* রান্নাঘর পরিষ্কারে দারুণ কার্যকর ভিনেগার। এক লিটার পানিতে আধা কাপ ভিনেগার মিশিয়ে নিন। রান্নাঘর পরিষ্কার করতে এই মিশ্রণ ব্যবহার করুন। রান্নাঘরের দেয়ালে অনেক সময় তেলচিটে দাগ পড়ে। কাপড় কিংবা স্পঞ্জ ভিনেগার মিশ্রিত পানিতে ভিজিয়ে দাগ লাগা অংশে ঘষুন। পরিষ্কার হবে।
* ওভেনের দুর্গন্ধ দূর করে ভিনেগার। একটি পাত্রে তিন ভাগ পানি ও এক ভাগ ভিনেগার নিয়ে মাইক্রোওয়েভ ওভেনে গরম করুন। গন্ধ দূর হবে।
* চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন ভিনেগার। শ্যাম্পু করার পর এক মগ পানিতে এক চা চামচ ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে নিন। ঝলমলে হবে চুল।
* মরিচা পড়া দা, বঁটি, কাঁচি ও ছুরি পরিষ্কার করতে ভিনেগারে নরম কাপড় চুবিয়ে কয়েকবার যন্ত্রটি মুছে নিন। এরপর শুকনা নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। মরিচা দূর হবে।
* আধা লিটার পানিতে পাঁচ-ছয় টেবিল চামচ ভিনেগার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। জানালার কাচ ও শোকেসে এই মিশ্রণ স্প্রে করে শুকনা কাপড় দিয়ে মুছে নিন। কাচ ঝকঝক করবে।
* ফুলদানিতে অনেক দিন পর্যন্ত ফুল তরতাজা রাখতে এক লিটার পানির সঙ্গে দুই টেবিল চামচ ভিনেগার ও এক চা চামচ চিনি মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। ফুলদানিতে পানির বদলে এই মিশ্রণটি দিয়ে রাখলে ফুল তরতাজা থাকবে।
* সবজি রান্না করার আগে ভিনেগার মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখুন। সবজির মধ্যে থাকা ময়লা, কীটনাশক ও পোকামাকড় দূর করতে এটি খুব উপযোগী।
* ফ্রিজে রাখা জমাট বেঁধে থাকা মাংস দ্রুত ছাড়াতে পাত্রে রাখা পানির মধ্যে এক কাপ ভিনেগার দিন।
* বেসিন বা কিচেন সিংকে পানির দাগ তুলতে ভিনেগারে ডুবিয়ে রাখুন। সারা রাত ভিজিয়ে রাখলে পরদিন দাগ উঠে যাবে।
* বোতল পরিষ্কার করার জন্য কয়েক চা চামচ ভিনেগার ঢেলে সারা রাত রেখে দিন। সকালে পানি ও সামান্য চাল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ধুয়ে ফেলুন। বোতল ঝকঝক করবে।
* ডিম সিদ্ধ করার সময় পানিতে সামান্য ভিনেগার মিশিয়ে নিন। এতে ডিমের খোসা সহজেই ছাড়ানো যায়। আলু সিদ্ধ করতেও এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।






