• ই-পেপার

সংক্ষিপ্ত

শিশুসন্তান নিয়ে সুগন্ধায় ঝাঁপ মায়ের, পরে উদ্ধার

পানিতে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু

নাটোর ও শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
পানিতে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু

নাটোরের নলডাঙ্গা পৌরসভার কুটিরপাড়া এলাকায় পুকুরে ডুবে ফাতেমা খাতুন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। ফাতেমা খাতুন কুটিরপাড়া এলাকার ফিরোজ হোসেনের মেয়ে। জানা গেছে, বাড়ির পাশে খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় ফাতেমা। এক পর্যায়ে পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নাঈম হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুপুরে কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের লেদুরপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

 

১০ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ বিএসএফের

প্রিয় দেশ ডেস্ক
১০ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ বিএসএফের

দিনাজপুর, জয়পুরহাটের পশ্চিম রামকৃষ্ণপুর ও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে তিনজন করে মোট ১০ জনকে পুশ ইনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে শনিবার ভোর ৪টার দিকে দুই নারীসহ তিনজনকে জোরপূর্বক বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর কঠোর নজরদারি এবং তীব্র প্রতিরোধের মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবি তাঁদের ভারতীয় সীমান্তে পাঠিয়ে নজরদারিতে রেখেছে। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি সীমান্ত দিয়ে তিন নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধে ব্যর্থ হয়েছে তারা। বিকেলে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, ওই তিন নারী সীমান্তের প্রায় ১৫০ গজ ভারতীয় অংশের কাঁটাতারের বেড়ার এ পাশে অবস্থান করছে। দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে পুশ ইনচেষ্টার সময় এক নারীসহ চার জনকে শূন্যরেখায় ফেরত পাঠিয়েছে বিজিবি। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে করা পতাকা বৈঠক শেষে বিএসএফ তাদের নাগরিক নয় বলে অস্বীকার করে চলে গেছে।

 

 

লটকনের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

পঞ্চগড় প্রতিনিধি
লটকনের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

পঞ্চগড়ের দেবীগঞ্জে লটকনের লোভ দেখিয়ে বৈদ্যনাথ রায় (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশীর ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুরে ওই শিশুকে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আসামি বৈদ্যনাথকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে বৈদ্যনাথ প্রতিবেশীর ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই শিশুকে লটকন খাওয়ার জন্য ডাকেন। শিশুটি তাঁর বাড়িতে গেলে মুখ চেপে তাকে ধর্ষণ করেন বৈদ্যনাথ। এমনকি তিনি শিশুকে গলায় ছুরি ধরে ঘটনাটি প্রকাশ করলে হত্যার হুমকি দেন।

 

‘খাল-নালা দখলের কারণে জলাবদ্ধতা’

চট্টগ্রাম অফিস
‘খাল-নালা দখলের কারণে জলাবদ্ধতা’

দীর্ঘদিনের অব্যবস্থাপনা, খাল-নালা দখল ও জলপ্রবাহে প্রতিবন্ধকতার কারণেই দক্ষিণ চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গতকাল শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন সংস্কারের অভাব ও অব্যবস্থাপনার কারণে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। শুক্রবার অনেক প্রচেষ্টার মাধ্যমে বাঁশখালীর সব স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। এর ফলে খুব দ্রুত পানি নেমে যাচ্ছে। এর আগে বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয় করতে সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ, সংসদ সদস্য আবু সুফিয়ান, সংসদ সদস্য সাঈদ আল নোমান উপস্থিত ছিলেন।