• ই-পেপার

মাকড়সার কামড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা

প্রকাশ্যে এলো সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ফার্স্ট লুক

বিনোদন ডেস্ক
প্রকাশ্যে এলো সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ফার্স্ট লুক
সংগৃহীত ছবি

ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জন্মদিনে প্রকাশ করা হয়েছে তার বহুল প্রতীক্ষিত বায়োপিকের প্রথম ঝলক। একই সঙ্গে নির্মাতারা জানিয়েছেন ছবিটির মুক্তির সম্ভাব্য তারিখও। সিনেমায় সৌরভ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও।

বুধবার প্রকাশিত ফার্স্ট লুকে ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডসের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলির সেই ঐতিহাসিক উদযাপনের দৃশ্য পুনর্নির্মাণ করতে দেখা যায় রাজকুমার রাওকে। খালি গায়ে হাতে জার্সি ঘুরিয়ে উল্লাস করার সেই মুহূর্ত ক্রিকেট ইতিহাসের অন্যতম আইকনিক দৃশ্য হিসেবে বিবেচিত হয়।

ফার্স্ট লুক প্রকাশের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি শেয়ার করে সৌরভ গাঙ্গুলি লিখেছেন, ‘তোমাকে আমার রূপে দেখার জন্য মুখিয়ে আছি।’

সিনেমাটির নির্মাতারা জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বায়োপিকটি ২০২৭ সালের ১৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। এরই মধ্যে মুম্বাই ও কলকাতায় প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। 

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে সিনেমার গুরুত্বপূর্ণ কয়েকটি দৃশ্য ধারণের জন্য পুরো ইউনিট লন্ডনে যাবে। সেখানকার কাজ শেষ করে আবারও কলকাতায় ফিরবে টিম, যেখানে হবে পরবর্তী ধাপের শুটিং।

সৌরভ গাঙ্গুলির পরিবারের সদস্যদের চরিত্রে অভিনয় করছেন একাধিক জনপ্রিয় বাংলা অভিনেতা। তাঁর বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, মা নিরূপা গাঙ্গুলির চরিত্রে অপরাজিতা আঢ্য এবং ভাই স্নেহাশিস গাঙ্গুলির ভূমিকায় অভিনয় করছেন রাহুল দেব বসু। 

অন্যদিকে, সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তানিয়া মানিকতলাকে।

এদিকে সৌরভ গাঙ্গুলির চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে দীর্ঘদিন ধরেই বিশেষ প্রস্তুতি নিচ্ছেন রাজকুমার রাও। শুটিংয়ের ফাঁকে কলকাতার ইডেন গার্ডেনে অনুশীলন করতেও দেখা গেছে তাকে। ফলে সিনেমাটি ঘিরে ক্রিকেটপ্রেমী ও সিনেমাপ্রেমীদের প্রত্যাশা দিন দিন আরও বাড়ছে।

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা বললেন, ‘মেসি দেখিয়ে দিলেন’

বিনোদন প্রতিবেদক
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা বললেন, ‘মেসি দেখিয়ে দিলেন’
সংগৃহীত ছবি

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। দলের এই জয়ে বিশ্বজুড়ে সমর্থকদের মতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

তাদেরই একজন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। প্রিয় দলের দারুণ জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট করে আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রশংসায় ভাসেন তিনি।

বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পূর্ণিমা লেখেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত। যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’

May be an image of soccer and text

পোস্টটি প্রকাশের পরপরই তা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। মন্তব্যের ঘরে অসংখ্য সমর্থক পূর্ণিমার সঙ্গে একাত্মতা প্রকাশ করে আর্জেন্টিনা দলের প্রতি শুভকামনা জানান। অনেকেই মেসির নেতৃত্ব, দলের লড়াকু মানসিকতা এবং নাটকীয় প্রত্যাবর্তনের প্রশংসা করেন।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই জয়কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো চলছে উচ্ছ্বাস। আর সেই আনন্দে শামিল হয়ে পূর্ণিমার এই বার্তাও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

নতুন অ্যালবামের ঘোষণা ওয়ারফেজের, প্রকাশ পেল প্রথম গান

বিনোদন প্রতিবেদক
নতুন অ্যালবামের ঘোষণা ওয়ারফেজের, প্রকাশ পেল প্রথম গান
সংগৃহীত ছবি

দীর্ঘ অপেক্ষার পর নতুন স্টুডিও অ্যালবামের ঘোষণা দিয়েছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ। এটি হবে ব্যান্ডটির অষ্টম স্টুডিও অ্যালবাম। তবে এখনই অ্যালবামের নাম প্রকাশ করা হচ্ছে না। সব গান প্রকাশের পর একসঙ্গেই জানানো হবে অ্যালবামের শিরোনাম।

নতুন অ্যালবামে মোট ১২টি গান থাকছে। এরই মধ্যে মঙ্গলবার প্রকাশ পেয়েছে প্রথম গান ‘গিরগিটি’। ৬ জুলাই লয় রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিওচিত্র উন্মুক্ত করা হয়।

ব্যান্ড সূত্রে জানা গেছে, চলতি বছর আরো এক বা দুটি গান প্রকাশের পরিকল্পনা রয়েছে। অ্যালবামের বাকি গানগুলো ধাপে ধাপে আগামী বছর মুক্তি পাবে।

অ্যালবাম প্রকাশে সময় লাগার কারণ জানিয়ে ওয়ারফেজের দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘দেশে ও বিদেশে আমাদের বেশ কয়েকটি ট্যুর রয়েছে। তাই চলতি বছরের মধ্যে পুরো অ্যালবাম প্রকাশ করা সম্ভব হবে না। আশা করছি, ২০২৭ সালের মধ্যেই অ্যালবামের সব গান প্রকাশ হয়ে যাবে।’

নতুন অ্যালবামের কাজের পাশাপাশি ব্যস্ত সময় কাটাচ্ছে ওয়ারফেজ। আগামীকাল ৯ জুলাই যুক্তরাজ্য সফরে যাবে ব্যান্ডটি। সফরে লন্ডনে ১১ ও ১৯ জুলাই দুটি কনসার্টে অংশ নেবে তারা। ২৩ জুলাই দেশে ফেরার কথা রয়েছে ব্যান্ডটির। এরপর সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মাসেই যুক্তরাষ্ট্র সফরে যাবে ওয়ারফেজ।

বাস্তবে অস্তিত্ব নেই, তবু সিনেমার নায়িকা!

বিনোদন ডেস্ক
বাস্তবে অস্তিত্ব নেই, তবু সিনেমার নায়িকা!
সংগৃহীত ছবি

হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিতর্কের অন্যতম আলোচিত নাম টিলি নরউড। বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই, সেই এআই ‘অভিনেত্রী’ এবার দেখা যাবে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে।

এআইভিত্তিক স্টুডিও পার্টিকল ৬ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, তারা নির্মাণ করতে যাচ্ছে ‘মিসঅ্যালাইন্ড’ শিরোনামের একটি কমেডি-ড্রামা। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে থাকবে টিলি নরউড। কৈশোরে বেড়ে ওঠা, আত্মপরিচয়ের সংকট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার জটিল বাস্তবতাকে এক সুতোয় গেঁথে নির্মিত হবে ছবিটি।

ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী ছবির গল্প আবর্তিত হবে ‘টিলিভার্স’ নামে একটি পরাবাস্তব ডিজিটাল জগতকে ঘিরে। ক্লাউডের কোথাও অবস্থিত এই ভার্চুয়াল জগতে বসবাস করে টিলি। তার কোনো বাস্তব শরীর নেই, নেই ব্যক্তিগত স্মৃতি বা শৈশবের অভিজ্ঞতা। তবে অন্য মানুষের অভিজ্ঞতায় প্রবেশ করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে তার।

AI 'Actor' Tilly Norwood Lands Big Break With Feature Film 'Misaligned' -  CNET

গল্পে নাটকীয় মোড় আসে, যখন ডার্ক ওয়েবের একটি রহস্যময় এআই বট টিলিকে তার নিরাপত্তা-ব্যবস্থা বা ‘গার্ডরেইল’ ভেঙে ফেলতে প্ররোচিত করে। এরপর তার মধ্যে ধীরে ধীরে জন্ম নিতে থাকে আকাঙ্ক্ষা, আবেগ, উচ্চাকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত ইচ্ছা—যা তাকে ক্রমশ মানুষের বৈশিষ্ট্যের কাছাকাছি নিয়ে যায়।

নির্মাতা প্রতিষ্ঠান পার্টিকল ৬ জানিয়েছে, ‘মিসঅ্যালাইন্ড’ পুরোপুরি এআইনির্ভর চলচ্চিত্র হবে না। এটি হবে একটি হাইব্রিড প্রযোজনা, যেখানে পরিচালক, চিত্রনাট্যকার, সম্পাদকসহ অভিজ্ঞ চলচ্চিত্রকর্মীরা এআই বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করবেন। একই সঙ্গে এআই প্রযুক্তি ব্যবহারে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Controversial AI 'actor' Tilly Norwood lands first feature film amid  Hollywood fury | The Independent

পার্টিকল ৬–এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এলাইন ভ্যান ডার ভেলডেন বলেন, ‘গত এক বছরের কাজ আমাদের একটি বিষয় নিশ্চিত করেছে—উচ্চমানের গল্পনির্ভর চলচ্চিত্র নির্মাণে এআই সহায়ক হতে পারে, কিন্তু তার জন্য বিপুলপরিমাণ মানবিক দক্ষতা, অভিজ্ঞতা, বিচারবোধ ও সময়ের প্রয়োজন। প্রযুক্তির সীমাবদ্ধতা নয়, বরং এটাই মূল বিষয়। আগামী দশকের সফল নির্মাতারা হবেন তারা, যারা বহু বছরের গল্প বলার অভিজ্ঞতাকে নতুন প্রযুক্তির সঙ্গে মিলিয়ে ব্যবহার করতে পারবেন। ‘মিসঅ্যালাইন্ড’ সেই প্রচেষ্টারই পূর্ণদৈর্ঘ্য সংস্করণ।’

টিলি নরউডকে ঘিরে বিতর্কের শুরু গত বছরের শেষ দিকে। সে সময় এলাইন ভ্যান ডার ভেলডেন দাবি করেছিলেন, এআই ‘অভিনেত্রী’ টিলিকে একটি ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ করার পরিকল্পনা রয়েছে। এই ঘোষণার পরই হলিউডে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। 

Tilly Norwood Backlash Continues With Betty Gilpin's Brutal Open Letter

অভিনয়শিল্পী সংগঠন, নির্মাতা ও শিল্পীরা সৃজনশীল জগতে এআইয়ের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অল্প সময়ের মধ্যেই টিলি নরউড এআই বিতর্কের অন্যতম আলোচিত প্রতীকে পরিণত হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে টিলিকে ঘিরে ব্যঙ্গাত্মক ও উসকানিমূলক নানা পোস্ট প্রকাশ করে সেই বিতর্ককে আরো তীব্র করে তোলেন নির্মাতারা।

নতুন চলচ্চিত্র প্রসঙ্গে এলাইন ভ্যান ডার ভেলডেন বলেন, ‘ছবিটি অবশ্যই মজার, বিশৃঙ্খল ও আত্মসচেতন হবে—যেমনটা টিলির চরিত্র। তবে এর ভেতরে আরো গভীর একটি বিষয় রয়েছে। এটি পরিচয়, অভিনয় ও এআইকে ঘিরে মানুষের গভীর আশঙ্কা নিয়ে কথা বলবে। আর হ্যাঁ, এই ছবিতে শিল্প সত্যিই জীবনের অনুকরণ করবে।’

বর্তমানে ‘মিসঅ্যালাইন্ড’-এর প্রি প্রোডাকশন চলছে। একই সঙ্গে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান ও অংশীদারকে যুক্ত করার কাজও এগিয়ে যাচ্ছে। পার্টিকল ৬–এর অন্যান্য চলচ্চিত্র, টেলিভিশন ও বাণিজ্যিক কনটেন্ট প্রকল্পের পাশাপাশি ছবিটির প্রযোজনার কাজ সম্পন্ন হবে।