প্রশ্ন : বাংলা কিউআর চালুর ফলে গ্রাহক, মার্চেন্ট ও ব্যাংক—এই তিন পক্ষের সবচেয়ে বড় লাভ কী হবে?
উত্তর : বাংলা কিউআরের সবচেয়ে বড় শক্তি হলো এটি বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে একটি সমন্বিত ও আন্তঃপরিচালনযোগ্য অবকাঠামোতে রূপান্তর করছে। আগে বিভিন্ন ব্যাংক ও এমএফএস নিজস্ব কিউআর ব্যবস্থায় পরিচালিত হওয়ায় গ্রাহককে নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করতে হতো এবং অনেক মার্চেন্টকে একাধিক কিউআর রাখতে হতো।
এখন একজন গ্রাহক তাঁর পছন্দের ব্যাংক বা এমএফএস অ্যাপ ব্যবহার করে যেকোনো বাংলা কিউআর মার্চেন্টকে অর্থ পরিশোধ করতে পারবেন। এতে গ্রাহকের জন্য সুবিধা বাড়বে, মার্চেন্টদের পরিচালনা সহজ হবে এবং ব্যাংকগুলোর জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের কম খরচে ডিজিটাল আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি হবে।
প্রশ্ন : এটি সাধারণ মানুষের জীবনে কী পরিবর্তন আনতে পারে?
উত্তর : সবচেয়ে বড় পরিবর্তন আসবে পেমেন্টের সরলতা ও স্বাধীনতায়। একজন গ্রাহককে আর ভাবতে হবে না কোন দোকানে কোন অ্যাপ কাজ করবে। একটি কিউআর, নিজের পরিচিত ব্যাংক বা এমএফএস অ্যাপ—এতেই পেমেন্ট সম্পন্ন হবে। নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, লেনদেন আরো দ্রুত হবে এবং ডিজিটাল পেমেন্ট দৈনন্দিন জীবনের স্বাভাবিক অংশ হয়ে উঠবে। তবে এর জন্য শুধু প্রযুক্তি নয়, সর্বত্র গ্রহণযোগ্যতা এবং মানুষের আস্থা তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ।
প্রশ্ন : প্রান্তিক নারী উদ্যোক্তাদের জন্য এই উদ্যোগ কিভাবে সহায়ক হতে পারে?
উত্তর : বাংলা কিউআর বিশেষভাবে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি সহজ ডিজিটাল প্রবেশদ্বার তৈরি করছে। একটি কিউআর স্টিকার বা স্ট্যান্ড দিয়েই তাঁরা ডিজিটাল পেমেন্ট গ্রহণ শুরু করতে পারবেন। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিটি ডিজিটাল লেনদেন তাদের একটি আর্থিক ইতিহাস তৈরি করবে। সময়ের সঙ্গে এই তথ্য ভবিষ্যতে ঋণ, অন্যান্য ব্যাংকিং সেবা এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ বাড়াতে সহায়তা করবে। অর্থাৎ বাংলা কিউআর শুধু পেমেন্ট সহজ করছে না, বরং অনানুষ্ঠানিক ব্যবসাকে ধীরে ধীরে আনুষ্ঠানিক অর্থনীতির সঙ্গে যুক্ত করার পথও তৈরি করছে।
প্রশ্ন : গ্রামীণ বাজারে এই প্রযুক্তি কতটা প্রাসঙ্গিক?
উত্তর : এটি অত্যন্ত প্রাসঙ্গিক। পস মেশিনের খরচ ও রক্ষণাবেক্ষণের কারণে অনেক ছোট ব্যবসায়ী এত দিন ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারেননি। বাংলা কিউআরের মাধ্যমে একটি সাধারণ কিউআর স্টিকার দিয়েই গ্রামের মুদি দোকান, ওষুধের দোকান, চায়ের দোকান কিংবা হাটবাজারের ব্যবসায়ীরাও ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন। এতে গ্রামীণ অর্থনীতিও মূলধারার ডিজিটাল আর্থিক ব্যবস্থার সঙ্গে আরো কার্যকরভাবে যুক্ত হবে।
প্রশ্ন : তরুণ প্রজন্ম এই পরিবর্তনে কী ভূমিকা রাখতে পারে?
উত্তর : তরুণরা ডিজিটাল প্রযুক্তি গ্রহণে স্বাভাবিকভাবেই এগিয়ে। তাঁরা শুধু নিজেরাই ব্যবহার করবেন না, পরিবারের অন্য সদস্যদেরও এই ব্যবস্থার সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
তবে সফলতা নির্ভর করবে পুরো সমাজে আস্থা ও নিয়মিত ব্যবহারের সংস্কৃতি গড়ে ওঠার ওপর। প্রযুক্তি যত সহজ হবে এবং ব্যবহার যত বাড়বে, তত দ্রুত এই পরিবর্তন স্থায়ী হবে।
প্রশ্ন : গ্রাহকদের বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করতে কী ধরনের উদ্যোগ নেবে ইউসিবি?
উত্তর : শুধু প্রযুক্তি চালু করলেই ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ে না। এর জন্য প্রয়োজন মানুষের আস্থা, ইতিবাচক ব্যাবহারিক অভিজ্ঞতা এবং ব্যাপক গ্রহণযোগ্যতা। ইউসিবি মার্চেন্ট নেটওয়ার্ক সম্প্রসারণ, সহজ অনবোর্ডিং, ডিজিটাল ব্যাংকিং সক্ষমতা বৃদ্ধি এবং গ্রাহক সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে। আমাদের লক্ষ্য শুধু নিবন্ধনের সংখ্যা বাড়ানো নয়; বরং এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে গ্রাহক ও মার্চেন্ট উভয়েই স্বাভাবিকভাবেই বাংলা কিউআর ব্যবহার করবেন।
প্রশ্ন : জাল কিউআর বা ভুল লেনদেন হলে দায় কে নেবে?
উত্তর : গ্রাহকের আস্থা বজায় রাখতে শক্তিশালী নিরাপত্তা ও অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা কিউআর আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরাপত্তা মান অনুসরণ করে পরিচালিত হচ্ছে এবং প্রতিটি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের নিজস্ব সাইবার নিরাপত্তা ব্যবস্থাও এর সঙ্গে যুক্ত রয়েছে। একই সঙ্গে গ্রাহকদেরও পেমেন্টের আগে মার্চেন্টের নাম যাচাই করা এবং সতর্ক থাকা জরুরি। প্রযুক্তি ও ব্যবহারকারীর সচেতনতা—দুটিই সমান গুরুত্বপূর্ণ।
প্রশ্ন : ইউসিবি ক্ষুদ্র ব্যবসায়ী, গ্রামীণ দোকানদার ও অনানুষ্ঠানিক খাতের ব্যবসায়ীদের যুক্ত করতে কী উদ্যোগ নেবে?
উত্তর : ডিজিটাল রূপান্তর ইউসিবির অন্যতম কৌশলগত অগ্রাধিকার। আমরা সহজ অনবোর্ডিং, এজেন্ট ব্যাংকিং এবং এসএমই নেটওয়ার্কের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের বাংলা কিউআর ইকোসিস্টেমে যুক্ত করছি।
আমাদের লক্ষ্য শুধু কিউআর বিতরণ নয়; বরং এমন একটি সক্রিয় ডিজিটাল মার্চেন্ট ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে নিয়মিত লেনদেনের মাধ্যমে ব্যবসায়ীরা আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার সুবিধা গ্রহণ করতে পারবেন।




