• ই-পেপার

পানির প্লাস্টিক দূর করে শজনে

চীনে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯

কালের কণ্ঠ ডেস্ক
চীনে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯

চীনের গুয়াংসি অঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো অন্তত ৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। চলতি সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বয়ে যাওয়া অতিবৃষ্টি আকস্মিক বন্যার কারণে এই বিপর্যয় সৃষ্টি হয়। সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে গত ৬ জুলাই, যখন হেনঝু শহরের লিউলান জলাধারের একটি বাঁধ ভেঙে যায়। সিনহুয়া নিউজের তথ্য মতে, এই বাঁধ ভাঙার কারণে ২৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনো সাতজন নিখোঁজ রয়েছেন। সূত্র : সিনহুয়া

 

 

ডিআর কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ৬০০

কালের কণ্ঠ ডেস্ক
ডিআর কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ৬০০

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআর কঙ্গো) ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ জনে দাঁড়িয়েছে। ভাইরাসজনিত এই রোগে আক্রান্ত হয়েছে এক হাজার ৭৫৯ জন। দেশটির কিছু অংশে নতুন করে সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির সরকার এসব তথ্য জানিয়েছে।

ডিআর কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ইবোলায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫১ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। দেশটির তশোপো এবং ওত-উয়েলে প্রদেশে নতুন করে সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে।

গতকাল আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে, ইবোলার সাম্প্রতিক প্রাদুর্ভাবটি মহাদেশটির সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রাদুর্ভাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ১৫ মে ডিআর কঙ্গো কর্তৃপক্ষ নতুন করে ইবোলার প্রাদুর্ভাবের কথা জানায়। প্রাদুর্ভাবটি ইবোলার বিরল বান্ডিবুগিও ভাইরাসের কারণে ঘটেছে, যার কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা নেই। ভাইরাসটির বিরুদ্ধে লড়াইয়ের আশায় গবেষকরা বহু প্রতীক্ষিত গবেষণা শুরু করার পর গত সপ্তাহে এর চিকিৎসার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। তবে তহবিলের ঘাটতি, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে হামলা এবং প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল পূর্ব কঙ্গোয় চলমান সংঘাতের কারণেও ভাইরাসটি নিয়ন্ত্রণের প্রচেষ্টা ব্যাহত হয়েছে। গত মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করার আগেই ভাইরাসটি কয়েক সপ্তাহ ধরে ডিআর কঙ্গোর খনি শহর মংবওয়ালু, রুয়ামপারা ও বুনিয়ায় ছড়িয়ে পড়ছিল। সূত্র : আল জাজিরা, দ্য ওয়াশিংটন পোস্ট

 

চীনে জুতার কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

কালের কণ্ঠ ডেস্ক
চীনে জুতার কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিনজিয়াং শহরে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দুপুরে হুইটেং ফুটওয়্যার নামের কারখানাটিতে আগুন লাগে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট শি চিনপিং বলেছেন, এই অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং এর জন্য দায়ীদের অবশ্যই কঠোরভাবে জবাবদিহি করতে হবে। ফুজিয়ান প্রদেশের জিনজিয়াংকে চীনের জুতার রাজধানী বলা হয়। জানা গেছে, এই অঞ্চলে বিশ্বের ২০ শতাংশ খেলাধুলার জুতা উৎপাদিত হয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, শত শত উদ্ধারকর্মীকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয় এবং ২০০ জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এর আগে গত বছরের নভেম্বরে হংকংয়ে বেশ কয়েকটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১৬৮ জন নিহত হয়। সূত্র : বিবিসি

ফিলিপিন্সে বেকারত্ব বাড়ছে

কালের কণ্ঠ ডেস্ক
ফিলিপিন্সে বেকারত্ব বাড়ছে

নতুন স্নাতকদের জন্য সংকুচিত শ্রমবাজারের কারণে ফিলিপিন্সে বেকারত্ব তীব্র আকার ধারণ করেছে। দেশটির সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, বর্তমানে বেকার ফিলিপিনোদের সংখ্যা বেড়ে ২৫ লাখে দাঁড়িয়েছে, যা মোট শ্রমশক্তির ৪.৮ শতাংশ। এর পাশাপাশি আরো ৬০ লাখ শ্রমিক নিজেদের যোগ্যতার তুলনায় নিম্নমানের কাজ করতে বাধ্য হচ্ছেন। এ বছর দেশটিতে প্রায় সাত লাখ শিক্ষার্থী স্নাতক শেষ করে কর্মবাজারে প্রবেশ করেছেন। তবে যুব কর্মসংস্থানের হার ৯৫.২ শতাংশ থেকে কমে ৮৭.৬ শতাংশে নেমে আসায় তরুণরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। পরিস্থিতি এতটাই নাজুক যে, অনেক অভিভাবকই এখন সন্তানদের দেশে কাজের আশা ছেড়ে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন। তীব্র এল নিনো আবহাওয়ার কারণে কৃষি খাতে উৎপাদন ব্যাহত হওয়ায় প্রায় ৯ লাখ কৃষক ও খামার শ্রমিক কাজ হারিয়েছেন। সূত্র : খালিজ টাইমস