আগামী প্রিমিয়ার লিগে নতুন দল হিসেবে দেখা যাবে পুলিশ এফসিকে। চ্যাম্পিয়নশিপ লিগে তিন ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ারে ওঠা নিশ্চিত করেছে দলটি। ১৭ ম্যাচে ১৩ গোল করে আসরে সর্বোচ্চ গোলদাতাও হতে চলেছেন পুলিশ স্ট্রাইকার আমিরুল ইসলাম। কালের কণ্ঠ স্পোর্টসের মুখোমুখি হয়ে নিজের দল ও পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন তিনি কালের কণ্ঠ স্পোর্টস : অনেক দিন থেকে পুলিশের হয়ে খেলছেন, অবশেষে প্রিমিয়ারে তুলতে পারলেন দলকে... আমিরুল ইসলাম : হ্যাঁ, আমাদের অনেক পরিশ্রমের ফসল এটা। প্রিমিয়ারে খেলব, এর চেয়ে খুশির আর কিছু হয় না। চ্যাম্পিয়নশিপ লিগেই টানা চতুর্থবারের চেষ্টায় আমরা সফল হয়েছি। প্রশ্ন : টানা গোল করে আপনিও বেশ আলোচিত এই মৌসুমে... আমিরুল : কতটা আলোচিত জানি না, তবে আমি চেষ্টা করেছি। ১৭ ম্যাচে ১৩ গোল করেছি। আগামী তিন ম্যাচেও লিগের সর্বোচ্চ গোলদাতার আসনটা ধরে রাখতে চাই। প্রতি মৌসুমে আমার ৭-৮টা করে গোল থাকে। তবে সর্বশেষ সর্বোচ্চ গোলদাতা হয়েছিলাম চার বছর আগে, তখন আমরা দ্বিতীয় বিভাগে খেলি। ১৪ ম্যাচে ১৩ গোল করেছিলাম বোধ হয়। এবার আবার এতগুলো গোল পেলাম। প্রশ্ন : এখন তো প্রিমিয়ার লিগেও আপনি নজরে থাকবেন, অন্য ক্লাব পেতে চাইলে? আমিরুল : বড় কোনো প্রস্তুাব থাকলে আমি নিশ্চয় বিবেচনা করব। ক্যারিয়ারে আরো ওপরে ওঠার সিঁড়ি পেলে কাজে লাগাব না কেন। নাসির ভাই, রানা ভাইরা সেনাবাহিনীর চাকরি ছেড়ে শুধু ফুটবলেই ক্যারিয়ার গড়েছেন। এখন দেশের হয়েও খেলছেন, আমারও সেই স্বপ্ন আছে। এই মুহূর্তে অবশ্য পুলিশ ছাড়া কিছু ভাবছি না আমি। পরের তিন ম্যাচে আমরা শিরোপাটাও নিশ্চিত করতে চাই। প্রশ্ন : প্রিমিয়ারে পুলিশও নিশ্চয় শক্তি বাড়াবে? আমিরুল : তাতো অবশ্যই দেশের শীর্ষ লিগে লড়াই করার মতোই দল গড়বে পুলিশ। আমার লক্ষ্য থাকবে এর চেয়ে আরো ভালো খেলা। প্রশ্ন : চতুর্থবারের চেষ্টায় আপনারা সফল হলেন, এবার দলে কী পরিবর্তন ছিল? আমিরুল : অন্যান্যবারের চেয়ে এবার আমাদের স্কোয়াডটা ভালো ছিল। আগে দ্বিতীয় লেগে গিয়েই আমরা খেই হারিয়ে ফেলতাম, ইনজুরি ও কার্ড সমস্যার কারণে। এবার তা হয়নি।