নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের মারধর করতে পারলে পুরস্কার ঘোষণা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১১ জনকে আসামি করে নড়াইল সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে দলটির জেলা কমিটির সদস্যসচিব আমিরুল ইসলাম এই অভিযোগ করেন।
অভিযুক্তরা হলেন বঙ্গবন্ধু জাতীয় পরিষদ নড়াইলের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান নয়ন, সহসভাপতি সৌরভ কর্মকার, লোহাগড়ার কুন্দসী গ্রামের সজিবুল ইসলাম হৃদয়, শাহাদাত হোসেন রায়হান, চাচই গ্রামের ইমন শিকদার, নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিলন জমাদ্দার, মল্লিকপুর গ্রামের ইস্রাফিল, কামেশ্বরপুর গ্রামের সজীব চৌধুরীসহ ১১ জন।
অভিযোগে আমিরুল ইসলাম উল্লেখ করেছেন, অভিযুক্তরা ফেসবুকে বিভিন্ন ভুয়া ভিডিও পোস্ট এবং তাঁকেসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মারধর করতে পারলে অর্থ পুরস্কার ঘোষণা করছেন।
অভিযুক্তদের মধ্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।’
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু।