ধারাবাহিক ধর্ষণের অভিযোগে বিতর্কিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান টেটকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাজ্য সরকারের প্রত্যপর্ণের অনুরোধে মার্কিন মার্শালরা শনিবার (১৮ জুলাই) ফ্লোরিডার মায়ামি থেকে তাদের গ্রেপ্তার করে। মার্কিন মার্শাল সার্ভিসের মুখপাত্র ব্র্যাডি ম্যাককারন জানান, একটি সিলমোহর করা পরোয়ানার ভিত্তিতে এই দুই ভাইকে হেফাজতে নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে এই দুই ভাইকে মায়ামির ফেডারেল আদালতে হাজির করা হতে পারে।
যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস তাদের বিরুদ্ধে ধর্ষণ, মানব পাচার, যৌন নিপীড়ন ও শিশুদের অশ্লীল ছবি রাখার মতো একাধিক গুরুতর অভিযোগ এনেছে। বড় ভাই অ্যান্ড্রু টেটের বিরুদ্ধে ৪২টি অভিযোগের তদন্ত হচ্ছে। আর ট্রিস্টান টেটের বিরুদ্ধে অভিযোগ ১৭টি। তাদের বিরুদ্ধে অন্তত ৭ জন নারী ধর্ষণের অভিযোগ এনেছেন। ২০১০ থেকে ২০১৭ সালের মধ্যে লন্ডনের উত্তরে ইস্ট অফ ইংল্যান্ডের বেডফোর্ডশায়ার এবং হার্টফোর্ডশায়ার এলাকায় ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে।
বেডফোর্ডশায়ারের অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল কারেনা থমাস বলেছেন, ’আমাদের মেজর ক্রাইম ইউনিটের কর্মকর্তারা এই জটিল তদন্তের অংশ হিসেবে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস এবং জাতীয় ও আন্তর্জাতিক উভয় আইন প্রয়োগকারী সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।’ তিনি বলেন, ‘নারী ও মেয়েদের ওপর পুরুষদের সহিংসতার কোনো স্থান নেই। আমরা ভুক্তভোগীদের সহায়তা করতে এবং আমাদের কাছে আসা সমস্ত অভিযোগের তদন্ত করতে অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাব।’
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক অ্যান্ড্রু ও ট্রিস্টান মায়ের সূত্রে যুক্তরাজ্যেরও নাগরিক। মায়ের সাথে যুক্তরাজ্যেই তাদের বেড়ে ওঠা। বড় ভাই অ্যান্ড্রুর ভানুয়াতুর পাসপোর্টও রয়েছে। ২০১৬ সালে দুই ভাই বিলাসবহুল ভিলা কিনে রোমানিয়ায় বসবাস শুরু করেন। কিন্তু রোমানিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র জুড়ে নারী পাচার এবং তাদের যৌন শোষণের অভিযোগে ২০২২ সালের ডিসেম্বরে রোমানিয়ায় তাদের গ্রেপ্তার করা হয়। রোমানিয়ার কারাগার থেকে মুক্তি পেয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তারা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যান। তবে সেখানে পৌঁছানোর পরপরই তারা আরেকটি অপরাধের তদন্তের মুখোমুখি হন। ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমিয়ার ‘অফিস অফ স্টেটওয়াইড প্রসিকিউশন’-এর নেতৃত্বে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ তদন্ত করছে।
টেট ভাইয়েরা শুরু থেকেই তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন এবং নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন। তাদের বিশ্বজুড়ে কোটি কোটি ফলোয়ার রয়েছে। বিশেষ করে অল্পবয়সী তরুণদের মধ্যে তারা খুবই জনপ্রিয়। অনলাইনে দামি গাড়ি, টাকা-পয়সা ও বিলাসবহুল লাইফস্টাইল দেখিয়ে তারা তরুণদের আকৃষ্ট করেন। তবে উগ্র নারীবিদ্বেষী বক্তব্যের কারণে দুই ভাই বিশেষ করে অ্যান্ড্রু চরম বিতর্কিত। অ্যান্ড্রু টেট নিজেকে একজন স্বঘোষিত নারীবিদ্বেষী হিসেবে পরিচয় দেন। নারীদের কুকুরের সাথে তুলনা করা, ধর্ষণের শিকার নারীদেরই দোষারোপ করা এবং নারীদের পুরুষের সম্পত্তি মনে করার মতো অত্যন্ত আপত্তিকর বক্তব্য দিয়ে তিনি তীব্র সমালোচনার শিকার হন। অ্যান্ড্রু পুরুষদের চরম আধিপত্যবাদী এবং নারীদের বশ্যতা স্বীকার করার সংস্কৃতি প্রচার করেন। সমাজে ঘৃণা ও বিষাক্ত পুরুষতন্ত্র ছড়ানোর অভিযোগে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সমাজকর্মীরা তার তীব্র বিরোধিতা করেন। তীব্র ঘৃণা ছড়ানোর কারণে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক ও স্পটিফাইয়ের মতো বড় বড় প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন সময়ে টেট ভাইদের নিষিদ্ধ বা সাসপেন্ড করা হয়েছে।