• ই-পেপার

মা-বাবার চোখের শীতলতা নেক সন্তান

কোরআন থেকে শিক্ষা

পর্ব-১১৭৯

কোরআন থেকে শিক্ষা

আয়াতের অর্থ

নিশ্চয়ই আমি তোমাদের দিয়েছি সুস্পষ্ট বিজয়। যেন আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিগুলো মার্জনা করেন, তোমার প্রতি তাঁর অনুগ্রহ পূর্ণ করেন এবং তোমাকে সরল পথে পরিচালিত করেন। আল্লাহ তোমাকে বলিষ্ঠ সাহায্য দান করেন। (সুরা : ফাতহ, আয়াত : ১-৩)

পবিত্র কোরআনের ৪৮তম সুরা ফাতহ। মদিনায় অবতীর্ণ এই সুরায় চারটি রুকু ও ২৯টি আয়াত রয়েছে। সুরায় আল্লাহ মুসলমানদের মক্কা বিজয়ের সুসংবাদ দিয়েছেন।

শিক্ষা ও বিধান

১. সুরা ফাতহ সম্পর্কে মহানবী (সা.) বলেন, গত রাতে আমার ওপর এমন একটি সুরা অবতীর্ণ হয়েছে, যা আমার কাছে দুনিয়া ও তার মধ্যবর্তী সব বস্তু থেকে উত্তম।

২. প্রসিদ্ধ মত হলো, আয়াতে বিজয় দ্বারা মক্কা বিজয় উদ্দেশ্য। কিন্তু আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, আমরা (সাহাবিরা) বিজয় বলতে হুদাইবিয়ার সন্ধি বুঝে থাকি।

৩. বারা ইবনে আজিব (রা.) বলেন, হুদাইবিয়ার সন্ধির সময় রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে এক হাজার ৪০০ সাহাবি ছিলেন। তাঁরা বায়াতে রিদওয়ানে অংশ নেন।

৪. বাহ্যত হুদাইবিয়ার সন্ধি পরাজয় বা নতিস্বীকার ছিল। কিন্তু রাসুলুল্লাহ (সা.) কসম খেয়ে বলেছেন এটা বিজয়। বিজয় বলার কারণ হলো এই চুক্তি মুসলমানদের নির্বিঘ্নে দ্বিন প্রচারের সুযোগ এনে দিয়েছিল।

৫. আয়াতে আল্লাহ রাসুলুল্লাহ (সা.)-কে পাপমুক্ত হওয়ার এবং মুমিনদের জান্নাতের জন্য ঘোষণা করেছেন।

  (তাফসিরে ইবনে কাসির : ১০/২৯৯)

মনীষীর কথা

মনীষীর কথা

মা-বাবা অতিশয় বৃদ্ধ হলেও তাদের ঘরে প্রবেশের আগে অনুমতি নেওয়া উচিত।

জাবের ইবনে আবদুল্লাহ (রা.)

প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

প্রশ্ন-উত্তর

রাগ করে অন্য মহল্লায় নামাজ পড়া

প্রশ্ন : আমাদের এলাকার একজন লোক আছে, তার সঙ্গে কারো বনিবনা হয় না। মসজিদে এলেও মুসল্লিদের সঙ্গে ঝগড়া হয়, তাই মাঝে মাঝে সে অনেক দিনের জন্য রাগ করে অন্য মহল্লায় গিয়ে নামাজ পড়ে। আমার প্রশ্ন হলো, যদি কেউ বিদ্বেষী হয়ে নিজ মহল্লার মসজিদ রেখে অন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করে তাহলে তার বিধান কী?

      আলাউদ্দীন, কক্সবাজার

উত্তর : ইসলামের দৃষ্টিতে যৌক্তিক কারণ ছাড়া কোনো মুসলমানের জন্য অন্য মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখা হারাম। এতে বিদ্বেষী ব্যক্তি গুনাহগার হবে। আর প্রত্যেক মুসল্লির ওপর নিজ মহল্লার মসজিদের হক আছে। তার জন্য নিজ মহল্লার মসজিদেই নামাজ আদায় করা বেশি সওয়াবের কাজ। এতৎসত্ত্বেও কেউ বিদ্বেষী হয়ে নিজ মহল্লার মসজিদ ত্যাগ করে অন্য মসজিদে নামাজ আদায় করলে সে মহল্লার মসজিদের অধিক সওয়াব থেকে বঞ্চিত রইল। আর সে সীমা লঙ্ঘনকারী না হলে তার জন্য মহল্লার মুসল্লিদের সঙ্গে মীমাংসা করে সেখানেই নামাজ আদায় করা আবশ্যক। (বুখারি, হাদিস : ৬০৬৪, ফাতহুল বারি : ১০/৫৯২, রদ্দুল মুহতার : ১/৬৫৯)

 

পাকিস্তানে ওআইসির নারী বিষয়ক সম্মেলন শুরু

নিহার মামদুহ
পাকিস্তানে ওআইসির নারী বিষয়ক সম্মেলন শুরু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল (১২ জুলাই) শুরু হয়েছে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নারীবিষয়ক নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলনে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে জ্যেষ্ঠ সরকারি প্রতিনিধি, নীতিনির্ধারক, বিশিষ্ট নারী নেত্রী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন। সম্মেলনের লক্ষ্য নারীর ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও আর্থ-সামাজিক অগ্রগতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করা।

উচ্চ পর্যায়ের সম্মেলনটি ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর জন্য অভিজ্ঞতা বিনিময়, যৌথ কৌশল প্রণয়ন এবং ইসলামী বিশ্বে নারীর মর্যাদা ও অবস্থানের উন্নয়নে সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সম্মেলনের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো এমন একটি অভিন্ন কাঠামো তৈরি করা, যার মাধ্যমে ওআইসি সদস্যদেশগুলোতে নারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা যায়। এতে নারীরা তাদের পূর্ণ সক্ষমতা বিকাশের সুযোগ পাবেন এবং জাতীয় উন্নয়নে আরো অর্থবহ ও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

এ সময় অংশগ্রহণকারীরা এমন নীতি ও উদ্যোগ নিয়ে আলোচনা করবেন, যা সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারীর অবদান আরো বৃদ্ধি করবে এবং সমাজের সব ক্ষেত্রে তাদের অন্তর্ভুক্তি জোরদার করবে। এ ছাড়া প্রতিনিধিরা নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব ও পেশাগত অংশগ্রহণ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি অর্থনৈতিক সুযোগ, আর্থিক ব্যবস্থা এবং উৎপাদনশীল সম্পদে নারীদের প্রবেশাধিকার কিভাবে সম্প্রসারণ করা যায়, সে বিষয়েও মতবিনিময় করবেন।

সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য বিষয় হবে ডিজিটাল লিঙ্গবৈষম্য দূর করা। মন্ত্রী ও বিশেষজ্ঞরা নারীদের প্রযুক্তি, ডিজিটাল দক্ষতা এবং উদ্ভাবনী কার্যক্রমে প্রবেশাধিকার বাড়ানোর বাস্তবসম্মত উপায় নিয়ে আলোচনা করবেন, যাতে দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল অর্থনীতিতে বিদ্যমান লিঙ্গবৈষম্য কমিয়ে আনা যায়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, দুই দিনব্যাপী এই সম্মেলনে ওআইসির ৫৭টি সদস্য দেশ থেকে প্রায় ১৯০ জন প্রতিনিধি অংশ নেবেন।

ন্যাশন ডটকম ডট পিকে