আয়াতের অর্থ
‘আল্লাহ মুমিনদের ওপর সন্তুষ্ট হলেন যখন তারা বৃক্ষতলে তোমার কাছে বায়াত গ্রহণ করল, তাদের অন্তরে যা ছিল তা তিনি অবগত ছিলেন। তাদের তিনি দান করলেন প্রশান্তি এবং তাদের পুরস্কার দিলেন আসন্ন বিজয় ও বিপুল পরিমাণ যুদ্ধে লভ্য সম্পদ, যা তারা হস্তগত করবে, আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’ (সুরা : ফাতহ, আয়াত : ১৮-১৯)
আয়াতদ্বয়ে বায়াতে রিদওয়ানের অংশগ্রহণকারী সাহাবিদের মর্যাদা ও পুরস্কার ঘোষণা করা হয়েছে।
শিক্ষা ও বিধান
১. আল্লাহর রিদা তথা সন্তুষ্টির ঘোষণার কারণে হুদাইবিয়ার সন্ধির সময় অনুষ্ঠিত শপথকে বায়াতে রিদওয়ান বলা হয়।
২. আয়াত দ্বারা সাহাবিদের মর্যাদা, বিশেষ করে বায়াতে রিদওয়ানে অংশগ্রহণকারী সাবাহিদের মর্যাদা প্রমাণিত হয়।
৩. রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যারা এই গাছের নিচে শপথ নিয়েছে তাদের কেউ জাহান্নামে প্রবেশ করবে না। অন্যত্র তিনি বলেছেন, তোমরা ভূপৃষ্ঠের সর্বশ্রেষ্ঠ মানুষ।
৪. সাহাবিরা একটি কাঁটাযুক্ত বাবলাগাছের নিচে রাসুলুল্লাহ (সা.)-এর হাতে বায়াত গ্রহণ করেছিলেন। সাঈদ ইবনে মুসাইয়িব (রহ.) বলেন, এই গাছের কথা সাহাবিদের ভুলিয়ে দেওয়া হয়েছিল।
৫. রাসুলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের পর হুদাইবিয়ার একটি গাছের নিচে মানুষ সমবেত হয়ে নামাজ পড়ত। শিরক ও বিদআতের আশঙ্কায় ওমর (রা.) সেটাও কেটে ফেলেন। (আত-তাহরির ওয়াত-তানভির : ২৬/১৭৩; মাআরেফুল কোরআন : ৮/৬৬)



