• ই-পেপার

অভিমত

পুলিশ বাহিনীর ভেতরে নিয়মিত কাউন্সেলিং ব্যবস্থা থাকা প্রয়োজন

  • ড. তৌহিদুল হক

আজকের খেলা

আজকের খেলা

বরিশালে ১২ নদীর পানি বিপত্সীমার ওপরে, উত্তরে পাঁচ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
বরিশালে ১২ নদীর পানি বিপত্সীমার ওপরে, উত্তরে পাঁচ জেলায় বন্যার শঙ্কা

অমাবস্যার প্রভাবে দেশের উপকূলীয় এলাকার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বরিশালে ১২টি নদীর পানি বিপত্সীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ভোলায় নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ১৬টি জলকপাট আংশিক খুলে দিয়েছে কর্ণফুলী জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। উজানে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতে দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি দ্রুত বেড়ে বিপত্সীমার ওপর দিয়ে বইতে পারে। এতে উত্তরের পাঁচ জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, তিন বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চার সমুদ্রবন্দরকে আবারও ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কুশিয়ারা নদীর সুনামগঞ্জ জেলার মারকুলিতে বিপত্সীমার ১২ সেন্টিমিটার ও সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে বিপত্সীমার ৩৪ সেন্টিমিটার ওপর  দিয়ে বয়ে যাচ্ছিল। এসব জেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান কালের কণ্ঠকে বলেন, তিস্তা অববাহিকা আকস্মিক বন্যাপ্রবণ এলাকা। ৮০ শতাংশের বেশি পানি উজান থেকে আসে এবং দ্রুত চলে যায়। উজানে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে তিস্তা অববাহিকার নদীসংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ ছাড়া অমাবস্যার প্রভাবে উপকূলীয় এলাকায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নদীসংলগ্ন নিম্নাচল প্লাবিত হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ৫৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে ফেনীতে সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, সুস্পষ্ট লঘুচাপ দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। মূলত মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হবে। তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা কমে আসবে।

 

ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে

কালের কণ্ঠ ডেস্ক
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে
রণধীর জয়সওয়াল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন। গতকাল শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন জয়সওয়াল।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আমরা জানতে পারছি, শেখ হাসিনা ও অন্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করেছে। এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না। তা ছাড়া শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তাই বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না।’

এ প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা প্রত্যর্পণের জন্য একটা অনুরোধ পেয়েছি। যেমনটি আমরা আগে

বলেছিলাম, অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করা হবে।’

আরেক সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশের করা আরেকটি প্রত্যর্পণের অনুরোধ নিয়ে। তিনি বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাঁরা এক ব্যক্তিকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ভারতীয় কর্তৃপক্ষকে সব কাগজপত্র পাঠিয়েছেন। ওই ব্যক্তি গ্রেপ্তার হয়ে ভারতীয় পুলিশের হেফাজতে আছেন। তাঁর বিরুদ্ধে বাংলাদেশে নির্বাচনের প্রাক্কালে একজন রাজনীতিবিদকে হত্যার অভিযোগ রয়েছে। এ বিষয়ে আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি না এবং হয়ে থাকলে সেটার বর্তমান অবস্থা কী?

এ প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। এই প্রশ্নের উত্তরেও তিনি জানান, প্রত্যাবর্তনের যেকোনো অনুরোধ আইনগত বিষয় ও বিচারপ্রক্রিয়া খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। সূত্র : দ্য হিন্দু

 

পাল্টাপাল্টি হামলা, দক্ষিণ ইরানকে বিচ্ছিন্ন করার লক্ষ্য মার্কিন বাহিনীর

কালের কণ্ঠ ডেস্ক
পাল্টাপাল্টি হামলা, দক্ষিণ ইরানকে বিচ্ছিন্ন করার লক্ষ্য মার্কিন বাহিনীর

ইরানে গত বৃহস্পতিবার টানা ষষ্ঠ রাতের মতো হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এদিকে ইরান বলেছে, গতকাল শুক্রবার উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত মাসে হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে দুই পক্ষের সংঘাত এখন নিয়মিত হামলা-পাল্টাহামলায় রূপ নিয়েছে। আর এই সংঘাতের মূলে রয়েছে, হরমুজ প্রণালি কার নিয়ন্ত্রণে থাকবে, তা স্থির করা। যুক্তরাষ্ট্র হরমুজের নিয়ন্ত্রণ নিতেই ইরানের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানকে বিচ্ছিন্ন করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাইছে।

মার্কিন সামরিক বাহিনী বলেছে, ইরানের সামরিক সক্ষমতা আরো দুর্বল করতে তারা টানা আরেক রাত হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যগুলোর মধ্যে ছিল কেশম দ্বীপ এবং বন্দর আব্বাসের আশপাশের এলাকা। বন্দর আব্বাসে ইরানের নৌবাহিনী ও আইআরজিসির গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং দেশটির সবচেয়ে বড় বন্দরের অবস্থান।

সেন্টকম বলেছে, যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ ব্যবহার করে মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা কেন্দ্র, সামরিক সরঞ্জাম সরবরাহ অবকাঠামো এবং সামুদ্রিক সক্ষমতাসংশ্লিষ্ট কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এদিকে ইরান প্রতিবেশী কয়েকটি দেশের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে জর্দানের একটি বিমানঘাঁটিও আছে। শুক্রবার ভোরে ইরানের সামরিক বাহিনী বলেছে, তারা বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, কাতারের রাজধানী দোহায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিস্ফোরণে উড়ে আসা ধাতব টুকরা লেগে এক শিশু আহত হয়েছে। ইরানের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় পাঁচটি সেতু, উপকূলীয় শহর বন্দর খামিরের রেলস্টেশন ও দক্ষিণ-পূর্বে ইরানশাহর বিমানবন্দর নিশানা করা হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বলেছে, দক্ষিণ ইরানের বন্দরনগরী বন্দর খামিরের সেতুগুলোতে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

হরমুজে জাহাজ চলাচল কার্যত বন্ধ : সংঘাত বেড়ে যাওয়ায় বিশ্বের তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে আবারও বড় ধরনের ব্যাঘাত ঘটছে। এতে বৈশ্বিক জ্বালানির দাম বেড়ে গেছে। তেহরান আবারও প্রণালিটিতে অবরোধ আরোপ করেছে এবং ওয়াশিংটন গত বুধবার থেকে ইরানের বন্দরগুলোর ওপর নতুন করে অবরোধ জোরদার করেছে। রয়টার্সকে কয়েকটি সূত্র বলেছে, ওয়াশিংটন যদি ইরানের অবকাঠামোতে হামলা চালায়, তবে তেহরান ইয়েমেনে তাদের মিত্র হুতিদের মাধ্যমে লোহিত সাগরের প্রবেশমুখে অবস্থিত আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদেব প্রণালি বন্ধ করার উদ্যোগ নিতে পারে।

কুয়েতে একের পর এক হামলা : ইরানে প্রথমবারের মতো সামরিক স্থাপনাগুলোর পাশাপাশি সেতু, বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর ও রেলস্টেশনে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর জবাবে মধ্যপ্রাচ্যে একের পর এক পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশটির এসব হামলায় কুয়েতের একটি পানি শোধনাগার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েতের বিদ্যুৎ, পানি ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক হামলায় ইরান দেশটির একটি বিদ্যুৎ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে। এতে স্থাপনাটিতে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

হরমুজ প্রণালি কে নিয়ন্ত্রণ করবে : ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রজেক্টের পরিচালক আলী ভায়েজ আল জাজিরাকে বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজগুলোতে প্রাণহানির ঘটনা ঘটছে। কারণ যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। তিনি বলেন, ‘তারা [ইরান] এটাও বিশ্বাস করে, দক্ষিণ করিডর প্রতিষ্ঠার মাধ্যমে তাদের দর-কষাকষির ক্ষমতা খর্ব করা যুক্তরাষ্ট্রের একটি পরিকল্পিত নীতি, যাতে যুদ্ধ পুনরায় শুরু হলে, যুদ্ধ শেষ করতে বা আলোচনার টেবিলে সুবিধাজনক কোনো চুক্তিতে আসতে ইরানের দর-কষাকষির ক্ষমতা মূলত কমে যায়। সুতরাং এটি সত্যিই এমন একটি যুদ্ধে পরিণত হয়েছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছে কেবল একটিই প্রশ্ন, আর তা হলো—প্রণালিটির নিয়ন্ত্রণ।’

আল উদেদে মার্কিন বিমানঘাঁটিতে হামলা : ইরান জানিয়েছে, হামলার পঞ্চদশ দফায় তাদের বাহিনী কাতারের আল উদেদে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ইরানের হামলায় একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং বেশ কয়েকটি মার্কিন কৌশলগত জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে কূটনীতির পথ আপাতত স্থগিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সামরিক ও কূটনৈতিক বিশ্লেষক আলেকজান্দরু হুদিস্তেনু। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মূল্যায়ন তুলে ধরেন। হুদিস্তেনু জানান, কূটনীতির পথটি একেবারে বন্ধ হয়ে গেছে তা নয়, বরং এটি সাময়িকভাবে স্থগিত অবস্থায় রয়েছে। তাঁর মতে, দিনশেষে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষকেই এই যুদ্ধাবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এই সংঘাত কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়। সূত্র : আল জাজিরা, রয়টার্স, আনাদোলু