লক্ষ্মীপুরের রামগতিতে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ায় ১২ জন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ইয়াসিন আরাফাত নামে এক ছাত্রলীগের কর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) রামগতি থানার এসআই ময়নাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গ্রেপ্তার ইয়াসিন উপজেলার চররমিজ ইউনিয়নের চরমেহার গ্রামের আব্দুলের ছেলে।
মামলার অন্য আসামিরা হলেন- মো. ফয়সাল, মো. বাচ্চু , মারুফ, নিশান, সজীব, আসিফ, সাজিদ, সামুরা, রাহাত, আল-আমিন ও ফাহিম। তারা উপজেলার চরআলগী, চররমিজ ও বড়খেরী ইউনিয়নসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ মে সকালে চরআলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামের মধ্য পূর্ব আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে আসামিরা জড়ো হয়ে উস্কানিমূলক বিভিন্ন স্লোগানসহ জননিরাপত্তা বিপন্ন ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে ঝটিকা মিছিল করে এবং পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেয়। স্লোগান ও মিছিলের কার্যক্রম প্রচারের জন্য ভিডিও ধারণ করে। পরে এ ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় বুধবার (৩ জুন) রাতে চরমেহার গ্রাম থেকে ইয়াসিনকে আটক করা হয়।
রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের কিছু নেতাকর্মী জড়ো হয়ে স্লোগানসহ মিছিল করেন। পরে অভিযান চালিয়ে ইয়াসিন নামের এক কর্মীকে গ্রেপ্তার কর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’




