• ই-পেপার

শার্শায় সড়কে প্রাণ গেল দুই যুবকের

পুষ্টি চাহিদা মেটাতে পুলিশ লাইনসের নিজস্ব খামার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
পুষ্টি চাহিদা মেটাতে পুলিশ লাইনসের নিজস্ব খামার

বরিশাল জেলা পুলিশ লাইনসের ছয় একরের পুকুরে ছাড়া হয়েছে ছয় মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা। পাশের ছোট ছোট দুটি পুকুরে অবমুক্ত করা হয়েছে ৫০০টি হাঁস। আর পাশেই গড়ে তোলা হয়েছে গরুর খামার। বর্তমানে বিভিন্ন প্রজাতির ১০টি গরু দিয়ে শুরু হয়েছে কার্যক্রম। রবি ও সোমবার বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসানের উদ্যোগে এসব কাজ করা হয়। জেলা পুলিশের ফোর্সের সদস্যদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তাঁরা। পুলিশ সদস্যরা ক্রমান্বয়ে অবসর সময়ে এগুলো দেখাশোনা করবেন।

জনস্বাস্থ্য সুরক্ষায় ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
জনস্বাস্থ্য সুরক্ষায় ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবি

পরিবেশ, জনস্বাস্থ্য, প্রাণবৈচিত্র্য ও নিরাপদ খাদ্যব্যবস্থাকে সুরক্ষিত করতে দেশে ব্যবহৃত অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক পর্যায়ক্রমে নিষিদ্ধ করার দাবি জানিয়ে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার শহরের সাহেববাজার জিরো পয়েন্টে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও গ্রিন কোয়ালিশন আয়োজিত মানববন্ধনে কৃষক-কিষানি, পরিবেশকর্মী, গবেষক এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, খাদ্য উৎপাদন বৃদ্ধির নামে দীর্ঘদিন ধরে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক কীটনাশক শুধু ক্ষতিকর পোকামাকড় নয়, মানুষ, মৌমাছি, মাছ, পাখি, মাটি, পানি এবং সামগ্রিক বাস্তুতন্ত্রের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। মানববন্ধনে গ্রিন কোয়ালিশন পবা উপজেলার সভাপতি রহিমা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন নওহাটা মত্স্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু সামা, আদিবাসী যুব পরিষদের সভাপতি উপেন রবিদাস, বারসিকের গবেষক শহিদুল ইসলাম প্রমুখ।

 

শিক্ষার্থীকে বলাত্কার অধ্যক্ষ গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি
শিক্ষার্থীকে বলাত্কার অধ্যক্ষ গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাত্কারের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ আব্দুল আহাদকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী পরিবারের করা মামলায় অধ্যক্ষকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে রবিবার রাতে উপজেলার পপুলার আইডিয়াল হিফজ মাদরাসা থেকে তাঁকে আটক করা হয়। আহাদ একই মাদরাসার অধ্যক্ষ। অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাতে ওই শিক্ষার্থীকে অধ্যক্ষ তাঁর কক্ষে ডেকে নেন। সেখানেই তাকে বলাত্কার করার অভিযোগ করা হয়েছে। পরদিন দুপুরে ওই শিক্ষার্থী মাদরাসা থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। শিশুটি বাড়ি ফিরে কান্নাজড়িত কণ্ঠে তার মাকে ঘটনাটি জানায়। পরে স্থানীয়রা মাদরাসায় গিয়ে অভিযুক্তকে আটক করে। খবর পেয়ে পুলিশ অধ্যক্ষকে আটক করে থানায় নিয়ে যায়।

 

 

সাপের কামড়ে দুজনের মৃত্যু

রংপুর অফিস ও কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সাপের কামড়ে দুজনের মৃত্যু

কাজিপুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে হযরত আলী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। তিনি উপজেলার পানাগাড়ী বাঘগাড়ি পাড়ার নুর হোসেনের ছেলে। জানা যায়, সোমবার সকালে হযরত আলী বন্যার পানিতে চায়না জাল ফেলে কিছুক্ষণ পরে তুলতে গিয়ে জালে সাপ দেখতে পান। পরে জাল ছাড়ানোর সময় সাপটি তাঁকে কামড় দেয়। এদিকে রংপুরে গত রবিবার রাতে সেচ পাম্প দেখতে যান হাবিবুর রহমান। সেচ ঘর থেকে বাড়ি ফেরার পথে বিষধর সাপ তাঁকে কামড় দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১০টার দিকে তাঁকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাত দেড়টার দিকে তিনি মারা যান। হাবিবুর আব্দুল্লাহপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।