৮১ ফুট উচ্চতার ‘রামমূর্তি’ নির্মাণ করার ঘোষণা দেওয়া হরিদাস চন্দ্র তরণীকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ময়মনসিংহ জেলা যুগ্ম দায়রা জজ আদালতের (অর্থ ও ঋণ) বিচারক প্রতারণার মামলায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের পিপি আনোয়ার আজিজ টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন। হরিদাস গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কোমরপুরের মধ্য রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়ই তিনি ভারতে পাড়ি জমিয়েছিলেন। ২০১০ সালে দেশে ফিরে এসি মেকানিকের কাজ শুরু করেন। ২০১৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে ‘তাওহীদ ইসলাম’ নাম ধারণ করে ফুলবাড়িয়ার এক তরুণীকে বিয়ে করেন। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। চাকরি, বদলি ও টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বিপুল অর্থ আত্মসাৎ করায় ২০১৮ সালে র্যাব তাঁকে গ্রেপ্তারও করেছিল।

