ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন রেলওয়ে স্টেশনে অহরহ পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। গত দুই মাসের ব্যবধানে এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে। এতে একজনের চোখ হারানোসহ মাথায় সেলাই লাগার ঘটনা সর্বত্র আলোচনার জন্ম দেয়। এই অবস্থার দীর্ঘদিন পরে টনক নড়েছে রেলওয়ে পুলিশের। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করেছে রেলওয়ে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়াসহ আশুগঞ্জ রেলস্টেশন, তালশহর, আখাউড়া রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়। রেলওয়ে পুলিশের পক্ষ থেকে পথচারী, রেলওয়ে যাত্রী, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে লিফলেট দিয়ে সচেতন করা হয়। আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আব্দুল কুদ্দুস, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম, আখাউড়া আরএনবির ইনচার্জ জাহাঙ্গীর আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

