চীনের গুয়াংসি অঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো অন্তত ৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। চলতি সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বয়ে যাওয়া অতিবৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে এই বিপর্যয় সৃষ্টি হয়। সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে গত ৬ জুলাই, যখন হেনঝু শহরের লিউলান জলাধারের একটি বাঁধ ভেঙে যায়। সিনহুয়া নিউজের তথ্য মতে, এই বাঁধ ভাঙার কারণে ২৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনো সাতজন নিখোঁজ রয়েছেন। বর্তমানে বন্যা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও লিউলান গ্রামের রাস্তাঘাট ও ঘরবাড়ি কাদায় তলিয়ে আছে। দুর্গত এলাকায় আটকে পড়া মানুষদের কাছে ড্রোন ও স্পিডবোটের মাধ্যমে খাবার ও জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন উদ্ধারকর্মীরা। সূত্র : সিনহুয়াং

