনজন নিহত

সিরাজগঞ্জ ও নাটোর প্রতিনিধি
সড়কে মা-ছেলেসহ তিনজন নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশায় থাকা মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো কামারখন্দ উপজেলার নূরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নীলা খাতুন (২৫) ও তাঁর শিশু ছেলে নিয়ামত উল্লাহ (৬)।  হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছে যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী মা ও ছেলের মৃত্যু হয়। এদিকে নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও ইজি বাইকের সংঘর্ষে ইজি বাইক চালক রান্টু মিয়ার (২৮) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার রাজাপুর কলেজের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত রান্টু মিয়া উপজেলার গড়মাটি গ্রামের তফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় ইজি বাইকের অপর চার যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দুজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে, দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।