
জেতার স্বপ্ন অটুট এমিলিয়ানোর
আজ কী হতে পারে

স্পেনের নিরাপত্তা সিমনের হাতে

ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন এখন তিনি। সেটিও আবার মর্যাদার বিশ্বকাপ মঞ্চে। গোলপোস্টে উনাই সিমন চলতি বিশ্বকাপে যা করেছেন, সে কারণেই আজ ফাইনালে স্পেন বেশ নিরাপদ বোধ করছে। কারণ এবারের আসরে সাত ম্যাচে রেকর্ড ছয়টিতেই তিনি লা রোজাদের গোলপোস্ট রেখেছেন সুরক্ষিত। এবার রীতিমতো অগ্নিপরীক্ষা এই ২৯ বছর বয়সী গোলরক্ষকের। কারণ প্রতিপক্ষ দলে আছেন বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ২১ গোলের রেকর্ডধারী লিওনেল মেসি। তিনি শুধু গোলই করছেন তা নয়, পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেনও। অবিশ্বাস্য সব সুযোগও তৈরি করে দিচ্ছেন।
নক আউটের ম্যাচগুলোয় শেষ দিকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে আর্জেন্টাইনরা। এবারের আসরে দল হিসেবে সর্বাধিক ১৯টি গোল করেছে আর্জেন্টিনা, যার মধ্যে ম্যাচের ৭৫ মিনিটের পরই প্রতিপক্ষের জালে জড়িয়েছে ১১টি গোল। এই পরিসংখ্যানটা যেকোনো গোলরক্ষকের জন্যই হুমকি। সিমন অবশ্য পুরো টুর্নামেন্টে শুধু কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে একটি গোল হজম করেছেন। এ ছাড়া পর্তুগালের মতো বড় দল ও ফ্রান্সের মতো বিধ্বংসী আক্রমণভাগও তাঁকে পরাস্ত করতে পারেনি। স্প্যানিশ লা লিগায় ২০২৩-২৪ মৌসুমে সিমন সবচেয়ে কম ৩৩ গোল (৩৬ ম্যাচ) হজম করে জেতেন মর্যাদার ‘জামেরা ট্রফি’। ক্যারিয়ারে সেটাই তাঁর সেরা ব্যক্তিগত অর্জন। সেটিকে ছাপিয়ে এই বিশ্বকাপে সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন গ্লাভস’ জেতার ক্ষেত্রে এগিয়েই আছেন সিমন। এবার বিশ্বকাপে ১৪টি সেভ করেছেন তিনি। ডি-বক্সে তাঁর ১০৮টি দুর্দান্ত মুভমেন্ট প্রতিপক্ষের আক্রমণকে বিফল করে দিয়েছে। গোলপোস্ট যেখানে এতটাই নিরাপদ, সেখানে আর্জেন্টিনার বিপক্ষে আজ ফাইনালে ভারমুক্তই থাকতে পারবে স্প্যানিয়ার্ডরা।
তাঁর জাদুও বাঁ পায়েই

‘লামিন অসাধারণ প্রতিভা। আমি তার খেলা দেখি, খোঁজ রাখি, কারণ সে বার্সেলোনায় খেলে। ১৯ বছর বয়সে সে একটা উদাহরণ। দারুণ ভবিষ্যৎ তার সামনে, ঐতিহাসিক বড় কিছু সে অর্জন করতে পারবে। তবে আমরা চেষ্টা করব, এই বিশ্বকাপেই যেন সেটি না হয়’, ম্যানহাটানের জাভিটস সেন্টারে ফাইনালের আগে এক বিশেষ আয়োজনে লামিন ইয়ামালকে নিয়ে বলছিলেন লিওনেল মেসি।
বার্সেলোনায় মেসির ব্যাটনটা এখন ইয়ামালের হাতেই। ইউরো জিতে স্প্যানিশ তারকা বিশ্ব জয়েরও বার্তা দিয়েছিলেন। সেই বিশ্বচ্যাম্পিয়ন হতে আর মাত্র এক ধাপ দূরে তিনি। কিন্তু নাটকীয় হলো, সেই স্বপ্নপূরণের পথে তাঁর সামনে বাধা হয়ে এখন মেসি, ৩৯ বছর বয়সেও যিনি এখনো বিশ্ব শাসন করে যাচ্ছেন। এই লড়াইটা মেসি বনাম ইয়ামাল হবে কি না ফাইনালের আগে বরং সেই সংশয়ই তৈরি হয়েছে। মেসি এতটাই আলোকিত এই টুর্নামেন্টে যে অন্য যে কেউই যথেষ্ট ম্লান তাঁর সামনে। ইয়ামালের বাঁ পায়ের ঝলক, সৃষ্টিশীলতা তাঁকে আলোচনায় নিয়ে এসেছে। তবে এই বিশ্বকাপে স্পেন ততটা ব্যক্তিগত নৈপুণ্যে আলোকিত নয়, যতটা কিনা তারা দলগতভাবে নিজেদের মেলে ধরেছে। রদ্রি, পেদ্রির মাঝমাঠ স্প্যানিশদের বড় শক্তি, টুর্নামেন্টে এখন পর্যন্ত একটা মাত্র গোল হজম করেছে তারা, সেটি বোঝাচ্ছে তাদের রক্ষণ দৃঢ়তাও। আক্রমণভাগে রিয়াল সোসিয়েদাদ স্ট্রাইকার মিকেল ওইয়ারসাবালের সবচেয়ে বেশি পাঁচটি গোল। বিশ্বকাপের আগে আগে চোটে পড়েছিলেন ইয়ামাল। চোট কাটিয়ে নিজের সেরায় ফেরার লড়াই ছিল তাঁর। ফাইনালের আগে তাঁর নামের পাশে একটিমাত্র গোল হয়তো সে কারণেই। তবে গোল না পেলেও ইয়ামাল ছন্দে ফিরেছেন, কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে বা ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে সেটি দেখাও গেছে। ডান প্রান্তে তিনি বল পেলেই ত্রস্ত হয়েছে প্রতিপক্ষের ডিফেন্স, সেই সুযোগ কাজে লাগিয়েছেন ফরোয়ার্ড লাইনের অন্যরা।
ইয়ামাল তাঁর সেরাটা যদি আজই মেলে দেন, অবাক হওয়ার কিছু থাকবে না। গত ইউরোর সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে আলোচিত তাঁর পারফরম্যান্স। সে ম্যাচেই দেখা গিয়েছিল, তিনি ছন্দে থাকলে তাঁকে রোখা কঠিনতম কাজ প্রতিপক্ষের জন্য। মেসি-ইয়ামালের সরাসরি লড়াইটা হয়তো হবে না, দুজন বিপরীত দুই পোস্টে ঝলক দেখানোর অপেক্ষায় থাকবেন। দিনটি কি মেসির হবে নাকি ইয়ামালেও আবিষ্ট হবে ফুটবলবিশ্ব, জানা যাবে শুধু ফাইনালের বাঁশির পরপরই। স্পেন কোচ দে লা ফুয়েন্তে তুলনায় যেতে চাননি, ‘লামিন লামিনের মতো। আর মেসিও ফুটবল ইতিহাসে শুধু একজনই, দারুণ একটা বিশ্বকাপও পার করছে সে। তবে আমি বলব, লামিনের তেমনই অসাধারণ প্রতিভা আছে।’ আজই আসলে সেই প্রতিভা পুরোপুরি তুলে ধরার মাহেন্দ্রক্ষণ।
স্পেন দল হিসেবে এই আসরে দুর্দান্ত। ইয়ামাল যা করেন বা করতে পারেন, তা তো বাড়তি পাওয়া। ফাইনালে সেই ঝলক যোগ হলে স্পেনের সম্ভাবনা বেড়ে যায় আসলে বহুগুণ। মেসিকে নিয়ে দে লা ফুয়েন্তে যেমন গল্প শুনিয়েছেন, তেমন অনেক ডিফেন্ডারের দুঃস্বপ্ন হয়েছেন ইয়ামাল এ বয়সেই। আর্জেন্টিনার ডিফেন্সকেও আজ সেই পরীক্ষা দিতে হচ্ছে।
মেসি আছেন বলেই...

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন সাধারণত ম্যাচের আগের দিনই হয়ে থাকে। ফাইনালের আগে হলো ব্যতিক্রম। সংবাদ সম্মেলন হলো তারও এক দিন আগে। ফাইনালের আগের দিনটায় দুই দলের মনঃসংযোগে ব্যাঘাত না ঘটাতেই হয়তো বা। দুটি দলই উঠেছে নিউজার্সিতে, কিন্তু সংবাদ সম্মেলন হলো নিউইয়র্ক সিটিতে। পৃষ্ঠপোষকদের কিছু চাহিদা তো ছিলই। কোচের সঙ্গে একজন করে খেলোয়াড় এলেন, লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে রদ্রি আর লিওনেল স্কালোনির সঙ্গে এমিলিয়ানো মার্তিনেস; কিন্তু এর বাইরে এলেন লিওনেল মেসি। ফাইনালের আগে সেটিই হয়তো চাহিদা। নিউজার্সি থেকে হেলিকপ্টারে করে উড়িয়ে আনা হলো মেসিদের।
প্রথাগত সংবাদ সম্মেলনের বাইরে দর্শক উপস্থিতিতে আরো একটি আয়োজন ছিল। স্বাভাবিকভাবে মেসিই সেখানে মধ্যমণি। রিও ফার্ডিনান্ড অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, একটু পর তাঁর সঙ্গে যোগ হলেন নোভাক জোকোভিচ। দর্শকদের তেমনি চমকে দিয়ে মঞ্চে হাজির বাস্কেটবল তারকা কেভিন ডুরান্ট। পরে মূল সংবাদ সম্মেলন শুরু হলে আর্জেন্টাইন একজন সাংবাদিক রাখঢাক না রেখেই স্কালোনির কাছে জানতে চাইলেন, এটিই আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ কি না? ফাইনালের আগের দিন মেসিকে নিয়ে বাড়তি আয়োজন থাকলেও এই প্রশ্নটা সেখানে এড়িয়েই যাওয়া হয়েছে। মেসির শেষ ম্যাচ—তেমন কিছু যে ফাইনালের আবহকেও ছাপিয়ে যেতে পারে। মেসি নিজেও হয়তো চাননি তা। স্কালোনিও জবাব দিতে চাননি, ‘আপনি এটি মেসিকেই জিজ্ঞাসা করুন, আমি কিভাবে জানব। সে ক্রমাগত আমাদের চমকে দিয়ে যাচ্ছে।’ কাতার বিশ্বকাপের ফাইনালের আগেও আলোচনাটা উঠেছিল, সেটিই বিশ্বকাপে মেসির শেষ ম্যাচ কি না। সেখান থেকে আরো একটা বিশ্বকাপ, মেসির ফাইনালে উঠে আসা, শেষটা সত্যিই মেসি ছাড়া আর কে বলতে পারেন।
স্কালোনি বরং এই সুযোগে আর্জেন্টাইন খুদে জাদুকরের প্রতি আরো একবার নিজের নৈবেদ্য ঢেলে দিলেন, ‘আমরা ডিয়েগোকে (ম্যারাডোনা) এখনো মিস করি। তবে মেসি এখনো আমাদের সামনে আছে, আসুন তাকে উপভোগ করি। ৩৯ বছর বয়সে আরো একটা বিশ্বকাপ ফাইনালে তুলে নিয়ে গেছে সে দলকে, এটি অবিশ্বাস্য।’ ৮ গোল আর ৪ অ্যাসিস্ট নিয়ে বিশ্বকাপের গোল্ডেন বুটও হয়তো জিততে যাচ্ছেন তিনি। ফাইনালে আরো একবার তাঁর জাদুকরী পায়ের দিকে তাকিয়ে সবাই। লুইস দে লা ফুয়েন্তেকে প্রশ্ন করা হয়েছিল, এই মেসিকে তিনি কিভাবে থামাবেন। উত্তরে স্প্যানিশ কোচ বরং গল্প শুনিয়েছেন, ‘আমি তখন সেভিয়ার যুব দলে কাজ করি। মেসি বার্সেলোনার জুনিয়র দলের হয়ে খেলতে এসেছিল। আমি তখন তাকে মার্ক করার জন্য একজনকে ঠিক করি। দেখা গেল, সে সেই কাজ করতে গিয়ে হলুদ কার্ড খেয়ে বসেছে। আমি ওকে তুলে নিলাম, কিন্তু মেসি এরপর ৪ গোল করল আমাদের বিপক্ষে।’ সেই মেসিকে নিয়ে পরিকল্পনা সাজানো তাই অনেক ক্ষেত্রেই অর্থহীন। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষেও প্রত্যাবর্তনের নায়ক তিনি।
ফাইনালের জন্য তাঁর জাদুর ঝুলিতে আর কী কী তুলে রেখেছেন, সেটিই এখন দেখার। মেসিহীন আর্জেন্টিনা দলটাকে সাধারণই মনে হবে; কিন্তু মেসিকে মাঝখানে রেখে এই সাধারণ গোছের দলটিই যেন অপ্রতিরোধ্য হয়ে ওঠে। হতে পারে আজ শেষবার এই ছবিটা দেখা। শেষ হাসিটাও হয়তো থাকবে।
