• ই-পেপার

সিরাজগঞ্জে সাপের কামড়ে মৃত্যু ২

প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত সেই হরিদাস কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি
প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত সেই হরিদাস কারাগারে

৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণ করার ঘোষণা দেওয়া হরিদাস চন্দ্র তরণীকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ময়মনসিংহ জেলা যুগ্ম দায়রা জজ আদালতের (অর্থ ও ঋণ) বিচারক প্রতারণার মামলায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের পিপি আনোয়ার আজিজ টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন। হরিদাস গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কোমরপুরের মধ্য রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়ই তিনি ভারতে পাড়ি জমিয়েছিলেন। ২০১০ সালে দেশে ফিরে এসি মেকানিকের কাজ শুরু করেন। ২০১৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে তাওহীদ ইসলাম নাম ধারণ করে ফুলবাড়িয়ার এক তরুণীকে বিয়ে করেন। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। চাকরি, বদলি ও টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বিপুল অর্থ আত্মসাৎ করায় ২০১৮ সালে র‌্যাব তাঁকে গ্রেপ্তারও করেছিল।

 

গ্রাহকের পাঁচ কোটি টাকা নিয়ে উধাও এনজিও

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
গ্রাহকের পাঁচ কোটি টাকা নিয়ে উধাও এনজিও

রামগতিতে ব্যাটার লাইফ অর্গানাইজেশন নামের একটি ভুয়া এনজিও সাত হাজার গ্রাহকের অন্তত পাঁচ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। গত সোমবার সকালে সিরাজ উদ্দিন নামের এক গ্রাহক এনজিওটির কার্যালয়ে গিয়ে তালাবদ্ধ দেখতে পান। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার গ্রাহক অফিসের সামনে জড়ো হন। ভুক্তভোগী গ্রাহকরা জানান, ২০২৫ সালের শুরুতে উপজেলায় রাজিয়া ভিলা নামের এক বাড়িতে অফিস ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে এনজিওটি। সহজ শর্তে মোটা অঙ্কের ঋণের প্রলোভন দিয়ে হাজার হাজার টাকার সঞ্চয় সংগ্রহ করে তারা। অনুমোদন ছাড়া ভুয়া নথিপত্র তৈরি করে চক্রটি অন্তত পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। রামগতির ইউএনও শেখ এহসান উদদীন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

 

পদ্মার চরে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
পদ্মার চরে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সীমান্তবর্তী পদ্মা নদীর দুর্গম চরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প হয়েছে। এতে ১২ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ এবং দুই শতাধিক গবাদি পশুকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয়ে আটজন বিজিবি ও বেসামরিক বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল দিনব্যাপী এই চিকিৎসাসেবা দেয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, এ ধরনের উদ্যোগ স্বাভাবিক নাগরিক সুবিধাবঞ্চিত সীমান্তবাসীদের মাঝে বিজিবির প্রতি বিশ্বাস ও আস্থা বৃদ্ধি করবে। দুর্গম চরাঞ্চলের মানুষের বাড়ির দোরগোড়ায় বড় আকারের এ রকম চিকিৎসাসেবা সীমান্তবাসীদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

 

সড়কে প্রাণ গেল চারজনের

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ও আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
সড়কে প্রাণ গেল চারজনের

ময়মনসিংহ সদর উপজেলার চর পুলিয়ামারী এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার রঘুরামপুর গ্রামের আবেদা খাতুন, তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের শিলা আক্তার ও ময়মনসিংহ শহরের জুবলিঘাট এলাকার বাসিন্দা দেবরাজ ঘোষ। পুলিশ জানায়, দুর্ঘটনার শিকার অটোরিকশাটি শম্ভুগঞ্জ বাজার থেকে সাহেব কাচারি বাজারের দিকে যাচ্ছিল। ওই সময় চর পুলিয়ামারী এলাকায় একটি ডিপো থেকে মালবাহী একটি ট্রাক মহাসড়কে উঠছিল। ওই সময় ট্রাকটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এদিকে গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় তুহিন ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অহিদুল ইসলাম নামের আরো এক আরোহী। গতকাল মঙ্গলবার দুপুরে টঙ্গীর মুন্নু গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক আছেন বাসচালক ও হেলপার। নিহত তুহিন ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আন্দালবাড়ী গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় বসবাস করতেন।