ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে তোফায়েল আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) রাতে কসবা রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
একাধিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলেও বিভিন্ন এলাকা থেকে মানুষ কসবা রেল স্টেশনে ঘুরতে আসে। তোফায়েলও বন্ধুদের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন। সন্ধ্যার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস স্টেশনে পৌঁছালে এক বৃদ্ধ যাত্রী ট্রেন থেকে নেমে মাঝের রেল লাইনে দাঁড়িয়ে পড়েন। এসময় ওই লাইন দিয়ে দ্রুতগতিতে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস অতিক্রম করছিল। ট্রেনের হুইসেল শুনতে না পেয়ে বৃদ্ধ লাইনের ওপরই দাঁড়িয়ে ছিলেন।
বিষয়টি দেখতে পেয়ে তোফায়েল দ্রুত রেললাইনে নেমে বৃদ্ধকে সরিয়ে দেন। তবে বৃদ্ধকে নিরাপদ স্থানে সরিয়ে দিলেও নিজে সরে যাওয়ার আগেই সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কসবা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস কসবা স্টেশন অতিক্রম করার সময় এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় তোফায়েল আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।’
আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, ট্রেনের ধাক্কায় তোফায়েল আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




