• ই-পেপার

ভিনেগারের বিবিধ ব্যবহার

  • শুধু রান্নার উপকরণ নয়, দৈনন্দিন নানা কাজেও লাগে ভিনেগার। ভিনেগার ব্যবহারের কয়েকটি প্রয়োজনীয় টিপস দিয়েছেন ফাতেমা ইয়াসমীন

ম্যাসাজ কেন করাবেন

ব্যস্ত জীবনে প্রায়ই আমরা শারীরিক নানা অস্বস্তিতে ভোগি। নিয়মিত বডি ম্যাসাজ করালে এতে উপশম পাওয়া যায়। বডি ম্যাসাজের নানা উপকারিতা ও ঝুঁকি নিয়ে লিখেছেন আয়েশা সিদ্দিকা স্বর্ণা

ম্যাসাজ কেন করাবেন
শরীরের ক্লান্তি দূর করে ম্যাসাজ। মডেল : আইরিন ইরানি, ছবি : এটুজেড

ম্যাসাজ এক ধরনের করিয়ে দেওয়া ব্যায়াম। স্পোর্টস মেডিসিন ও ফিজিওথেরাপি চিকিত্সায় ম্যাসাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় তিন হাজার বছর আগে গ্রিসে ম্যাসাজের প্রথম প্রচলন হয়। চীন, জাপান, ইংল্যান্ড, মিসর, তুরস্ক, পারস্য, রোমের মতো উপমহাদেশেও আড়াই হাজার বছর আগে থেকেই এর প্রচলন ছিল। এখন তো পাঁচতারা হোটেল থেকে পাড়ার গলির স্যালনেও ম্যাসাজ থেরাপি পাওয়া যায়। বডি ম্যাসাজ এখন আর শুধু বিলাসিতা নয়, শরীরকে পুনরুজ্জীবিত ও সুস্থ রাখার জন্যও ব্যবহার করা হচ্ছে। বডি ম্যাসাজের আধুনিক নানা যন্ত্রপাতিও পাওয়া যায় বাজারে। বডি ম্যাসাজ শরীরের জন্য আরামদায়ক এবং মনের জন্য প্রশান্তিদায়ক হওয়ায় অনেকেই কিনছেন এসব ম্যাসাজ মেশিন। শরীর চাঙ্গা করতেও জুড়ি নেই ম্যাসাজের। তাই ব্যস্ত জীবনযাপনের মধ্যে ম্যাসাজের জন্য কিছু সময় বরাদ্দ রাখলে শরীর ও মন দুটিই উপকৃত হবে। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন পাইওনিয়ার থেরাপি সেন্টারের থেরাপিস্ট বকতিয়ার আহমেদ।

ক্লান্তি ও রোগমুক্তি

ম্যাসাজ শরীরের ক্লান্তি দূর করে। ম্যাসাজ করালে পেশির চাপ কমে এবং রক্ত চলাচল স্বাভাবিক হয়, যা শরীরকে দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করে। ঘাড়, কোমর, কাঁধসহ পেশির ব্যথায়ও কার্যকর ম্যাসাজ। নিয়মিত বডি ম্যাসাজের ফলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে। এর ফলে শরীর রোগমুক্ত থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ে।

চাপ ও উদ্বেগ কমায়

ম্যাসাজ শরীরে সেরোটোনিন এবং ডোপামিন হরমোন উত্পাদন বৃদ্ধি করে, যা মানসিক প্রশান্তি ও সুখের অনুভূতি দেয়। ফলে মানসিক চাপ ও উদ্বেগ কমে। এটি কর্টিসল হরমোন কমাতে সাহায্য করে। মুড ভালো করে।

হার্টের সুরক্ষায়

বডি ম্যাসাজ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং হূদরোগের ঝুঁকি কমায়। নিয়মিত ম্যাসাজ করালে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

ব্যথা উপশম করে

আর্থ্রাইটিস বা অন্যান্য সংযোগস্থল সংক্রান্ত সমস্যায় ম্যাসাজ অত্যন্ত উপকারী। এটি পেশি ও জয়েন্টের স্থিতিস্থাপকতা বাড়ায় এবং ব্যথা উপশম করে। শক্ত পেশি ঢিলা করে শরীরকে নমনীয় করে। হাত-পায়ের পেশিতে ব্যথা, ঘাড় ব্যথা দূর করতেও বডি ম্যাসাজ উপকারী। যদি হাত-পা বা পিঠে অকারণ ব্যথা হয়, দুইবার বডি ম্যাসাজ করিয়ে নিন।

ঘুম ভালো হয়

ম্যাসাজ মানসিক ও শারীরিক প্রশান্তি এনে দেয়, যা গভীর ও প্রশান্ত ঘুমে সহায়ক হয়। বিশেষ করে ইনসমনিয়ায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য নিয়মিত ম্যাসাজ উপকারী।

ত্বকের উজ্জ্বলতা বাড়ায়

বডি ম্যাসাজ ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি করে। এতে ত্বকের কোষে পুষ্টিপ্রবাহ বৃদ্ধি পায়। নতুন কোষ বৃদ্ধি পায়। ফলে ত্বক উজ্জ্বল, নরম ও মসৃণ হয়। ম্যাসাজের সময় ত্বকের ওপর সরাসরি চাপ পড়ে। তাই ত্বকে মৃত কোষ জমে থাকতে পারে না। ত্বক লাবণ্যময় হয়ে ওঠে।

হজমশক্তি উন্নত করে

ম্যাসাজের ফলে অন্ত্রের কার্যকারিতা উন্নত হয়, যা হজমশক্তিকে বৃদ্ধি করে। পেটের ম্যাসাজ করালে অন্ত্রের চলাচল সহজ হয় এবং গ্যাস্ট্রিক বা এসিডিটির মতো সমস্যার সমাধান হয়।

সতেজ অনুভূতি

বডি ম্যাসাজে সতেজ অনুভূতি পাওয়া যায়। মনকে ঝরঝরে করে তোলে। তাই মন ভালো রাখতে বডি ম্যাসাজ করান। ম্যাসাজের ফলে শরীরের টিস্যুগুলোর পরিবর্তন হয়। শারীরিক গঠন সুন্দর রাখতেও সাহায্য করে।

 

সতর্কতা

* ম্যাসাজের সময় অতিরিক্ত জোরে বা ভুলভাবে চাপ দেওয়া যাবে না। এতে গুরুতর আঘাতের আশঙ্কাও থাকে।

* ম্যাসাজের পরে হালকা ব্যথা বা পেশিতে টান অনুভূত হতে পারে। কখনো কখনো নীলচে দাগ বা অস্বস্তি হতে পারে।

* রক্ত জমাট বাঁধার প্রবণতা বা যাঁরা রক্ত তরল রাখার ওষুধ খাচ্ছেন, তাঁরা বডি ম্যাসাজ নেওয়া এড়িয়ে চলুন।

* অস্টিওপোরোসিস বা হাড় দুর্বলতার সমস্যা থাকলে ম্যাসাজ নেওয়া যাবে না।

*সাম্প্রতিক অস্ত্রোপচার, ভাঙা হাড় বা খোলা ক্ষত থাকলে ম্যাসাজ করবেন না।

*থেরাপিস্টকে অবশ্যই আপনার শারীরিক অবস্থা ও সহ্যক্ষমতার কথা জানাতে হবে।

হ ম্যাসাজের সময় অতিরিক্ত ব্যথা হলে সঙ্গে সঙ্গে যিনি ম্যাসাজ করিয়ে দিচ্ছেন, তাঁকে জানান।

 

 

 

প্রকৃতি সংরক্ষণে অংশ নিন আপনিও

আগামীকাল [২৮ জুলাই] বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। দিবসটির মূল উদ্দেশ্য হলো পৃথিবীর প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, বন, বন্য প্রাণী, পানি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা। প্রকৃতি সংরক্ষণে আপনিও অংশ নিতে পারেন। লিখেছেন শাকিল রানা

প্রকৃতি সংরক্ষণে অংশ নিন আপনিও
বাড়ির আশেপাশে গাছ লাগান। ছবি : এটুজেড

যত দিন যাচ্ছে, তত নানা সংকটে জর্জরিত হচ্ছে আমাদের প্রকৃতি। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, নদীদূষণ, প্লাস্টিকের আগ্রাসন এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে পৃথিবীর পরিবেশগত ভারসাম্য দিন দিন নষ্ট হচ্ছে। এর প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি এবং জীববৈচিত্র্যের ওপর। প্রকৃতি রক্ষার দায়িত্ব শুধু সরকার, পরিবেশবাদী সংগঠন কিংবা আন্তর্জাতিক সংস্থার নয়, এটি প্রতিটি নাগরিকেরও নৈতিক দায়িত্ব। একজন মানুষ প্রতিদিনের জীবনে কিছু সহজ অভ্যাস গড়ে তুলে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

গাছ লাগান

গাছ শুধু অক্সিজেন দেয় না, এটি কার্বন ডাই-অক্সাইড শোষণ করে জলবায়ুর ভারসাম্য রক্ষা করে। মাটি ধরে রাখে, বন্যা ও ভূমিক্ষয় কমায়, পাখি ও প্রাণীর আশ্রয়স্থল তৈরি করে। দিনটি উপলক্ষে অন্তত একটি ফলদ, বনজ বা ঔষধি গাছ লাগান।

প্লাস্টিকের ব্যবহার কমান

পরিবেশের ভয়ংকর শত্রু প্লাস্টিক। মাটিতে শত শত বছরেও পচে না প্লাস্টিক। নদী-সমুদ্রে পড়ে জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। তাই প্লাস্টিকের ব্যবহার সীমিত করেও প্রকৃতি সংরক্ষণে অংশ নিতে পারেন আপনি।

বিদ্যুত্ ও পানির সাশ্রয়ী ব্যবহার

প্রয়োজন না থাকলে বাতি, ফ্যান, এসি বা অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখুন। পানি অপচয় করবেন না। বিদ্যুত্ উত্পাদন এবং বিশুদ্ধ পানি সরবরাহ দুটিই প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল। সাশ্রয় হওয়া মানেই প্রকৃতির ওপর চাপ কমানো।

যাতায়াতে সচেতনতা

খুব কাছের দূরত্বে মোটরসাইকেল বা গাড়ির পরিবর্তে হাঁটা কিংবা সাইকেল ব্যবহার করতে পারেন। দূরের যাত্রায় ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহার করলে জ্বালানি খরচ ও বায়ুদূষণ কমে। এটি যানজট কমাতেও ভূমিকা রাখে।

নদী, খাল ও জলাশয় রক্ষা

অনেক নদী ও খাল দখল এবং দূষণের শিকার। ময়লা-আবর্জনা বা শিল্পবর্জ্য জলাশয়ে না ফেলা, নদী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগে অংশ নেওয়া এবং অন্যদের সচেতন করার মাধ্যমেও প্রকৃতিকে রক্ষা করা সম্ভব।

জীববৈচিত্র্য সংরক্ষণ

প্রতিটি প্রাণী ও উদ্ভিদ প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ। বন্য প্রাণী শিকার, বিরল পাখি ধরে রাখা বা অবৈধ বন্য প্রাণী ব্যবসাকে নিরুত্সাহ করুন।

শিশুদের পরিবেশ সম্পর্কে জানান

শিশুদের প্রকৃতি রক্ষার শিক্ষা ছোটবেলা থেকেই দিতে হবে। গাছ লাগানো, পাখি চেনানো, বাগান করার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি প্রকৃতির সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিন। এতে তারা বড় হয়ে পরিবেশবান্ধব নাগরিক হিসেবে গড়ে উঠবে।

 

 

 

 

 

ম্যাট্রেস কিনবেন, না বানাবেন

আরামদায়ক ঘুমের জন্য ভালো মানের ম্যাট্রেসের বিকল্প নেই। ম্যাট্রেস দোকানে কিনতে পাবেন। চাইলে কারখানায় গিয়ে পছন্দমতো বানিয়েও নিতে পারেন। লিখেছেন আহমেদ ইমরান

ম্যাট্রেস কিনবেন, না বানাবেন
ব্র্যান্ড শপে অর্ডার করেও কাস্টমাইজড ম্যাট্রেস বানিয়ে নিতে পারবেন। ছবি : সংগৃহীত

বিভিন্ন উপকরণ; যেমন—ফোম, ফেল্ট, স্প্রিং, রিবন, ল্যাটেক্স, কাপড় ইত্যাদি উপকরণ দিয়ে তৈরি হয় ম্যাট্রেস। তবে বিভিন্ন অসাধু বিক্রেতা ম্যাট্রেসের ভেতর নকল উপকরণ ব্যবহার করেন। ম্যাট্রেস সেলাই করা থাকে বলে ভেতরে কী আছে, তা দেখে কেনার সুযোগ থাকে না। এ জন্য ম্যাট্রেস কেনার পরিবর্তে কারখানায় গিয়ে বানিয়ে নিচ্ছেন অনেকে।

ম্যাট্রেস বানাতে চাইলে

অনলাইনেই পাবেন ম্যাট্রেস কারখানার খোঁজ। পুরো ঢাকাসহ দেশের বড় বড় শহরেই পাবেন ম্যাট্রেস কারখানা। বাসার কাছাকাছি কোনো কারখানা খুঁজে নিন। এতে যাতায়াতে সুবিধা হবে। চাঁদপুর ভিআইপি বেডিং কারখানার স্বত্বাধিকারী স্বপন আহমেদ জানান, গ্রাহকদের মধ্যে ম্যাট্রেস কেনার চেয়ে বানিয়ে নেওয়ার চাহিদা দিন দিন বাড়ছে। চোখের সামনে পছন্দের ম্যাট্রেস বানিয়ে নিলে মন থেকেও স্বস্তি পাওয়া যায়। আবার পছন্দমতো উপকরণও বেছে নিতে পারেন। রিবনের চাপ সহনশীলতা পরখ করে তারপর অর্ডার করুন। অনেক ক্রেতা বাসা থেকে নিয়ে আসা সিদ্ধান্ত কারখানায় এসে সবকিছু দেখে আবার বদলে ফেলেন। এতে খরচ কিছুটা বাড়লেও মনমতো ম্যাট্রেস বানিয়ে নেওয়া যায়। কারখানা থেকে ম্যাট্রেস বানাতে চাইলে আপনার খাটের দৈর্ঘ্য ও প্রস্থের সঠিক মাপ জানা জরুরি। এতে ম্যাট্রেসটি ঠিকমতো খাটের সঙ্গে সেঁটে যায়। বড় বড় ব্র্যান্ড থেকেও অর্ডার করে কাস্টমাইজড ম্যাট্রেস বানিয়ে নিতে পারবেন।

ম্যাট্রেস কিনবেন, না বানাবেন
ব্র্যান্ড দেখে ম্যাট্রেস কিনুন। ছবি : সংগৃহীত

কেমন ম্যাট্রেস কিনবেন

চিকিত্সকদের পরামর্শের কারণে অর্থোপেডিক ম্যাট্রেসের চাহিদা এখন তুঙ্গে। এমন ম্যাট্রেস সাধারণত কম নরম হয়। শোবার পর শরীর সোজা হয়ে থাকে। এতে কোমর ব্যথাসহ শারীরিক বিভিন্ন সমস্যা থেকে বাঁচা যায়। এরপর রয়েছে রিবন্ডেড ফোমের ম্যাট্রেসের চাহিদা। এটি অর্থোপেডিক ম্যাট্রেসের তুলনায় বেশি নরম। সারা দিনের ব্যস্ততা শেষে এমন ম্যাট্রেসপাতা বিছানায় গা এলিয়ে দিলে সহজেই শরীরের ক্লান্তি দূর হয় বলে জানালেন আরএন ম্যাট্রেসের স্বত্বাধিকারী মামুন হোসেন। ভালো ব্র্যান্ড দেখে ম্যাট্রেস কিনুন। এতে ঠকার ভয় থাকবে না। বাজার থেকে ম্যাট্রেস কিনলে আগে দেখে নিন রিবন ভেঙে যায় কি না। অনেক ম্যাট্রেসের কাভারে চেইন লাগানো থাকে, যাতে বিক্রেতারা ভেতরে কী আছে, সেটি দেখে পরখ করে কিনতে পারেন। এমন চেইন থাকলে সেটি খুলে ম্যাট্রেসের ভেতরের উপকরণগুলো দেখে কিনতে ভুলবেন না।

যা খেয়াল করা জরুরি

ম্যাট্রেস বানান কিংবা কেনেন, তার আগে কিছু বিষয় মাথায় রাখা ভালো। কে কে ম্যাট্রেসটি ব্যবহার করবেন জেনে নিন। একই বিছানায় বিভিন্ন বয়স, স্বাস্থ্য এবং বিপরীত লিঙ্গের মানুষ ঘুমালে সবার সুবিধা-অসুবিধা বিবেচনায় নিন। বাজেটের বিষয়েও আগাম ধারণা রাখুন। মানভেদে ম্যাট্রেসের দামের তারতম্য দেখা যায়। কম দামে নিম্নমানের ম্যাট্রেস না কিনে একটু বেশি দামে ভালো ম্যাট্রেস কিনুন। কেনার আগে ম্যাট্রেসে একবার শুয়ে দেখুন। এতে কিনে বাসায় নিয়ে ব্যবহারের সময় অহেতুক ঝামেলা থেকে বাঁচবেন। ম্যাট্রেস কেনার সময় বিক্রেতার কাছ থেকে রিটার্ন পলিসির বিষয়ে জেনে নিন। বেশ কিছু ব্র্যান্ড ব্যবহারের দু-তিন দিন পর পর্যন্ত রিটার্ন সুবিধা দিয়ে থাকে। ম্যাট্রেস কিনে বাসায় গিয়ে কয়েক দিন ব্যবহারের পর যদি স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তাহলে সেটি ফিরিয়ে দেওয়াই বাঞ্ছনীয়। ম্যাট্রেসের ওয়ারেন্টি নিয়েও ভালোভাবে জেনে নিন।

টিপস

*   প্রতি ছয় মাসে একবার ম্যাট্রেস পরিষ্কার করা উচিত। ম্যাট্রেসে থাকা শুকনা ধুলাবালি, মৃত কোষ পরিষ্কার করার জন্য ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে পারেন।

*    কোথাও দাগ লাগলে সেটির জন্য স্পট ট্রিটমেন্ট ব্যবহার করুন।

*    ম্যাট্রেসের দুর্গন্ধ ও ব্যাকটেরিয়া দূর করতে পুরো ম্যাট্রেসের ওপর বেকিং সোডা হালকা করে ছিটিয়ে দিন। এক ঘণ্টা পর ভালো করে ঝেড়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।

*    প্রতি ছয় থেকে ১০ বছর পর ম্যাট্রেস বদলানো উচিত।

 

 

 

 

 

 

 

 

খোঁজখবর

খোঁজখবর

ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভাল

প্রথমবারের মতো ওয়েডিং ফেস্টিভাল আয়োজন করেছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। ৩১ জুলাই ও ১ আগস্ট হোটেলটির রূপসী বাংলা গ্র্যান্ড বলরুম ও উইন্টার গার্ডেনে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে সেনসেশন প্রেজেন্টস ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভাল। সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীরা বিনা মূল্যে অংশ নিতে পারবেন। ফেস্টিভালে বিয়ের বিভিন্ন সেবা ও সমাধান পাওয়া যাবে। থাকবে বিয়ের ফ্যাশন, গয়না, ফটোগ্রাফি, হানিমুন, ইন্টেরিয়র, কসমেটিকস, র্যাফল ড্র, গাড়ির প্রদর্শনী, দাম্পত্য জীবন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞ চিকিত্সকদের বিনা মূল্যে পরামর্শ।

টি-শার্টে রঙ বাংলাদেশের বন্ধুত্ব উদযাপন

খোঁজখবর

২ আগস্ট বন্ধু দিবস। এ উপলক্ষে নতুন টি-শার্ট এনেছে রঙ বাংলাদেশ। মিনিমাল ও আধুনিক ডিজাইনের ড্রপ শোল্ডার টি-শার্টের সামনে ঋত্রবহফং টাইপোগ্রাফি করা। পেছনে একদল বন্ধুর লাইন-আর্ট ইলাস্ট্রেশনে বন্ধুত্বের বন্ধন, একসঙ্গে পথচলা এবং সুন্দর স্মৃতির প্রতীক। আরামদায়ক, টেকসই এবং দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী টি-শার্ট কালো ও কফি দুটি রঙে পাওয়া যাবে।

এএমটিসির গ্র্যাজুয়েশন উদযাপন

খোঁজখবর

এক দশক পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো গ্র্যাজুয়েশন সেরিমনি আয়োজন করেছে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প [এএমটিসি]। ১৯ জুলাই রাজধানীর ধানমণ্ডির বজুঁর ব্যাংকোয়েট হলে অনুষ্ঠিত এই আয়োজনে একসঙ্গে সনদ গ্রহণ করেন প্রতিষ্ঠানটির মডেলিং কোর্সের ১০টি ব্যাচের শিক্ষার্থী এবং প্রেজেন্টিং ও পেজেন্ট্রি কোর্সের গ্র্যাজুয়েটরা। এ ছাড়া এএমটিসি থেকে প্রশিক্ষণ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারীদের স্টার স্টুডেন্ট সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ।