হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত টেকেরঘাট এলাকার সড়কটি কয়েক গ্রামের বাসিন্দাদের চলাচলের প্রধান রাস্তা। এই রাস্তার বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়। রাস্তাটি এখন এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বর্ষা মৌসুমে পুরো রাস্তাটি হাঁটু সমান কাদা আর বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে। রাস্তায় জমে থাকা নোংরা পানি আর পিচ্ছিল কাদার কারণে হেঁটে চলাচল করাই অসম্ভব হয়ে পড়েছে। প্রতিনিয়ত স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এমনকি কোনো জরুরি রোগী বা গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়ার মতো ন্যূনতম পরিস্থিতিও নেই। দুর্ভোগ শুধু বর্ষাকালেই সীমাবদ্ধ নয়, শুকনা মৌসুমেও রাস্তাটির ভঙ্গুর অবস্থার কারণে ধুলাবালি ও খানাখন্দে চলাচল করা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই চুনারুঘাট উপজেলার স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, মানুষের এই কষ্ট দূর করতে রাস্তাটি দ্রুত মেরামতের জন্য পদক্ষেপ গ্রহণ করুন।
মুর্শেদুর রহমান রুপক
রাজশাহী বিশ্ববিদ্যালয়




