বাংলাদেশের মানুষের কাছে বন্যা নতুন কোনো অভিজ্ঞতা নয়। কিন্তু সাম্প্রতিক সময়ে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলা ও তিন পার্বত্য জেলায় ভয়াবহ বন্যা এবং অতি সম্প্রতি ভোলা, নেত্রকোনা, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাত ও উজান থেকে আসা পানির ক্রমাগত বৃদ্ধি এবং সংশ্লিষ্ট এলাকার প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়া—সার্বিক পরিস্থিতি আমাদের স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ ফল এখন আমাদের ঘরের দরজায়। কোথাও পাহাড়ি ঢল, কোথাও দীর্ঘস্থায়ী নদীভাঙন, আবার কোথাও আকস্মিক বন্যা মানুষের জীবন-জীবিকাকে বিপর্যস্ত করে তুলছে। পানি নেমে যাওয়ার পরও দীর্ঘদিন ধরে মানুষ কাদা, ক্ষুধা, রোগ-ব্যাধি ও অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছে।
সাম্প্রতিক বন্যায় বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের অনেক এলাকায় পানি নেমে গেলেও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখন স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে। বসতঘর ধ্বংস, কৃষিজমি নষ্ট, সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত, বিশুদ্ধ পানির সংকট এবং জীবিকা হারানোর মতো সমস্যা বহু পরিবারকে দীর্ঘমেয়াদি অনিশ্চয়তায় ফেলেছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে ত্রাণ কার্যক্রম চললেও মাঠ পর্যায়ে সমন্বয়ের অভাব স্পষ্টভাবে চোখে পড়েছে।
বাংলাদেশ সরকারের ‘স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) এবং ন্যাশনাল প্ল্যান ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (২০২১-২০২৫)’ দুর্যোগ ব্যবস্থাপনায় প্রস্তুতি, আগাম সতর্কতা, জরুরি সাড়া এবং পুনর্বাসনের ওপর গুরুত্ব দিয়েছে। তবে বাস্তব অভিজ্ঞতা বলছে, অনেক ক্ষেত্রে আমাদের কার্যক্রম এখনো দুর্যোগের পরে সক্রিয় হয়। দুর্যোগের আগে ঝুঁকি কমানো, প্রস্তুতি গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির বিষয়টি আরো শক্তিশালী করা প্রয়োজন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) এরই মধ্যে উন্নত হাইড্রোলজিক্যাল মডেল, স্যাটেলাইট তথ্য এবং আবহাওয়ার তথ্য ব্যবহার করে আগাম বন্যা পূর্বাভাস দিচ্ছে। এমনকি ১০ দিনের সম্ভাব্য পূর্বাভাসও প্রকাশ করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে—এই তথ্য কি শেষ পর্যন্ত ইউনিয়ন পর্যায়ের কৃষক, জেলে বা পাহাড়ি গ্রামের সাধারণ মানুষের কাছে কার্যকরভাবে পৌঁছাচ্ছে? অনেক ক্ষেত্রেই উত্তরটি নেতিবাচক। আরো উদ্বেগের বিষয় হলো, উপজেলা ও জেলা পর্যায়ে পানি উন্নয়ন বোর্ড, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বিত পরিকল্পনার ঘাটতি এখনো স্পষ্ট। ফলে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলেও অনেক এলাকায় আগাম প্রস্তুতি যথাসময়ে নেওয়া যায় না।
দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান—দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের মধ্যে আরো শক্তিশালী সমন্বয় প্রয়োজন। উপজেলা ও জেলা পর্যায়ে নিয়মিত ঝুঁকি বিশ্লেষণ, প্রস্তুতি সভা এবং যৌথ কর্মপরিকল্পনা চালু করা গেলে বন্যার ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
বন্যার সময় উদ্ধার কার্যক্রম গুরুত্বপূর্ণ হলেও প্রকৃত সংকট শুরু হয় পানি নেমে যাওয়ার পর। তখন মানুষের প্রয়োজন হয় নিরাপদ বাসস্থান, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, কৃষি পুনরুদ্ধার, শিক্ষা কার্যক্রম চালু রাখা এবং জীবিকা ফিরিয়ে আনার সুযোগ। কিন্তু বর্তমানে বিভিন্ন সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থার ত্রাণ কার্যক্রম অনেক সময় বিচ্ছিন্নভাবে পরিচালিত হয়। ফলে কেউ একাধিকবার সহায়তা পায়, আবার প্রকৃত ক্ষতিগ্রস্ত কেউ কেউ সহায়তার বাইরে থেকে যায়।
এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য একটি জাতীয় সমন্বিত ডিজিটাল ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন তথ্যভাণ্ডার (ন্যাশনাল ডিজাস্টার রিকভারি ডেটা বেইস) গড়ে তোলা সময়ের দাবি। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি ইউনিক আইডি দেওয়া হবে। ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন, মোবাইল অ্যাপ কিংবা তথ্যসেবা কেন্দ্র—যেখান থেকেই তথ্য নিবন্ধন করা হোক না কেন, সব তথ্য একটি কেন্দ্রীয় ডেটা বেইসে সংরক্ষিত থাকবে। এই ব্যবস্থার মাধ্যমে কোন পরিবার কী ধরনের ক্ষতির শিকার হয়েছে, কারা ত্রাণ পেয়েছে, কারা এখনো সহায়তা পায়নি, কোথায় ঘর নির্মাণ প্রয়োজন, কোথায় কৃষি পুনর্বাসন জরুরি—সবকিছু তাৎক্ষণিকভাবে জানা যাবে। ফলে একই পরিবারের কাছে বারবার ত্রাণ পৌঁছানো এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের বাদ পড়ার মতো সমস্যা অনেকাংশে কমে আসবে।

বন্যা-পরবর্তী পুনর্বাসনকে শুধু ত্রাণ বিতরণের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। একজন কৃষকের জমিতে উৎপাদন ফিরিয়ে আনা, একজন ক্ষুদ্র ব্যবসায়ীর আয়ের উৎস পুনর্গঠন, একজন জেলের জীবিকা পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপদ বাসস্থান নিশ্চিত করা—সবকিছুকে পুনর্বাসনের অংশ হিসেবে দেখতে হবে।
পুনর্বাসনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাস্থ্য ও মানসিক সুস্থতা। বন্যায় ঘরবাড়ি হারানো, দীর্ঘদিন পানিবন্দি থাকা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা মানুষের ওপর মানসিক চাপ তৈরি করে। তাই দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্যসেবায় মানসিক সহায়তা, নারী ও শিশুর সুরক্ষা এবং নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় বাংলাদেশের দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো আরো কার্যকরভাবে বাস্তবায়ন করা জরুরি। ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান (বিসিসিএসএপি) ২১০০’ এবং ‘ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান (এনএপি) ২০২৩-২০৫০’ জলবায়ুসহনশীল উন্নয়ন, টেকসই পানি ব্যবস্থাপনা, নদী ব্যবস্থাপনা এবং স্থানীয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়েছে। এখন প্রয়োজন এসব নীতিমালাকে মাঠ পর্যায়ের বাস্তব কর্মসূচিতে রূপান্তর করা। নদীভাঙনপ্রবণ ও পাহাড়ধস ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা, জলাধার সংরক্ষণ, খাল পুনরুদ্ধার, টেকসই বাঁধ নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ বসতি ব্যবস্থাপনা—এসব উদ্যোগ দীর্ঘ মেয়াদে বন্যার ক্ষতি কমাতে সহায়তা করবে।
দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ অপরিহার্য। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় স্বেচ্ছাসেবক, যুবসমাজ এবং কমিউনিটি সংগঠনগুলোকে প্রশিক্ষিত করে একটি কার্যকর স্থানীয় প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তুলতে হবে। কারণ দুর্যোগের প্রথম প্রতিক্রিয়া অনেক সময় স্থানীয় মানুষই দিয়ে থাকে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে স্থানীয় যে কমিটিগুলো রয়েছে, সেগুলো বেশির ভাগ ক্ষেত্রেই অকার্যকর এবং বেশির ভাগ মানুষ নিষ্ক্রিয়। বাংলাদেশ অতীতে বহু দুর্যোগ মোকাবেলায় বিশ্বের প্রশংসা অর্জন করেছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের বর্তমান বাস্তবতায় শুধু দুর্যোগ মোকাবেলা যথেষ্ট নয়, আমাদের লক্ষ্য হতে হবে দুর্যোগের ঝুঁকি কমানো এবং জলবায়ুসহনশীল উন্নয়ন।
আজ আমাদের সবচেয়ে বড় প্রয়োজন শুধু ত্রাণের ট্রাক নয়, প্রয়োজন সমন্বিত পরিকল্পনা; শুধু সহানুভূতি নয়, প্রয়োজন তথ্যভিত্তিক সিদ্ধান্ত; শুধু পুনর্বাসন নয়, প্রয়োজন দুর্যোগের আগেই প্রস্তুতি। বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই একটি জলবায়ুসহনশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে এখনই একটি জাতীয় সমন্বিত বন্যা-পূর্ব প্রস্তুতি ও বন্যা-পরবর্তী পুনর্বাসন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করতে হবে; যেখানে সরকার, স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, এনজিও, উন্নয়ন সহযোগী এবং স্থানীয় জনগণ একই তথ্যভাণ্ডারের আওতায় কাজ করবে। কারণ জলবায়ু পরিবর্তনের যুগে বন্যা হয়তো পুরোপুরি থামানো সম্ভব নয়, কিন্তু সঠিক পরিকল্পনা, প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর সমন্বয়ের মাধ্যমে মানুষের দুর্ভোগ, বৈষম্য ও ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো অবশ্যই সম্ভব। এটিই হওয়া উচিত আগামী দিনের বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার নতুন দর্শন।
লেখক : জনস্বাস্থ্যকর্মী ও প্রশিক্ষক



স্বচ্ছ সোলার গ্লাসের কার্যপদ্ধতি প্রচলিত সৌর প্যানেলের তুলনায় কিছুটা ভিন্ন হলেও মূলনীতি একই। সাধারণ সোলার প্যানেলে দৃশ্যমান সূর্যালোক সরাসরি বিদ্যুতে রূপান্তরিত হয়। কিন্তু ট্রান্সপারেন্ট সোলার উইন্ডোতে এমন বিশেষ উপাদান ব্যবহার করা হয়, যা মানুষের চোখে দৃশ্যমান আলোর বেশির ভাগ অংশ কাচের মধ্য দিয়ে যেতে দেয় এবং একই সঙ্গে অতিবেগুনি ও অবলোহিত রশ্মি সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদন করে। উৎপাদিত বিদ্যুৎ জানালার চারপাশে স্থাপিত সূক্ষ্ম পরিবাহী স্তরের মাধ্যমে ভবনের বিদ্যুত্ব্যবস্থায় যুক্ত হয়। অতিরিক্ত বিদ্যুৎ ব্যাটারিতে সংরক্ষণ করা বা জাতীয় বিদ্যুৎ গ্রিডেও সরবরাহ করা সম্ভব। ভবনের বাইরের দেয়াল বা কাচের সম্মুখভাগ যদি পুরোপুরি এই প্রযুক্তিতে তৈরি হয়, তাহলে একটি বহুতল ভবন প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। একই সঙ্গে এই কাচ সূর্যের অতিরিক্ত তাপ প্রবেশ কমিয়ে ভবনের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করবে। ফলে এয়ারকন্ডিশনার ব্যবহারের প্রয়োজন কমবে এবং বিদ্যুৎ সাশ্রয় হবে। বর্তমানে গবেষকরা এই প্রযুক্তির দক্ষতা বা রূপান্তর হার আরো বাড়ানোর জন্য নতুন উপাদান, বিশেষ করে পেরোভস্কাইট এবং উন্নত স্বচ্ছ ফটোভোল্টাইক উপকরণ নিয়ে গবেষণা করছেন। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো, এটি একই সঙ্গে পরিবেশবান্ধব, অর্থনৈতিক এবং ব্যবহারবান্ধব। প্রচলিত সোলার প্যানেল বসানোর জন্য আলাদা ছাদ বা খোলা জায়গা দরকার হয়, কিন্তু স্বচ্ছ সোলার গ্লাসে সেই সমস্যা নেই। উপরন্তু বিদ্যুৎ উৎপাদনে কোনো ধোঁয়া, কার্বন ডাই-অক্সাইড বা শব্দদূষণ সৃষ্টি হয় না। ফলে পরিবেশ রক্ষা এবং কার্বন নিঃসরণ কমাতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 
বর্তমান পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক দিক হলো বন্যার হুমকি এমন সময়ে দেখা দিয়েছে, যখন অনেক এলাকায় আউশ ধানে শীষ বের হওয়া, ফুল আসা বা দানা ভরার পর্যায়ে রয়েছে। এসব পর্যায়ে ধানগাছ কয়েক দিন পানির নিচে থাকলে সালোকসংশ্লেষণ ব্যাহত হয়, পরাগায়ণ ও দানা গঠন কমে যায় এবং গাছ হেলে পড়তে পারে। প্রবল স্রোত থাকলে ধানগাছ উপড়ে যাওয়া বা কাদা-পলির নিচে চাপা পড়ার আশঙ্কাও থাকে। পানি দ্রুত নেমে গেলেও অপুষ্ট দানা, চিটা বৃদ্ধি এবং ফলন কমে যাওয়ার ঝুঁকি থেকে যায়। যেসব জমির আউশ ধান প্রায় পরিপক্ব, সেখানে সুযোগ থাকলে দ্রুত কাটার ব্যবস্থা করা যেতে পারে। তবে অপরিপক্ব ধান তাড়াহুড়া করে কাটলে ফলন ও চালের গুণমান উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জমির অবস্থা, ধানের পরিপক্বতা এবং সম্ভাব্য প্লাবনের সময় বিবেচনা করে স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত।