• ই-পেপার

অনুভবের ঋতু : ২

  • জাহিদ হায়দার

অনিদ্রাতাড়িত ভায়োলিন

মাসউদ আহমাদ

অনিদ্রাতাড়িত ভায়োলিন
অঙ্কন : তানভীর মালেক

একদিন ঘুমভাঙা ভোরে, মিঠেখালীর বাড়িতে বিছানা ছেড়ে ঘরময় পায়চারি শুরু করল তরুণ কবি ও ভাবুক হিমেল বরকত।

হিমেল, যার অন্য নাম মুহম্মদ বরকতুল্লাহ। এই নামটি তার ডাক্তার বাবা শেখ মুহম্মদ ওয়ালীউল্লাহ রেখেছিলেন। কী যেন কী ভেবে হিমেল ঘর থেকে বারান্দায় বেরিয়ে আসে।

বাইরে, রোজকার ভোরের মতো যে যার কাজে বাড়ি থেকে বেরিয়ে পড়ছে। অনেকে ঘরের কাজে ব্যস্ত। কেউ কাজে বেরোনোর প্রস্তুতি নিচ্ছে।

ভোরের এই সময়টা অদ্ভুত সুন্দর। পাখির কিচিরমিচির, শিশিরভেজা ঘাস ও পুব আকাশের মনোরম আলোপৃথিবী এক অপার্থিব সৌন্দর্যে ভরে ওঠে। চারপাশে কচি লেবুপাতার মতো সুন্দর ও স্নিগ্ধ আলো ফোটে। কী যে ভালো লাগে! ভালোলাগায় মন প্রশান্ত হয়ে যায়।

ক্যামেরা ঘোরানোর মতো করে হিমেল একবার মাথাটা এদিক-ওদিক ঘোরায়। সে মুহূর্তেই সবার অলক্ষ্যে আলগোছে বাড়ির পেছনে চলে এলো। এদিকে খানিকটা বুনো পরিবেশ, বিচিত্র গাছপালা ও ফসলি জমি। অদূরে পারিবারিক কবরস্থান।

হঠাৎ হিমেলের বুকের বাঁ পাশে অদ্ভুত শিহরণ খেলে যায়। আর হাহাকার। বাইরে ঝকঝকে সকালের রোদ গোলাপকুঁড়ির মতো চারদিকে পেখম মেলে দিচ্ছে। বাইরে মৃদু বাতাস বইছে। বাইরে সকালে এমন বাতাস রোজই বয়। তবু তার মনে হলো, আজকের বাইরের বাতাস অন্যদিনের থেকে একটু আলাদা ও রহস্যময়। কেন তার এমন মনে হলো?

হিমেল একবার দূরের আকাশে চোখ রাখল। চোখ নামিয়ে আনল এবং আচমকা সে লক্ষ করল, সারি সারি কবরের একদিকে তার দাদা কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর কবরটা।

নতুন কবরের চিহ্ন ধীরে মুছে গেছে। সময়ের পলি পড়তে পড়তে রোদ-বৃষ্টি ও ঝড়ে কবরের উঁচু অংশটা মিশেছে পাশের সমতল মাটির সঙ্গে। এমন হয়।

মানুষের মৃত্যুর পর, জীবনের এই তো নিয়তি।

বুকের গভীর থেকে দীর্ঘশ্বাসের সঙ্গে ওর কথাটা বেরিয়ে আসে। হিমেলের মনে একবার কৌতূহল উঁকি দেয়, এক বুক মাটির নিচে কবরের ভেতরে কেমন আছে, আমার প্রিয় রুদ্রদা?

বড় ভাই রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে হিমেল সব সময় দাদাই ডাকত। কত দিন হয়ে গেল, দাদার ভালো-মন্দ জানতে পারে না! মাঝে মাঝে মনটা খুব উচাটন হয়, হাহাকার করে ওঠে। চোখ ভরে আসে জলে।

ঘরে ও বাইরে, এমনকি সারা পৃথিবীর মানুষের খবর কোনো না কোনোভাবে জানা যায়, শোনা যায়। শুধু বাড়ির পাশে কবরের ভেতরে কী হচ্ছে, মানুষটি কেমন আছে, জানা হয় না।

হঠাৎ রুদ্রর লেখা একটি কবিতার কথা হিমেলের মনে পড়ে। অদ্ভুত কবিতা, নাম অনিদ্রাতাড়িত সময়ের বিছানায়

এই কবিতায় রুদ্রদা তাঁর জীবনের একাকিত্ব, ঘুম ও মৃত্যুকল্পনা নিয়ে ভাবনার প্রকাশ করেছিলেন

নোতুন কোথাও এলে আমি ঘুমুতে পারি না

অপরিচিত রাতে

অনিদ্রাতাড়িত হয়ে জেগে থাকি বিছানায়

অচেনা শব্দেরা সব ছুটে আসে ঝাঁক ঝাঁক আরশোলা

যেন অনধিকার প্রবেশ আমার কোনো এলাকায়

আমি ঘুমুতে পারি না।

 

এখন দাদার কবরটা আর সব কবরের মতো সাধারণ কবর। কবরের ওপরে ছিন্ন কাঁঠালপাতা ও কড়ইগাছের শুকনো পাতা এসে পড়ছে। বোঁটাচ্যুত শুকনো পাতাগুলো কবরের চারপাশে এলোমেলো উড়ছে।

গাছের ঝরা পাতা আপন মনে এমন ওড়ে। উড়তেই পারে। এতে অস্বাভাবিক কোনো ব্যাপার নেই। কিন্তু হিমেল খেয়াল করল, ঝরা পাতাগুলো ধীরে ধীরে কাগজের টুকরোর মতো আকার ও রং ধরে নিতে লাগল। ক্রমশ কাচভাঙা রোদের মিশেলে এক ধরনের চোখ-ঝলসানো ছায়া পড়তে লাগল কবরের ওপর। শীতের সকালে পুকুরের জলে সূূর্যের কিরণ পড়লে যেমন রহস্যময় দৃশ্যের রূপ তৈরি করে, তেমন।

হিমেলের চোখে দ্রুত পলক পড়ল। একবার সে ভাবল, একি স্বপ্নকল্পনা? নাকি বাস্তবেই ঘটছে? সে বুঝতে পারল না। সে কিছুটা দিশাহারা বোধ করতে লাগল।

ঝরা পাতা কাগজে রূপ নেওয়ার পর চোখের পলকে ছেঁড়া কাগজের টুকরোগুলো এক এক করে জোড়া লাগছে। জোড়া কাগজের একেকটা টুকরো বড় আকার পেতে লাগল। যেন একেকটা টুকরো চিঠি। সেই চিঠির রূপ পাওয়া কাগজ কবরের চারপাশে পুঁতে রাখা বাঁশের বেড়ার ধ্বংসাবশেষের একেক দিকে সেঁটে গেল। সঙ্গে সঙ্গে আরো কিছু ছিন্ন পাতা চারপাশে উড়ছে।

হিমেল স্বপ্নগ্রস্তের মতো পায়ে পায়ে দাদার কবরের পাশে এসে দাঁড়ায়। এত সকালে এদিকটায় কারো আসার কথা নয়।  তবু সতর্ক চোখে সে একবার চারপাশে দৃষ্টি বুলিয়ে নিল। কেউ তাকে অনুসরণ করছে না তো?

কাগজের টুকরো বা জোড়ালাগা কাগজ স্রেফ সাদা পাতা নয়। ছাড়া ছাড়াভাবে কিছু লেখা। কী লেখা আছে ওই কাগজের টুকরোগুলোতে?

হিমেল কবরের আরো কাছে সরে এলো। ধীরে ধীরে তার চোখে পরিষ্কার হতে থাকলকাগজে ঠিক ছাপার অক্ষরের লেখা নয়, বলপয়েন্ট কলমে লেখা অজস্র শব্দ, বাক্য ও দীর্ঘশ্বাস।

একনজর দেখেই সে বুঝতে পারল, টুকরো কাগজে হাতের লেখাটা বেশ সুন্দর। গোছানো। কিছুটা মেয়েলি ধাঁচের লেখা অক্ষর। ওর মনে হলো, এই অক্ষর ও শব্দগুচ্ছ আগেও সে অন্য কোথাও দেখেছে। কোথায় দেখেছে কিছুতেই সে মনে করতে পারল না।

মাথাটা খানিক নুইয়ে চোখ সরু করে আনল হিমেল বরকত। কবরে বাঁশের বেড়ায় ও ছড়িয়ে থাকা ছিন্ন শব্দ ও বাক্যগুলোর পাঠোদ্ধারে সে প্রাণান্ত চেষ্টা করতে লাগল

প্রিয় রুদ্র,

প্রযত্নে আকাশ,

তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশজুড়ে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও? তুলোর মতো, পাখির মতো? তুমি এই জগৎসংসার ছেড়ে আকাশে চলে গেছ। তুমি আসলে বেঁচেই গেছ রুদ্র। আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না? তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে, আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরীবাগ, লালবাগ চষে বেড়াতে? ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না, ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ একসময় যা ইচ্ছে হতো তোমার তা-ই করতে। ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে...করতে। ইচ্ছে যদি হতো সারা দিন পথে পথে হাঁটতে...হাঁটতে। কে তোমাকে বাধা দিত? জীবন তোমার হাতের মুঠোয় ছিল। এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছ। আমার ভেবে অবাক লাগে, জীবন এখন আর তোমার হাতের মুঠোয় নেই। ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে মিঠেখালী রেখে এলো, তুমি প্রতিবাদ করতে পারোনি।

আচ্ছা, তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কী, দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলী খালার সঙ্গে? তার উদ্দেশে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন! তুমি আর কারো সঙ্গে প্রেম করছ, এ আমার সইত না। কী অবুঝ বালিকা ছিলাম, তাই না! যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে। যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্য। যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেল বাড়ি থেকে, আমার খুব দম বন্ধ লাগছিল। ঢাকা শহরটিকে এত ফাঁকা আর কখনো লাগেনি। বুকের মধ্যে আমার এত হাহাকারও আর কখনো জমেনি। আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম ময়মনসিংহে। আমার ঘরে তোমার বাক্সভর্তি চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কান্না কেঁদেছিলাম। আমাদের বিচ্ছেদ ছিল চার বছরের। এত বছর পরও তুমি কী গভীর করে বুকের মধ্যে রয়ে গিয়েছিলে! সেদিন আমি টের পেয়েছি।

আমার বড় হাসি পায় দেখে, এখন তোমার শয়ে শয়ে বন্ধু বেরোচ্ছে। তারা তখন কোথায় ছিল? যখন পয়সার অভাবে তুমি একটি শিঙাড়া খেয়ে দুপুর কাটিয়েছ। আমি না হয় তোমার বন্ধু নই, তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে। এই যে এখন তোমার নামে মেলা হয়, তোমার চেনা এক আমিই বোধ হয় অনুপস্থিত থাকি মেলায়। যারা এখন রুদ্র রুদ্র বলে মাতম করে, বুঝি না তারা তখন কোথায় ছিল?

শেষ দিকে তুমি শিমুল নামের এক মেয়েকে ভালোবাসতে। বিয়ের কথাও হচ্ছিল। আমাকে শিমুলের সব গল্প একদিন করলে। শুনে...তুমি বোঝোনি আমার খুব কষ্ট হচ্ছিল। এই ভেবে যে, তুমি কী অনায়াসে প্রেম করছ! আর তার গল্প শোনাচ্ছ! ঠিক এই রকম অনুভব একসময় আমার জন্য ছিল তোমার! আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা। নির্ঘুম রাত কাটানোর গল্প শুনে আমার কান্না পায় না বলো? তুমি শিমুলকে নিয়ে কী কী কবিতা লিখলে তা দিব্যি বলে গেলে! আমাকে আবার জিজ্ঞেসও করলে, কেমন হয়েছে? আমি বললাম, খুব ভালো। শিমুল মেয়েটিকে আমি কোনো দিন দেখিনি, তুমি তাকে ভালোবাসো, যখন নিজেই বললে, তখন আমার কষ্টটাকে বুঝতে দিইনি। তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই, কিন্তু আর কাউকে ভালোবাসতে পারিনি। ভালোবাসা যে যাকে-তাকে বিলানোর জিনিস নয়।

আকাশের সঙ্গে কত কথা হয় রোজ! কষ্টের কথা, সুখের কথা। একদিন আকাশভরা জোছনায় গা ভেসে যাচ্ছিল আমাদের। তুমি দু-চারটি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। মোংলায় বসে গানটি লিখেছিলে। মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে? আমার? নেলী খালার? শিমুলের? অনেক দিন ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি। একটা সময় ছিল তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম। তুমিও লিখতে প্রতিদিন। সেবার আরমানিটোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা। তুমি পাবে তো এই চিঠি? জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না, তবু মানুষ আর বাঁচে কদিন বলো? দিন তো ফুরায়। আমার কি দিন ফুরাচ্ছে না? তুমি ভালো থেকো। আমি ভালো নেই।

ইতি,

সকাল

পুনশ্চ : আমাকে সকাল বলে ডাকতে তুমি। কতকাল ওই ডাক শুনি না। তুমি কি আকাশ থেকে সকাল, আমার সকাল বলে মাঝেমধ্যে ডাকো? নাকি আমি ভুল শুনি?

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ জীবনের মায়া ত্যাগ করে অনন্তের পথে চলে গেছেন সেই কবে! রুদ্রদার পরিযায়ী বউ তসলিমা নাসরিনও তাঁর জীবনের বাঁক ফিরিয়ে অন্য কোথাও তরি ভিড়িয়েছে। দুজনের সম্পর্ক, বোঝাপড়া ও লেনদেন কবেই চুকেবুকে গেছে। স্মৃতিরাও ঝাপসা হতে হতে ধুলায় মিশে চলেছে।

এত দিন পর সে কেন আবার লিখল রুদ্রদাকে?

কবরস্থানে সকালের হাওয়ায় ভেসে আসা গাছের ছিন্ন পাতায় পাতায় অলৌকিকভাবে ফুটে উঠেছে কথা ও অভিমান। এক বই পরিমাণ সেই কথা ও অভিমান পড়তে পড়তে কিছু অদ্ভুত স্মৃতিভার হিমেলের ভাবনার করোটিতে ভিড় জমায়।

তসলিমা নাসরিন মেধাবী ও সুন্দরী নারী। তার চোখ সুন্দর। সে কথা বলে সুন্দর করে। মানুষকে সহজেই আপন করে নিতে পারে। বিদুষী ও সাহসী। সে কখনো কাউকে পরোয়া করেনি। আজও করে না। সমাজের আড়চোখ অথবা বাঁকা চোখে তার যায় আসে না। প্রায় কাছাকাছি নামে তসলিমার একটি কবিতার বইও আছে : আমার কিছু যায় আসে না

তসলিমার আছে এক আশ্চর্য প্রেমিক মন আর প্রেমে পড়ার অসামান্য ক্ষমতা। প্রেম পৃথিবীর সবচেয়ে সুন্দর ও মৌলিক অনুভূতি। জীবনের সবচেয়ে দামি জিনিস। প্রেম ছাড়া জীবনের মূল্য কানাকড়িও নয়। প্রেমে পড়েই তো একসঙ্গে মিলেছিলরুদ্রদা ও তসলিমা বউদি।

পরে প্রজাপতির মতো, কখনো ভ্রমর হয়ে তসলিমা রুদ্রফুল থেকে অন্য ফুলে, কখনো আরেক ফুলে উড়ে গিয়ে বসেছে। নতুন স্বপ্নবাসনায় থিতু হয়েছে। অথবা হয়নি। অন্য ফুলে সে বসতেই পারে। রুদ্রদা বেঁচে থাকতে যেমন পারে, তাঁকে দেখিয়ে দেখিয়ে; দাদার মৃত্যুর পরে প্রেমের সেই পথ আরো মসৃণ হয়েছে।

অথচ আশ্চর্য, প্রেমের কাছে কী অসহায়ভাবে হেরে গেছে তসলিমা! রুদ্রদার জন্য এখনো তার মন কেমন করে। প্রাণ কাঁদে। দাদা মরে গিয়ে ভূত হয়ে গেছে। তবু দাদা কবে কোন অনুরাগিণীর সঙ্গে মিশেছে এবং ঘুরে বেড়িয়েছে, সেসব মনে করে আজও তসলিমার অভিমান হয়। অভিযোগ মনে আসে।

পৃথিবী কত বদলে গেল, মানুষ কত এগিয়ে গেল, রুদ্রদা মরে গিয়ে তো ফুরিয়েই গেল, তসলিমা নিজে বদলেছে আরো বেশি এবং সে বিশ্বময় ছড়িয়ে গেছে।

তবু কী আশ্চর্য, প্রেমে ও অপ্রেমে রুদ্রদা আজও তাকে তাড়িয়ে বেড়ায়!

মানুষের জীবনে এমনও হয়? হতে পারে?

বন্ধুরা কেউ কেউ বলে, এমনকি বাড়িতে বড় বোনেরাও খোঁচা দেয়, হিমেল, তুই একটা উদাসী প্রেমিক। আবার কবি। তোর কপালে কী আছে, আল্লাহই ভালো জানে।

হিমেল নিজেও উপলব্ধি করে, আর সব তরুণের মতো সে ডানপিটে নয়। শান্ত ও ভাবুক। প্রকৃতি তার ভালো লাগে। আর কবিতা। কখনো নদী। নির্জন মেঠো পথ।

তারপর কী ঘটেছিল কবরস্থানে হিমেল বরকতের সঙ্গে, একা নিরালায়? কেউ জানে না।

বেলা বাড়ছে, সেই সঙ্গে রোদের তেজ। হিমেলের যখন জ্ঞান ফিরল, সে দেখল, বাড়ির ভেতরে বারান্দায় সে শুয়ে আছে। মাথার নিচে মানকচুর পাতা রেখে বড় বোন তার মাথায় পানি ঢালছে। মুখের ওপর মা-বাবা ও ভাই-বোনেরা চিন্তিত এবং আর্ত চোখে তাকিয়ে আছে।

বাবা নিজে ডাক্তার। তবু শহর থেকে ডাক্তার ডেকে নিয়ে এসেছেন। ঘটনার আকস্মিকতায় সে কেঁপে উঠল। বাড়ির পরিবেশ উপেক্ষা করে মৃদু হাসল। এতে সবার মধ্যে শুকরিয়া জ্ঞাপনের ইশারা ফুটে উঠল।

কেউ বলেনি, অভিযোগ করেনি, নিজেই সে উপলব্ধি করতে পারে, কিছুটা নস্টালজিয়াকাতর ধরনের মানুষ হিমেল বরকত।

গল্পের মতো সকালবেলার এই ঘটনাপ্রবাহ বাস্তবেই ঘটেছিল কি না, সে মনে করতে পারে না।

ডাক্তার বললেন, দুশ্চিন্তার কারণ নেই। ছেলের শরীর দুর্বল। নানা কারণে মনের ওপর চাপ পড়েছে। একটু হাওয়া বদল করতে পারলে দ্রুত সেরে যাবে। আমি চলি।

মা এসে বসলেন ছেলের বিছানার পাশে। কপালে হাত রেখে বললেন, এখন কেমন আছিস, বাবা?

হিমেল মায়ের কথার উত্তর দিল না। একটা হাত মায়ের আঁচলে রেখে উঠানের ডালিমগাছে তাকিয়ে থাকল।

অনেক দিন আগে এক সকালে, ময়লা জামা-কাপড় বালতিতে ভেজানো ডিটারজেন্ট পাউডারে ডোবাতে গিয়ে হিমেল বেলিফুলের ঘ্রাণ পেয়েছিল। সন্দেহের চোখে আঁতিপাঁতি হাতড়ে সে ঠিকই বেলিফুলের একটা মালা আবিষ্কার করেছিল, বুকপকেটে। পরে মনে পড়ে, স্কুলের এক সহপাঠিনী তাকে ফুলটা উপহার দিয়েছিল।

সকালে ঘুম ভাঙার পর এক অদ্ভুত ঘটনাপ্রবাহ ও বিভ্রমের সড়কদ্বীপে হিমেল ডুবে গিয়েছিল। বারান্দায় শুয়ে মায়ের আঁচলের গন্ধ নিতে নিতে সে টের পেল, ঘটনাপ্রবাহের সত্য-মিথ্যা সন্দিহান চোখে তার মুখে তেরচা চোখে তাকিয়ে আছে।

কী এর রহস্য? হিমেল ভাবল। আবার ভাবল। আরো একবার ভাবল। কিছুই তার কাছে পরিষ্কার হলো না। একসময় তার চোখের পাতা ভারী হয়ে এলো। উঠানে তীব্র রোদ, মানুষের কোলাহল ও ব্যস্ততা। বাড়ির পেছনে একটা কোকিল অস্পষ্ট গলায় ডেকে উঠল। ধীরে ধীরে সে গাঢ় ঘুমের ভেতর তলিয়ে যেতে লাগল।

 

বাজাও তোমার বাঁশি

রেজানুর রহমান

বাজাও তোমার বাঁশি
অঙ্কন : চিন্ময় দেবর্ষি

লোকটি বাঁশি বাজান। এটাই তাঁর পরিচয়। সবাই ডাকে বাঁশিওয়ালা। এর বাইরে তাঁর অন্য কোনো পরিচয় কেউ জানে না। জানবে কী করে? লোকটি তো এই এলাকার বাসিন্দা নয়। টঙ্গী রেলস্টেশনে হঠাৎ একদিন তাঁর আবির্ভাব। আপন মনে বাঁশি বাজাচ্ছিলেন। দেখতে অদ্ভুত কিসিমের। মুখ ভর্তি দাড়ি। পরনে লম্বা কালো ওভারকোট। পায়ে শতচ্ছিন্ন চামড়ার স্যান্ডেল। এই ধরনের অদ্ভুত একটি লোক হঠাৎ কেন টঙ্গী রেলস্টেশনে এলেন? কী তাঁর পরিচয়?

বাঁশি তো ভালোই বাজান। প্রশ্ন করলে জবাব দেন না। শুধুই দাঁত বের হাসেন। রেলস্টেশনে তাঁকে ঘিরে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হলো! নানাজনের নানা মন্তব্য! স্টেশনের সবচেয়ে পুরনো চায়ের দোকানদার হাফিজ মিয়ার ধারণা, লোকটি টিকটিকি। অর্থাৎ সরকারি গোয়েন্দা সংস্থার লোক! স্টেশনের কুলির সর্দার মালেকের ধারণা, এই লোক টিকটিকি নয়। ব্যর্থ প্রেমিক। প্রেমে ব্যর্থতার কারণে মনের দুঃখে দেশান্তরি হয়েছেন। হাফিজ মিয়া ও মালেকের ধারণার পক্ষে দুটি দল দাঁড়িয়ে গেল। একটি দলের ধারণা, এই লোক টিকটিকি। কাজেই তাঁর ব্যাপারে সাবধান থাকতে হবে। বলা তো যায় না, কাকে কখন ফাঁসিয়ে দেন। অন্য দলের ধারণা, লোকটি ব্যর্থ প্রেমিক। তবে হ্যাঁ, তিনি ভালো বাঁশি বাজান এ ব্যাপারে দুই পক্ষই একমত।

এই মাত্র তাঁর বাঁশি শুনে এসেছে বাদাম বিক্রেতা ইসমাইল। চা খাওয়ার জন্য হাফিজ মিয়ার দোকানের সামনে এসে দাঁড়িয়েছে। কুলির সর্দার মালেক আগে থেকেই হাফিজ মিয়ার চায়ের দোকানের সামনে বেঞ্চিতে বসে চা খাচ্ছিল। ইসমাইল চায়ের অর্ডার দিয়ে অদ্ভুত লোকটির প্রসঙ্গ তুললভাইরে ভাই, আমি জীবনে এমন বাঁশির সুর শুনি নাই। মানুষটা সেই রকম বাঁশি বাজায়... ফাসক্লাস টাইপের বাঁশি।

হাফিজ মিয়া ইসমাইলকে প্রশ্ন করলমানুষটার পরিচয় জানতে পারছ? বাড়ি কোথায়? এই এলাকায় কেন আসছে...?

ইসমাইল চায়ের কাপে চুমুক দিয়ে বললনা, এই ব্যাপারে এখনো কিছু জানতে পারি নাই। প্রশ্ন করলে জবাব দেয় না। শুধু হাসে! হাসিটা সুন্দর। মায়া লাগে। আমার মনে হয়, মানুষটা কামেল-দরবেশ টাইপের কেউ হবে।

ইসমাইলের কথা শেষ হতে না হতেই হাফিজ মিয়া সামনের দিকে তাকিয়ে একটু তটস্থ হয়। মানুষের একটা জটলা তার দোকানের দিকেই আসছে। জটলার মাঝখানে অদ্ভুত মানুষটিও আছে। তাঁকে পথ দেখিয়ে নিয়ে আসছে এলাকার একজন তরুণ। তার নাম মন্টু। পেশায় পকেটমার। লোকটিকে একনজর দেখার জন্য উত্সুখ মানুষের ভিড় ক্রমে বাড়ছে।

এই যে ভাই, সরেন তো। হাফিজ চাচা, বাবারে এক কাপ চা দেও তো! বাবা, আপনি কি চায়ের সঙ্গে আর কিছু খাইবেন? বাটার বন, বিস্কুট, কলা...

লোকটি কোনো উত্তর দিলেন না। মালেকসহ অন্য যারা চা খাচ্ছিল, তারা উঠে দাঁড়িয়ে লোকটিকে বেঞ্চিতে বসার আহবান জানায়। লোকটি বেঞ্চের ওপর বসে শুধুই নিঃশব্দ হাসতে থাকেন। হাফিজ মিয়া প্রশ্ন করেবাবা, আপনি কি শুধুই চা খাবেন? কলা, রুটি, বিস্কুট একটা কিছু দেই?

লোকটি এবারও কিছু বলেন না। আকাশের দিকে তাকিয়ে কী যেন দেখেন। তারপর বিড়বিড় করে কিছু একটা বলেন।

মফিজ মিয়া বিনয়ের সঙ্গে লোকটির দিকে চায়ের কাপ বাড়িয়ে দেয়। চায়ের কাপে চুমুক দিয়ে লোকটি স্বস্তি প্রকাশ করে বলেনদুধ চা। আল্লায় দিছে। বলেই ডান হাত ওপরে তুলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানায়।

হাফিজ মিয়া বিনয়ের সঙ্গে প্রশ্ন করেবাবা, আপনার বাড়ি কোথায়?

লোকটি এবার কিছু বলেন না। হাসতে হাসতে আকাশের দিকে ডান হাত তোলেন।

মালেক প্রশ্ন করেবাবা, আপনার সংসার আছে? স্ত্রী, পুত্র, কন্যা...

লোকটি বলেন, সবই মায়ার খেলা।

হাফিজ মিয়া প্রশ্ন করেবাবা, আপনি তো এই দেশেরই মানুষ, নাকি? বাংলাদেশ...

এবার লোকটি যেন অতিমাত্রায় সতর্ক হয়ে ওঠেন। ভয়ার্ত চোখে আশপাশে তাকান। বিড়বিড় করে কিছু একটা বলেন।

লোকটি সতর্ক চোখে আশপাশে দেখে নিয়ে বলেন, বিপদ আসতেছে। অনেক বড় বিপদ। হুঁশিয়ার, সাবধান...লোকটি কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে হঠাৎ সামনের দিকে রুদ্ধশ্বাসে দৌড়াতে থাকেন।

কী বুঝল্যা মালেক? মানুষটার মাথায় মনে হয় ছিট আছে? মালেক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কী জানি, কার মনে যে কী আছে বলা মুশকিল। তবে আমি শিউর, এই লোক টিকটিকি না। মেন্টাল প্রবলেম আছে। দেখে মনে হইল, লেখাপড়া জানা মানুষ।

ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস এইমাত্র প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। হাফিজ মিয়ার চায়ের দোকানে আবার ভিড় শুরু হলো। মালেক বলল, হাফিজ ভাই আমি যাই।

পরের দিন সকালে ঢাকাগামী নীলসাগর ট্রেনযোগে একজন তরুণী টঙ্গী রেলস্টেশনে এসে নামল। তার হাতে একটা ফটো। যাকে সামনে পাচ্ছে তাকেই দেখাচ্ছে। পকেটমার মন্টু তরুণীকে টার্গেট করেছে। ছলে বলে কৌশলে তরুণীর ভ্যানিটি ব্যাগ হাপিস করার সুযোগ খুঁজছে সে। ইদানীং পুরুষের মানিব্যাগ হাপিস করে খুব একটা লাভ হচ্ছে না। মন্টু সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে পুরুষের বদলে মহিলাকে টার্গেট করবে। নীলসাগর এক্সপ্রেস থেকে তরুণীটিকে একা নামতে দেখেই তাকে টার্গেট করেছে মন্টু। তরুণী যাকে কাছে পাচ্ছে তাকেই একটা ফটো দেখাচ্ছে। মন্টু কৌতূহলী হয়ে উঠল। দ্রুত পায়ে হেঁটে তরুণীর সামনে এসে দাঁড়ায় মন্টু। বিনীত কণ্ঠে জানতে চায়ম্যাডাম, আপনি কি কাউকে খুঁজতেছেন?

তরুণী ক্লান্ত কণ্ঠে জবাব দেয়হ্যাঁ। তারপর হাতের ফটোটা উঁচিয়ে ধরে জানতে চায়, এই মানুষটাকে কি দেখেছেন?

ফটো দেখে চমকে ওঠে মন্টু! এটা কার ফটো?

আমার বাবার।

আপনার বাবা?

হ্যাঁ! আমার মোবাইলে একজন মেসেজসহ ছবি পাঠিয়েছে। বাবাকে নাকি এই রেলস্টেশনেই দেখা গেছে। আপনি কি এই রেলস্টেশনে থাকেন?

হ্যাঁ।

তাহলে নিশ্চয়ই তাঁকে দেখেছেন?

তিনি কি বাঁশি বাজান? প্রশ্ন করে মন্টু।

হ্যাঁ। আগ্রহভরে উত্তর দেয় তরুণী!

আপনার বাবা কি মানসিক রোগী?

হ্যাঁ। মানসিক রোগীই বলতে পারেন। তিনি একজন মুক্তিযোদ্ধা।

তরুণীর মুখে মুক্তিযোদ্ধা শব্দটা শুনে বিচলিত হয়ে ওঠে মন্টু। তরুণীর নাম জানতে চায়। তরুণী নিজের নাম বলে।

আমার নাম মেঘনা। আমরা তিন ভাই-বোন। পদ্মা, মেঘনা, যমুনা। পদ্মা আমার বড় ভাই। আমি মেঘনা। আমার ছোট যমুনা। বাবাই আমাদের নাম রেখেছেন। আপনি কি তাঁকে দেখেছেন? হঠাৎ কেঁদে ফেলে মেঘনা।

মন্টুর হিসাব-নিকাশ বদলে যায়। মেঘনার কথা শুনে সিদ্ধান্ত পাল্টায়। মেঘনাকে সহযোগিতা করার কথা ভাবে। মেঘনাকে সহযোগিতা করা মানে একজন মুক্তিযোদ্ধাকে সহযোগিতা করা। মন্টুর বাবাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। লেখাপড়া জানতেন না। দেশকে জালিমের হাত থেকে মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। দেশ স্বাধীনের পর বীরের বেশে দেশে ফিরে আসেন। কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসেবে কোনো মর্যাদা পাননি। কয়েক বছর আগে মারা যান মন্টুর বাবা। মন্টুরা তিন ভাই, দুই বোন। ভাইদের মধ্যে বড় দুজনের একজন ডিমের ব্যবসা করে। অন্যজন ঢাকা শহরে রিকশা চালায়। মা আর অবিবাহিতা দুই বোনকে নিয়ে বাবার সংসারেই থেকে গেছে মন্টু। বাবার মতো সেও অশিক্ষিত। তাই কোনো চাকরি মেলেনি। বাধ্য হয়ে পকেটমার হয়েছে। পরিবারের সবাই জানে মন্টু ঢাকা শহরে চাকরি করে।

মেঘনা অসহায়ের মতো মন্টুর দিকে চেয়ে আছে। বাঁশিওয়ালাকে গতকাল সন্ধ্যার পর টঙ্গী রেলস্টেশনে আর দেখা যায়নি। কোথাও গেছে, নাকি রেলস্টেশনেই আছে খোঁজ নিতে হবে। তার আগে হাফিজ মিয়ার সঙ্গে মেঘনার দেখা করিয়ে দেওয়া উচিত। কারণ হাফিজ মিয়ার কাছে বাঁশিওয়ালার খবর থাকলেও থাকতে পারে।

মেঘনাকে দেখে হাফিজ মিয়া তার চায়ের দোকান থেকে নেমে এলো! পরম মমতায় জিজ্ঞেস করল, বাঁশিওয়ালা কি তোমার বাবা?

হ্যাঁ। মাথা নাড়ে মেঘনা।

তোমাদের বাড়ি কোথায়?

ঢাকা, মিরপুরে। ১০ নম্বর গোলচত্বরের পাশে।

তুমি আসো আমার সঙ্গে।

মেঘনা ও মন্টুকে সঙ্গে নিয়ে রেলস্টেশনের অপেক্ষাকৃত একটি ফাঁকা জায়গায় আসে হাফিজ মিয়া। যাত্রীদের বসার জন্য একটা বেঞ্চ খালি পড়ে আছে। মেঘনাকে ওই বেঞ্চে বসিয়ে নিজেও মেঘনার পাশে বসে হাফিজ মিয়া।

আমার বাবা কোথায় আপনি জানেন?

তোমার বাবা আছেন, ধারেকাছেই আছেন! তোমাকে কি আমি কয়েকটা প্রশ্ন করতে পারব?

প্রশ্ন করেন।

তোমার বাবার পরিচয় কী?

তিনি একজন স্কুলশিক্ষক। রিটায়ার করেছেন। তাঁর বড় পরিচয় তিনি একজন মুক্তিযোদ্ধা।

হাফিজ মিয়া বলে, তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন?

হ্যাঁ। হি ইজ আ ফ্রিডম ফাইটার।

আজ তাঁর এই দশা কেন?

হাফিজ মিয়ার প্রশ্ন শুনে বেঞ্চ থেকে উঠে দাঁড়ায় মেঘনা। উদাস কণ্ঠে বলে, বাবা এত দিন ভালোই ছিলেন। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানে এত মানুষের মৃত্যু দেখে অস্থির হয়ে ওঠেন। এত রক্তপাত মেনে নিতে পারছিলেন না। প্রতিদিন একটা কথাই বলতেন, অনেক অন্যায় হচ্ছে। এত রক্তপাতের মাশুল দিতে হবে। দেশটার ক্ষতি হবে। তরুণ প্রজন্মের প্রশংসা করতেন। বলতেনহ্যাঁ, এরাই পারবে...যখন গণ-অভ্যুত্থান চলছিল তখন একদিন কী একটা কাজে মিরপুর থেকে বাসে চড়ে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। ওই বাসে কয়েকজন বেপরোয়া তরুণ উঠেছিল। তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে বেশ কটাক্ষ করছিল। একাত্তরের মুক্তিযুদ্ধ নাকি তাদের কাছে কোনো জরুরি বিষয় না। বাবা প্রতিবাদ করেছিলেন। বেপরোয়া ওই তরুণরা সেদিন কদর্য কথা ও অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে বাবাকে চরম অপমান করে। বাসায় ফিরে বাবা সেদিন অনেক কেঁদেছেন। তাঁর একটাই কথা, একাত্তরের মহান স্বাধীনতাযুদ্ধ এই দেশের মূল শিকড়। অথচ শিকড়ের কোনো স্বীকৃতি নাই। শিকড় ছাড়া এই দেশ বাঁচবে কী করে? আবার জাতীয় সংগীত নিয়ে বিতর্ক তোলা হচ্ছে। জাতীয় সংগীত কার পাকা ধানে মই দিয়েছে? এইসব প্রশ্ন বাবাকে অস্থির করে তোলে। বাসা থেকে বের হন না। নিজের ঘরে যখন-তখন বাঁশির সুর তোলেন। স্বাধীনতাসংগ্রামে বাঁশি বাজিয়ে সহযোদ্ধাদের সাহস ও শক্তি জোগাতেন। সেই বাঁশিকেই সঙ্গী করে নেন। হঠাৎ একদিন সবার অলক্ষ্যে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান বাবা। একটি জাতীয় দৈনিকে বাবার নিখোঁজ সংবাদ ছাপা হয়েছিল। সেই সংবাদ পড়ে একজন আমাকে ফোন করে। তার পরের ঘটনা তো বুঝতেই পারছেন। কথা বলতে বলতে ফুঁপিয়ে কেঁদে ফেলে মেঘনা। পরক্ষণেই দুই হাত দিয়ে চোখ মুছে হাফিজ মিয়ার দিকে তাকায়কোথায় আমার বাবা? প্লিজ আমাকে তাঁর কাছে নিয়ে চলুন, প্লিজ...

হাফিজ মিয়া ও মন্টু দুজনই বিব্রত ভঙ্গিতে পরস্পরের দিকে তাকায়। কারণ তারা নিজেরা জানে না বাঁশিওয়ালা এখন কোথায় আছেন। মেঘনা আবার একই প্রশ্ন করল, আমার বাবা কোথায়?

হাফিজ মিয়া কোনো উত্তর দিল না। মন্টু বলল, আপনার বাবা এই স্টেশনেই কোথাও না কোথাও আছেন। চলেন খুঁইজ্যা দেখি! আসেন...

আপনাদের মনে হয়তো একটা প্রশ্নের উদয় হয়েছে, আমি একা কেন বাবাকে খুঁজতে এসেছি। সহজ উত্তর, আমরা চার ভাই-বোন। মা বেঁচে নেই। তিন ভাইয়ের আমিই একমাত্র বোন। সবার ছোট। ভাইয়েরা চাকরি ও ব্যবসার সুবাদে কেউ ঢাকায় কেউ চট্টগ্রামে থাকে। বাবা আমার সঙ্গেই থাকেন। তাই আমিই বাবাকে খুঁজতে বেরিয়েছি। বলতে বলতে হাউমাউ করে কেঁদে ফেলে মেঘনা।

মন্টু অস্থির হয়ে ওঠে। নিজের বাবার কথা মনে পড়ে। বাবা যখন বেঁচে ছিলেন তখন মাথার ওপর একটা ছাদ ছিল। নির্ভরতার ছাদ। এখন ছাদটা নেই। মেঘনারও হয়েছে সেই দশা। তার বাবাকে খুঁজে দিতে পারলে নিজের বাবাকেই যেন খুঁজে পাবে এমন একটা অনুভূতি পেয়ে বসল তাকে। মন্টু সিদ্ধান্ত নিল, আজ পকেটমারের ধান্দা বাদ। বাঁশিওয়ালাকে খুঁজে বের করতেই হবে। হঠাৎ দূরে কোথাও বাঁশির সুর শোনা গেল। মন্টু সতর্ক ভঙ্গিতে বললম্যাডাম শুনতেছেন? বাঁশিওয়ালার বাঁশি...

মেঘনা বলল, হ্যাঁ হ্যাঁ, এটা তো বাবার বাঁশির সুর।

হাফিজ মিয়া বলল, আমিও শুনতে পাইতেছি। বাঁশিওয়ালার বাঁশি...

বাঁশির সুর যেদিক থেকে আসছে মেঘনা সেদিকে রুদ্ধশ্বাসে দৌড়াতে থাকল। মন্টু ও হাফিজ মিয়াও তার সঙ্গে শামিল হলো।

টঙ্গী রেলস্টেশনের পাশেই একটি খোলা জায়গায় বাঁশি বাজাচ্ছেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মুক্তিযোদ্ধা এজাজুল হক। শখানেক বিভিন্ন বয়সী মানুষ গোল হয়ে তার বাঁশি শুনছে। দেশাত্মবোধক বেশ কয়েকটি গানের সুরে পর্যায়ক্রমে বাঁশি বাজালেন এজাজুল হক। মন্ত্রমুগ্ধের মতো তার বাঁশি শুনছে সবাই। হঠাৎ তিনি জাতীয় সংগীতের সুর তুললেন। তখনই তাঁর সামনে এসে দাঁড়াল মেঘনা। মেয়েকে কাছে পেয়ে শিশুর মতো কেঁদে ফেললেন এজাজুল হক।

মা, তুই এসেছিস?

হ্যাঁ, বাবা। বাড়িতে চলো।

এজাজুল হক চোখের পানি মুছতে মুছতে বললেন, জাতীয় সংগীত শুরু করেছিলাম। কারা নাকি আমাদের জাতীয় সংগীতও বদলাতে চায়। আমার জীবন থাকতে সেটা হতে দেব না। কক্ষনো না।

মেঘনা দূঢ়তার সঙ্গে বললবাবা, তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকো। আমি আছি তোমার সঙ্গে। বাজাও তোমার বাঁশি...

এজাজুল হক বাঁশিতে জাতীয় সংগীতের সুর তুললেন। হঠাৎ কী যে হলো, আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য নারী-পুরুষ ছুটে আসতে থাকল এজাজুল হককে ঘিরে সৃষ্ট মানুষের জটলার দিকে। জনতার মহাসমুদ্রে বাজছে বাঁশি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...

 

লুনাটিক বা পাখির নীড়ের মতো

ধ্রুব এষ

লুনাটিক বা পাখির নীড়ের মতো
অঙ্কন : ফারজানা জাহান

দানিয়েল পাহানের চোখ বৈশিষ্ট্যমণ্ডিত।

দানিয়েল পাহান ছোটখাটো নাক বোঁচা মানুষ। কুচকুচে কালো গায়ের রং। চোখের মণি সবুজ। স্ক্লেরা সাদা। এসরাজ যতবার দানিয়েল পাহানকে দেখেছে, সবুজ রঙের চোখের মণি দেখেছে, সেই সবুজ রঙে ক্রূরতা দেখে নাই। বরং দানিয়েল পাহানের সবুজ চোখের মণি বিষাদগ্রস্ত মনে হয়েছে, যে বিষাদ মায়ার অধিক। বাতেন মামার সঙ্গে এই ব্যক্তির কী? বছরে দুই কি তিনবার দানিয়েল পাহান দেখা করে যায় বাতেন মামার সঙ্গে। পাহাড়ি মদ নিয়ে আসে বলা যায় এসরাজ ও লতিফ ভাইয়ের জন্য। বাতেন মামা ফুল পুড়িয়ে টানেন, জলভ্রমণ মনে করেন ভ্রমকারক ও ক্ষতিকারক। দানিয়েল পাহান ছাড়া আরো মুরিদ আছে বাতেন মামারহান্ড্রেড পাইপারস, নেপোলিয়ন, বর্দ্যু, ক্যামিনো (টাকিলা), বিফইটার নিয়ে আসে। আনন্দের সীমা থাকে না এসরাজ, লতিফ ভাই ও ৪৭ নাম্বারের বীতশোক চন্দর। ৪৭ নাম্বার সিঙ্গেল রুম। বীতশোক চন্দ একা থাকেন। হস্তরেখা বিশারদ। চেম্বার আছে ফকিরেরপুল হকার্স মার্কেটের দোতলায়। এসরাজ, লতিফ ভাইয়ের হাত ফ্রিতে দেখে দেন। বিপিনবাবুর কারণ সুধা তাঁর ব্যক্তিগত জাতীয় সংগীত। বাতেন মামা বরাদ্দকৃত বোতল তারা ৪৭ নাম্বার রুমে বসে শেষ করে ৪২ নাম্বারে ফিরে চুপচাপ শুয়ে পড়েন। বাতেন মামার ডিস্টার্ব হয় না। বাতেন মামা ঘুমিয়ে পড়েন ১১টার মধ্যে। আবু মুসা তার কিছু পরে। আল হেরা প্রেসের মেশিনম্যানের অ্যাসিস্ট্যান্ট আবু মুসা পীর মানে বাতেন মামাকে। নিরীহ মানুষ। তবে বাতেন মামা বলে দিলে হয়তো দু-একটা বডি ফেলে দিতে পারে। রহস্যমানব বাতেন মামা। মেসে কত বছর ধরে আছেন হিসাব নাই। হাজি করিম বকশের আব্বা বোম্বাই হাজি রহিম বকশকে স্বচক্ষে দেখেছেন। বোম্বাই হাজি রহিম বকশ এই মেসের পত্তন করেছিলেন, হাজি বকশের মেস বলে মানুষজন। দারা পুত্র পরিবার হাজি করিম বকশ মেস বিল্ডিংয়ের ছয়তলায় থাকেন। মেস বোর্ডারদের পাঁচতলার ওপরে ওঠা কঠোরভাবে নিষিদ্ধ। হাজি করিম বকশের দুই বিবি, পাঁচ কন্যা, তারা পর্দা পুসিদা মানে। দুই বিবি বা পাঁচ কন্যার মুখ মেসের কোনো বোর্ডার কখনো দেখে নাই। লতিফ ভাই চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, টিকটকার মাহিরা তাবাসসুম হাজি করিম বকশের এক কন্যা। এসরাজ মাহিরা তাবাসসুমের টিকটক দেখেছে। পুরা আগুন অ্যান্ড বেগুন। বেগুনকন্যা উপাধিপ্রাপ্ত মাহিরা তাবাসসুমের ফলোয়ার তিন লাখ প্লাস।

লতিফ ভাই চ্যালেঞ্জ দিলেও মাইকিং করেন নাই। রুপন্তী মার্টিন ফোন করেছিল হাজি করিম বকশকে।

আসসালামালিকুম, আংকেল।

ওয়ালিকুমসালাম। কে বলতেসেন?

আংকেল আমি হাবাসসুম। তাবাসসুমের বন্ধু।

তাবাসসুম কিডা?

মাহিরা, আংকেল।

মাহিরা! তোমার নাম কী না কইলা?

জাহিরা আংকেল। মাহিরার জানে জিগর জাহিরা।

রুপন্তী মার্টিন বিশেষজ্ঞ মতামত দিয়েছে, এই ঘটনায় কিছু প্রমাণিত হয় নাই। টিকটকে মেয়েটা হয়তো মাহিরা তাবাসসুম নাম দিয়ে আইডি খুলেছে। এটা এখন ট্রেন্ড। তাবাসসুম ট্রেন্ড। টিকটকে প্রচুর তাবাসসুম পাবেন।

প্রচুর তাবাসসুম দিয়ে আমি কী করব?

হাফ বয়েল করে খাবেন।

রুপন্তী মার্টিন ডকুফিল্ম বানায়। বাংলাদেশের বইপাড়া বাংলাবাজার নিয়ে ডকুফিল্ম বানাবে। মিখাইল রিবেরু রুপন্তী মার্টিনকে বলেছে, এসরাজ বাংলাবাজার বিশেষজ্ঞ। এসরাজের ফোন নাম্বার দিয়েছে রুপন্তী মার্টিনকে। মিখাইল রিবেরুর মাথায় দোষ আছে। রুপন্তী মার্টিন সম্পর্কে এসরাজকে বলেছে, রুপন্তী মার্টিন আসলে মানুষ না, ভ্যাম্পায়ার। অতএব, সাধু সাবধান। আচ্ছা, রুপন্তী মার্টিন ভ্যাম্পায়ার হলেও উইটি ভ্যাম্পায়ার। ভাষা ইনস্টিটিউটের অধ্যাপিকা অ্যাক্টিভিস্ট শামারুখ খালিদের মতো জম্বি প্লাস ভ্যাম্পায়ার না। শামারুখ খালিদ সম্প্রতি তাঁর সতীর্থদের নিয়ে ফ্ল্যাশ মব করেছেন জনাকীর্ণ রাস্তায়। হিস্যা আদায়ের জন্য ফ্ল্যাশ মব। সোশ্যাল মিডিয়ার ট্রল সব সময় যা-তা হয়। যা-তা হয়েছে। শামারুখ খালিদদের ফ্ল্যাশ মবকে ভাউয়া ব্যাঙ্গীদের ফ্ল্যাশ মব বলে ট্রল করা হয়েছে সামাজিক মাধ্যমে। শামারুখ খালিদের ফলোয়ারদের দলে দানিয়েল পাহান আছে এটা বিস্ময়কর। থাকতে পারবে না সেই কথা যদিও নাই।

রহস্যমানব বাতেন মামা দানিয়েল পাহানের প্রশংসা করেন। বিশ্বস্ত দানিয়েল পাহান। সেই দানিয়েল পাহান আবার ৪২ নাম্বারে উপস্থিত হয়েছে। এসরাজ জীবনানন্দ দাশের উপন্যাস জলপাইহাটি পড়ছিল বা জলপাইহাটিতে ডুব দিয়েছিল, দানিয়েল পাহানকে বনলতা সেন বিবেচনা করে বলল, এত দিন কোথায় ছিলেন?’—না, বলল না। বাতেন মামা তাঁর কাঠের চেয়ারে পা উঠিয়ে বসে আছেন, দানিয়েল পাহান হাঁটু গেড়ে বসে বাতেন মামাকে দুই বোতল পাহাড়ি মদ নিবেদন করল। এসরাজের মন নেচে উঠল। মোচ্ছব হবে আজ লতিফ ভাই ও বীতশোক চন্দ মেসে ফিরলে।

বাতেন মামা বললেন, বলো।

দানিয়েল পাহান বলল, সাদা পোশাকের মানুষ সব সময় থাকে। তাদের সাদা মাইক্রোবাস থাকে। তারা উঠিয়ে নিয়ে গেছে পিনটোকে। নাথান কিছু স্বীকার করে নাই।

বাতেন মামা বললেন, নিকোলাস মাস্টারের ছেলে নাথান?

নাথান এখন পিনটো হয়েছে।

কুকুর বদলায়। ঘেউঘেউ বদলায় না।

মোবাইল ফোন বাজল দানিয়েল পাহানের।

বাতেন মামা অনুমতি দিলেন, ফোন ধরো। কথা বলো।

দানিয়েল পাহান ফোন ধরল এবং তাদের নিজস্ব ভাষায় নিচু গলায় কিছু বািচত করল। দিনের আলো এখনো অন্ধকার হয় নাই। হবে। রং বদল হয়ে গেছে আকাশের। মোষ রঙের মেঘের পাল চড়ছে। বৃষ্টি হবে আবহাওয়া অফিস বলেছে। আবহাওয়া অফিস হলো রুপন্তী মার্টিন। অল্প আগে ফোন করেছিল এসরাজকে। আবহাওয়া সংবাদ দিয়েছে। বজ্রসহ বৃষ্টিপাত হবে।

দানিয়েল পাহান ফোন রেখে বলল, পিনটোকে মেরে ফেলেছে।

এসরাজ বাতেন মামাকে দেখল। অবিচল বাতেন মামা বললেন, উইলি?

উইলি ঢাকায় আছে। কল দেব?

পিনটোকে নাথান মেরেছে। নাথান এটা করবে আমি ভাবি নাই। ব্রাউন শুগারস শেল্টার দিয়েছে নাথানকে। উইলির কানেকশন আছে। ব্রাউন শুগারসের দ্বিতীয় কাপ্তেন ফিউরি রিবেরু উইলির আপন বোনজামাই।

লুনাটিক বা পাখির নীড়ের মতো
ব্রাউন শুগারস। এরা কারা? মিডিয়ায় এদের কথা শুনে নাই এসরাজ। আশ্চর্যজনক কথা হলো, নিরীহ আবু মুসা এসরাজকে বলেছে, ব্রাউন শুগারস গ্যাং গুপ্ত সংগঠন। তারা ব্রাউন শুগার উৎপাদনের ব্যবসা ও চোরাচালান করে। নিজেদের বলে ব্রাউন শুগারস। ছাপাই কারখানার মেশিনম্যানের অ্যাসিস্ট্যান্ট আবু মুসার এত সব জানার কথা না। বাতেন মামা বলেছেন? এসরাজের এক বন্ধু আছে পুলিশে। উচ্চপদস্থ কর্মকর্তা। সে ব্রাউন শুগারদের অস্তিত্ব স্বীকারই করে নাই।

তোর কি মনে হয় বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা এতটাই স্মার্ট হয়ে গেছে যে নিজেদের ব্রাউন শুগারস বলবে? শোনো, ব্রাউন শুগার বলে না, তারা বলে গান পাউডার। পাড়া-মহল্লাভিত্তিক আলাদা কোড আছে। মোহাম্মদপুর এলাকায় বলে চকের গুঁড়া। গুলশান-বারিধারা এলাকায় বলে স্টার ডাস্ট। তবে শিউর থাক, ব্রাউন শুগারস গ্যাং বলে কিছুর অস্তিত্ব নাই।

থাকলে কী আর না থাকলেই কী? এসরাজের? রহস্যমানব বাতেন মামা কি ব্রাউন শুগারদের প্রধান কাপ্তেন হতে পারেন? দূর! বাতেন মামা শুধুই একজন মধ্যস্থতাকারী। দুই দিন পর বীতশোক চন্দ এসরাজের ভাগ্য গণনা করে বললেন, হারমোনিয়াম ভাই, খুব সাবধান।

কী বিষয় দাদা?

শনি কুপিত। রাহু কুপিত।

মরে যাব নাকি দাদা?

নিকটজনের প্রাণসংশয় হতে পারে।

এসরাজের নিকটজন কে? বাতেন মামা, লতিফ ভাই, আবু মুসা? রুপন্তী মার্টিন?

রুপন্তী মার্টিন কি নিকটজন এসরাজের? দিনে একাধিকবার চ্যাট করে তারা।

কারো প্রাণসংশয় চায় না এসরাজ।

রবিবার। সন্ধ্যা ছটা। ঝুপ করে রাত নেমে গেছে। এখনো বৃষ্টি হয় নাই। বাংলাবাজারে তার কর্মস্থল নির্বাণে গিয়েছিল এসরাজ। ফিরে বাতেন মামাকে রুমে দেখল না। লতিফ ভাই বা আবু মুসা এই সময় রুমে থাকে না। এসরাজ রুমে দানিয়েল পাহানকে দেখল। দানিয়েল পাহান বলল, মিস্টার এসরাজ।

দানিয়েল পাহান রুমে কী করে ঢুকল, এসরাজের মাথায় এলো না। বাতেন মামার সাইডে একটা মুরিদ-চেয়ারে বসে আছে।এই নামকরণ লতিফ ভাই কৃত, মুরিদ-চেয়ার। বাতেন মামার মুরিদরা বসে।

অসহজ হলো না এসরাজ। বলল, বাতেন মামাকে পান নাই?

না, পাই নাই। আমি আর কাউকে পাই না।

এসরাজের মনে হলে ভেন্ট্রিলোকুইজম। দানিয়েল পাহান এখানে বসে আছে, কিন্তু কথা বলছে মনে হচ্ছে অনেক দূর থেকে।

বাতেন মামা বলছিলেন উথুলি যাবেন। উথুলিতে তাঁর এক বন্ধুর চালের আড়ত আছে।

চালের আড়ত। চালের বস্তা। চালের বস্তায় একটা ডেডবডি আছে, মিস্টার এসরাজ। সেটা আমার হতে পারে। মিস রুপন্তীর হতে পারে।

মিস রুপন্তীর? কেন?

দানিয়েল পাহান কোন মিস রুপন্তীর কথা বলছে?

বাতেন মামা ফিরলেন।

দানিয়েল পাহান বলল, যা করেছেন ভালো করেছেন। যা করেন ভালো করেন। এক্সট্রিমিস্টরা কিছু পারে না, একজন মধ্যস্থতাকারী যা যা পারে।

বাতেন মামা বললেন, মদ আনো নাই?

এই লেয়ারে মদ বানায় না হয়তো। আমি যাই।

বাতেন মামা অনাপত্তিসূচক মৌনী ভাব ধরে থাকলেন।

মিস্টার এসরাজ, আমি যাই।

লতিফ ভাই ফিরলেন, আবু মুসা ফিরল! আরো রাতে বীতশোক চন্দর ঘরে বসে আবু মুসা গ্যারান্টি দিয়ে বলল, দানিয়েল পাহানকে হত্যা করা হয়েছে। ব্রাউন শুগারস গ্যাং বিলুপ্ত হয়েছে।

এসরাজ বলল, রুপন্তী?

আবু মুসা বিস্মিত হলো, উনার কথা কে আপনেরে বলল?

দানিয়েল পাহান।

পিনটোর সঙ্গে রুপন্তী মার্টিন...উনার কিছু আছিন্ না। নাথানের সঙ্গে কিছু আছিন্ না। নিজস্ব জিদ আছিন্ পাহানের। উনারে মেরে মরছে।

দানিয়েল পাহান খুন করেছে রুপন্তী মার্টিনকে! রুপন্তী মার্টিন দানিয়েল পাহানকে চিনত?

মোবাইল ফোন বাজল এসরাজের। কলার আইডি না দেখে এসরাজ ধরল।

কী করেন আপনি?

উফ! রুপন্তী মার্টিন!

হকচকিত এসরাজ বলল, আপনি!

রুপন্তী মার্টিন হাসল, দরজা খুলেন, জম্বি হয়ে গেছি ঠাণ্ডায়।

ত্রিশ-পঁয়ত্রিশজন কাজের বুয়া হাজি বকশের মেসে আনাগোনা করে। তারা ছাড়া বহিরাগত নারীদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ মেসে। ৪২-এর দরজা খুলে এসরাজ রুপন্তী মার্টিনকে কী করে দেখবে?

আর কোথাও দেখল।

কোথায়?

এই পৃথিবীতে এক স্থান আছেসবচেয়ে সুন্দর করুণ, সেখানে।

কোথায় রুপন্তী মার্টিন জম্বি হয়ে গেছে ঠাণ্ডায়? রুপন্তী মার্টিন হাসল। বরং এসরাজ জমে যেতে থাকল। রুপন্তী মার্টিনের চোখের মণি সবুজ। কখনো ছিল না। এখন দানিয়েল পাহানের মতো সবুজ।

হুইলচেয়ার

ফরিদুর রেজা সাগর

হুইলচেয়ার
অঙ্কন : নাহিদা নিশা

আমার নাম মো. মোহসীন আলম। ম্যাট্রিক এবং অন্য সব সার্টিফিকেটে এই নামই রয়েছে। কিন্তু টেলিভিশনের লোকজন আমার নাম জানে মোসীন আলম হিসেবে। কারণ টেলিভিশনের অনুষ্ঠান শেষে প্রযোজক বা পরিচালক হিসেবে স্ক্রলে এই নামই যায়। টেলিভিশনে আমার চাকরিজীবন প্রায় শেষ হতে চলেছে। দীর্ঘদিন অনেক রকম অনুষ্ঠান পরিচালনা বা প্রযোজনা করেছি। নানা ধরনের মানুষের সঙ্গে আলাপ হয়েছে। অনেক সময় বিস্মিত হয়েছি মানুষের পর্দায় নিজেকে উপস্থাপনের আগ্রহ দেখে। মানুষ কেন এত পর্দায় নিজেকে উপস্থাপন করতে চায়? ডক্টর হুমায়ুন আজাদ খুবই পণ্ডিত ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। বাংলাদেশ টেলিভিশনে বাংলা ভাষার ওপর একটি ধারাবাহিক অনুষ্ঠান করতেন। কঠিন বিষয়কে তিনি অতি সহজভাবে উপস্থাপন করতেন। সেই অনুষ্ঠান দেখতে ভালোই লাগত। তারপর দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। ফলে তাঁর পক্ষে আর অনুষ্ঠান করা সম্ভব হয়নি। এ ছাড়া টেলিভিশনের সাহিত্যবিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন। শুনেছিলাম হাসপাতালের বেডে শুয়ে আছেন তিনি। তাঁর শরীরের এক পাশ অবশ হয়ে গেছে, জোরও পাচ্ছেন না। পক্ষাঘাতগ্রস্ত হয়ে মুখটা একটু বেঁকে গেছে। আমি অনেক দিন ভেবেছি, তাঁকে হাসপাতালে দেখতে যাব। কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। হঠাৎ একদিন কেউ একজন বললেনআপনার সঙ্গে দেখা করতে ডক্টর হুমায়ুন আজাদ এসেছেন। আমি শুনে অবাক। তিনি হাসপাতালে, কী করে এলেন! একটু পরে দেখি, তিনি আমার অফিসের রুমের সামনে হুইলচেয়ারে বসে আছেন। চেনাই যায় না। মুখটা একটু বাঁকা হয়ে গেছে। তিনি বললেন, কেমন আছেন?

আমি জবাব দিলাম, ভালো আছি স্যার, আপনি ভেতরে আসুন। তিনি হুইলচেয়ারে করে ভেতরে প্রবেশ করলেন। তাঁকে সাহায্য করছিলেন একজন যুবক। চা-কফির অফার করলাম। তিনি বললেন, এখন আর খুব একটা খেতে পারি না। গলা জড়িয়ে যাচ্ছে, অস্পষ্ট উচ্চারণ, কিন্তু বেশ বোঝা যাচ্ছে।

তিনি বললেন, আমি হাসপাতালের বিছানায় শুয়ে একটি অনুষ্ঠানের পরিকল্পনা করেছি।

কী অনুষ্ঠান?

বললেন, বাংলা সাহিত্যের ক্রমবিবর্তনের ওপর।

বললাম, স্যার অনুষ্ঠান পরিকল্পনাটা?

তিনি জানালেন লিখে নিয়ে এসেছেন। ঝকঝকে হাতের লেখায় সুন্দর একটি ফাইলবন্দি করে নিয়ে এসেছেন। আমাকে সেটি দিলেন। বললেন, ডাক্তার বেশি কথা বলতে বারণ করেছেন, তাই লিখে নিয়ে এসেছি।

স্যারের লেখা বলে কথা, এটা পড়ে দেখার কিছু নেই। আমার বিশ্বাস আছে, তিনি সুন্দর পরিকল্পনা করেন। স্যারকে জিজ্ঞেস করলাম, অনুষ্ঠানটি তো নিশ্চয়ই ভালো হবে, কিন্তু উপস্থাপনা কে করবে?

স্যার জবাব দিলেন, কেন আমি করব! সেই অস্পষ্ট উচ্চারণ শুনে চমকে স্যারের দিকে তাকালাম। কী অসম্ভব মনোবল! হুইলচেয়ারে বসে তিনি ভাবছেন টেলিভিশনে অনুষ্ঠান করবেন। বিপুল উৎসাহ নিয়ে এসেছেন, তাঁকে তো সরাসরি না বলতে পারি না। টেলিভিশন অনুষ্ঠানে এমন অস্পষ্ট উচ্চারণ আর হুইলচেয়ারে বসা একজন মানুষকে দিয়ে উপস্থাপনা করানোটা দৃষ্টিকটু না হলেও কেমন যেন মনে হয়। কিন্তু স্যারের উৎসাহ দেখে কিছু বলতে পারলাম না। তবে আমি স্যারকে বললাম, আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেব, দেখি তাঁরা কী বলেন।

তিনি বললেন, কাউকে কি বলতে হবে?

আমি বললাম, না, কাউকে বলতে হবে না। আপনার অনুষ্ঠান বলে কথা।

স্যারকে গাড়িতে তুলে দিয়ে ভাবতে লাগলাম, কী করব এই অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠান করার ব্যাপারে তাঁর যে আগ্রহ সেটা কিভাবে পূরণ করা সম্ভব!

কিছুদিন পর স্যার আমাদের ছেড়ে চলে গেছেন আরেক পৃথিবীতে। অনুষ্ঠান পরিকল্পনাটা আমার টেবিলেই রয়ে গেছে। অনুষ্ঠানটি আর করা হয়ে ওঠেনি।

হুইলচেয়ার নিয়ে আবার একজনকে দেখলাম। একদিন হুইলচেয়ারে তিনি হাজির। জোর দিয়ে কথা বলেন। স্পষ্ট কথা বলেন। বললেন, আমার এই অবস্থা দেখে ঘাবড়ে যেয়ো না। এখনো নিয়মিত ব্যায়াম করছি। ডাক্তার বলেছেন, কয়েক দিন পর দৌড়াতেও পারব।

অথচ হুইলচেয়ার ছেড়ে তিনি দাঁড়াতেই পারেন না। ভদ্রলোকের নাম সৈয়দ সালাউদ্দিন জাকী। অসম্ভব তাঁর মনের জোর। তিনি বললেন, আমি টেলিভিশনে একটি অনুষ্ঠান করতে চাই। আমার একটা পরিকল্পনা রয়েছে। তা ছাড়া তোমরা তো সিনেমা প্রযোজনা করছ, আমাকে একটা সিনেমা করার সুযোগ দাও। ঘুড্ডি নামে একটা অসাধারণ চলচ্চিত্র তিনি নির্মাণ করেছিলেন। যিনি হুইলচেয়ারে বসে রয়েছেন, তিনি সাহস করছেন সিনেমা বানানোর!

আমি বললাম, জাকী ভাই, এখন কি আপনার পক্ষে সিনেমা বানানো সম্ভব হবে?

তিনি বললেন, কেন নয়? আমার মাথা তো কাজ করছে। শরীরের একটি অংশ আমার অবশ, কিন্তু মাথা তো অবশ হয়নি। ব্রেন তো ঠিক আছে।

ঠিক সেদিনই বিখ্যাত শিল্পী সামিনা চৌধুরীর জন্মদিন ছিল। উপস্থাপক কোনো কারণে আসেননি। জাকী ভাই ঘটনাটি শুনলেন। তিনি বললেন, সাগর, তুমি যদি কিছু মনে না করো তাহলে সামিনার সাক্ষাৎকারটি আমিই নিতে পারি।

আমি বললাম, এই অবস্থায়!

তিনি বললেন, দেখোই না।

জাকী ভাই অনেক দিন টেলিভিশনে উপস্থাপনা করেছেন। তাঁকে হুইলচেয়ারে করে স্টুডওতে নিয়ে গেলাম। ক্যামেরা ওপেন করে দেখলাম, হুইলচেয়ারে বসে একটু কেমন যেন লাগছে। জাকী ভাইকে বললাম, দেখি সোফায় বসলে কেমন লাগে! বলেই তিন-চারজনে ধরাধরি করে সোফায় বসিয়ে দিলাম। জিজ্ঞেস করলাম, সোফায় বসতে কোনো সমস্যা হচ্ছে? তিনি বললেন, না, কোনো সমস্যা নেই। কিন্তু পরে ভাবির কাছে শুনেছিলাম, সোফায় বসতে জাকী ভাইয়ের অনেক অসুবিধা হচ্ছিল, কিন্তু অসম্ভব মনের জোরে সোফায় বসে ছিলেন। তিনি বিশ মিনিট ধরে সামিনার যে সাক্ষাৎকার নিলেন, সেটি টেলিভিশনের একটি উল্লেখ করার মতো সাক্ষাৎকার। আমাদের আর্কাইভে সেই সাক্ষাৎকারটি রাখা আছে। সামিনা চৌধুরী নিজেও বলেন, সেই সাক্ষাৎকারটি তাঁর জীবনের একটি শ্রেষ্ঠ সাক্ষাৎকার।

তাকে আবারও হইলচেয়ারে বসানো হলো। তাঁর সেই একই কথা, আমাকে একটি সিনেমা করতে দিতে হবে। জাকী ভাই আমাদের সবার বড় ভাই হিসেবে পরিচিত, তাঁর অনুরোধ ফেলা যায় না। জাকী ভাই বললেন, আমার সিনেমায় অভিনয় করবেন আফজাল হোসেন। আমি জানি, জাকী ভাই বললে আফজাল না করবে না। কারণ আফজাল হোসেনসহ পুরো ঢাকা থিয়েটার জাকী ভাইকে গুরু হিসেবে মানে। কিন্তু এই শরীর নিয়ে জাকী ভাই কিভাবে ছবি করবেন আমি জানি না। তার পরও কথা বলে আমরা জাকী ভাইকে একটা সিনেমা করতে দিলাম। হুইলচেয়ারে বসেই জাকী ভাই একটি নয়, দুটি সিনেমা তৈরি করলেন। কয়েকটি নাটকও তৈরি করলেন। এবং শেষ যখন জাকী ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, তখন তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন।

তিনি বললেন, তৈরি হও, এবার এমন একটি সিনেমা তৈরি করব, যে সিনেমা বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনবে।

আমি বললাম, নিশ্চয়ই জাকী ভাই। আমরা সেই দিনের প্রতীক্ষায় থাকব।

কিন্তু জাকী ভাই হুইলচেয়ার থেকে হাসপাতালের বিছানায় গেলেন। তারপর আর ফেরেননি। চলে গেলেন জাকী ভাই। এদিকে বাসায় আমার মাও ধীরে ধীরে অসুস্থ হচ্ছেন। তাঁর জন্য একটা হুইলচেয়ার কেনা হয়েছে। তিনি হুইলচেয়ারে বসে দিব্বি ঘোরাফেরা করেন। মাঝেমধ্যে হইলচেয়ারটা টেবিলের কাছে নিয়ে কিছু লেখার চেষ্টা করেন। প্রতিদিন আমার মায়ের ডায়েরি লেখার অভ্যাস।

একদিন বললেন, এই হুইলচেয়ারে বসে প্রতিদিন ডায়েরি লেখা যায় না। তবু মাঝেমধ্যে চেষ্টা করছি। প্রথম দিকে আম্মা হুইলচেয়ারে বসতে চাননি। কিন্তু ধীরে ধীরে হুইলচেয়ারটি তার বন্ধু হয়ে গেল। হুইলচেয়ারে করে তিনি নিজেই এঘর থেকে ওঘরে যেতেন। নাতনিকে কোলে নিয়ে হুইলচেয়ারে বসেই ঘুরে বেড়াতেন বাড়িময়। তবে বাইরে যেতে খুব একটা রাজি হতেন না। আম্মা হুইলচেয়ারে যে খুব খুশি মনে বসে থাকতেন সেটা কিন্তু মনে হতো না। কিন্তু শারীরিক কারণে তিনি দীর্ঘদিন হুইলচেয়ার ব্যবহার করেছিলেন। এর মধ্যে আমার এক আপন খালা এলেন। আমার আম্মার খুবই পছন্দের প্রিয় বোন। খালারও শরীর বেশ খারাপ দেখলাম। তাঁকে ধরে ধরে লাঠি ভর দিয়ে লোকজন হাঁটিয়ে বেড়ায়। আম্মাকে বললাম, এবার বেতন পেলে খালাকে একটা হুইলচেয়ার কিনে দেব। আম্মা খুশি হলেন। ভালোই হয় দুই বোন হুইলচেয়ারে বসে ছাদে যাব। গল্প করব, আড্ডা দেব। পরের মাসে বেতন পাওয়ার আগেই হুইলচেয়ারের দোকান খুঁজে বের করলাম। হুইলচেয়ারের যে আলাদা দোকান আছে সেটাই জানতাম না। অনেকেই বলল, মিটফোর্ড হাসপাতালের পাশে হুইলচেয়ার পাওয়া যায়। কিন্তু সেখানে যাওয়াটা একটু ঝামেলার। তার চেয়ে শ্যামলী পঙ্গু হাসপাতালের ওখানে নাকি ভালো হবে, যাতায়াতেও সুবিধা। এখানে নানা রকম হুইলচেয়ার পাওয়া যায়। আবার সুবিধা হচ্ছে, অর্ডার দিলে বাসায় পৌঁছে দেয়। সেখানে গিয়ে একটা হুইলচেয়ার দেখেও এলাম। বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু টাকা অ্যাডভান্স নিতে পারলে সুবিধা হবে। বেতন পাওয়ার দিন দোকানে ফোন করলাম। জিজ্ঞেস করলাম হুইলচেয়ারটি আছে কি না। যেহেতু টেলিভিশনের লোক, তাই একটু আলাদা দাম দেন। দোকানদার ঠিকই মনে রেখেছেন। তিনি জানালেন, স্যার, হুইলচেয়ারটি আপনার জন্য রাখা আছে। আমি অ্যাকাউন্ট্যান্ট জিয়াকে বলে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে অফিস থেকে বের হলাম। টাকাটা একটি খামে করে পকেটে নিলাম। রাস্তায় জ্যামের কারণে দোকান থেকে একটু দূরে নামতে হলো। হাঁটছি ভিড় ঠেলে। হঠাৎ অনুভব করলাম, কেউ একজন আমার পাঞ্জাবির পকেটে হাত দিয়েছে। বুঝলাম পকেটমার। লোকটাকে ধরার চেষ্টা করলাম, তার আগেই পকেট থেকে খামটি বের করে ভোঁ-দৌড় দিল। এ রকম অবস্থায় জীবনে কখনো পড়িনি। কী করা যায়! আমি কি চিৎকার করে বলব চোর বা পকেটমার! তার পরও বললাম, এই গেল গেল...লোকজনও বলল, এই যে পকেটমার পালাল। একদল লোক তাকে ধাওয়া করল। লোকটা ধাওয়া খেয়ে দৌড় দিয়েছে জোরে। সামনে দিয়ে একটি বাস যাচ্ছিল, সেই বাসের সঙ্গে একটা ধাক্কা খেল। তারপর দেখলাম লোকজনের জটলা। লোকজন তাকে মারছে। আমার আর ভিড়ের মধ্যে যাওয়ার ইচ্ছা হলো না। একজন লোক বলল, আমরা পকেটমারকে ধরেছিআপনার কী নিয়েছে?

আমি বললাম, নিয়েছে তো হুইলচেয়ার কেনার টাকা। দেখলাম পকেটমারকে ধরে পঙ্গু হাসপাতালে নিয়ে যাচ্ছে। ভাবলাম দোকানদারকে যেহেতু বলেছিলাম টাকা হলে নিয়ে যাব। তাঁকে আজকের ঘটনাটা বলে পকেটমারকে হাসপাতালে দেখে আসব। এত দিনে এমন ঘটনা ঘটেনি। জীবনে এই প্রথম সরাসরি একজন পকেটমারকে দেখব। সেটাও টেলিভিশনের একজন মানুষ হিসেবে আমার অভিজ্ঞতা কাজে লাগবে। দোকানদারকে বললাম, আজ নিতে পারছি না।

তিনি বললেন, স্যার, কাল নিয়ে যাবেন সমস্যা নেই। আমি মনে মনে ভাবলাম, কাল তো পারব না। কারণ অ্যাডভান্স চাইতে হবে আবার, সেটা কবে পাই! আমার মায়ের আনন্দটুকু পেতে দেরি হবে। খালাকে আবার অনুরোধ করতে হবে, খালা আর কদিন থাকেন। এসব ভাবতে ভাবতে দোকানদারকে বলে পঙ্গু হাসপাতালে ঢুকলাম। হাসপাতালে ঢুকতেই দেখলাম, কাউন্টারে একজন পুলিশ দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই পুলিশ বললেন, স্যার, আপনার পকেটমার হয়েছে?

আমি বললাম, জি।

স্যার, আমরা পুরো টাকাটাই উদ্ধার করেছি।

এই যে, এই খাম তো?

দেখলাম আমার খামটাই, কিন্তু রক্তের দাগ লাগানো।

স্যার, এটাই তো আপনার খাম?

আমি বললাম, জি, এটাই আমার টাকার খাম।

তবে স্যার, আপনাকে তো একটু থানায় যেতে হবে। কারণ এটা তো আমরা চোরের কাছ থেকে উদ্ধার করেছি। এই খামটা আপনার কি না, কত টাকা আছেএসব ব্যাপারে একটু তথ্য দিতে হবে।

আমার টাকা আমি নেব তার জন্য থানায় যেতে হবে?

স্যার, কিছু মনে করবেন না, এটাই নিয়ম।

আমি বললাম, ঠিক আছে। তার আগে লোকটি কোথায়, একটু দেখে আসি।

তাকে কি দেখবেন, এমন মার দিয়েছে পাবলিক। আরেকটা দুঃখের কথাও আছে।

কী সেটা?

ওই যে ডাক্তার সাহেব আসছেন, তিনি বলবেন।

আমি দেখলাম অ্যাপ্রোন পরা একজন তরুণ ডাক্তার কেবিন থেকে বেরিয়ে আসছেন। তিনি জানালেন, লোকটাকে যেভাবে মেরেছে, তার মাথার দিকটা একেবারে থেঁতলে গেছে। তবে যত দূর মনে হয়, এ যাত্রায় বেঁচেই যাবে।

ওরা মার খেয়ে অভ্যস্ত, কিছুই হবে নাপাশ থেকে ফোঁড়ন কাটল পুলিশ।

এটা হতে পারে, কিন্তু মার তো মারই। তা ছাড়া দুঃখের খবর হলো, বাসের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যাওয়ায় বাসের চাকার নিচে তার পা-টা চলে গিয়েছিল। একটা পা কেটে ফেলতে হবে। আমি শুনে চমকে উঠলাম।

 কী বলেন ডাক্তার সাহেব, পা কেটে ফেলতে হবে!

হ্যাঁ। একটি পা কাটতেই হবে।

আমি বললাম, লোকটাকে কি এখানে কেউ চেনে?

পাশ থেকে একজন লুঙ্গি পরা লোক বললেন, আমি এখানে চা বিক্রি করি। তাকে চিনি, সে আসলে পকেটমারই।

আমি বললাম, গরিব বলেই তো চুরি করে। ততক্ষণে পুলিশ বলল, স্যার চলুন। আপনি কি আমাদের গাড়িতে যাবেন, নাকি আলাদা যাবেন?

আমি বললাম, আমি আর থানায় যাব না। আপনাদের কী কী নিয়ম আছে, সেগুলো মেনে খামটা পকেটমারকে দিয়ে দিয়েন।

মানে, কী বলছেন আপনি?

শুনলেন তো ডাক্তারের কাছে। লোকটি আর কোনো দিন হাঁটতে পারবে না। একটি পা কেটে ফেলতে হবে। ওর একটি হুইলচেয়ারের খুব দরকার হবে। আর এই প্যাকেটে যে টাকা রয়েছে, সেটা দিয়ে পাশের দোকান থেকে একটি হুইলচেয়ার সে কিনতে পারবে।

পুলিশ, ডাক্তার এবং আশপাশের সবাই বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি পেছন দিকে ঘুরে চুপচাপ হাসপাতাল থেকে বেরিয়ে গেলাম। কারণ আমার খালাকে বলতে হবেখালাম্মা, আরো কয়েকটা দিন আমার মায়ের সঙ্গে থাকেন। আমার মা খুশি হবেন...