ভালোবাসা ও পারস্পরিক আন্তরিকতায় সব সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ শুক্রবার তিনি ঢাকায় আসছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সাংবাদিকদের দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমাদের শুধু অভিন্ন সীমান্ত নেই, অভিন্ন স্বপ্নও আছে। আমাদের আকাশ এক, বাতাস এক, চ্যালেঞ্জও অনেক ক্ষেত্রে এক। তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। ভালোবাসা আর পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।’ গতকাল কলকাতায় নেতাজি ভবন পরিদর্শন করেন তিনি। এ সময় সাংবাদিকরা তাঁর কাছে বাংলাদেশে অগ্রাধিকার বিষয়ে জানতে চান।

