কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে পুড়ে উপজেলা সদরের বাজারের অন্তত ১০৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে কাপড় পট্টির একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই গোটা মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি ও ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে মার্কেটের অন্তত ১০৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ বলেন, ‘ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে। তবে এতে আনুমানিক ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ হলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’





