দক্ষিণ-পূর্ব ইউরোপের অনন্য একটি দেশ গ্রিস। প্রাচীনতম সভ্যতার অংশ হিসেবে গ্রিসের রয়েছে ঐতিহাসিক ঐতিহ্য। গ্রিস ৪০০ বছর যাবৎ মুসলিম উসমানি খেলাফতের অধীন ছিল। গ্রিসের উত্তরে বুলগেরিয়া, সাবেক যুগোস্লাভিয়া প্রজাতন্ত্র, মেসিডোনিয়া ও আলবেনিয়া এবং পূর্বে তুরস্ক অবস্থিত। এর মূল ভূমির পূর্ব ও দক্ষিণে আছে এজিয়ান সাগর, আর পশ্চিমে আইওনিয়ান সাগর। এথেন্স গ্রিসের সবচেয়ে বড় শহর ও রাজধানী। এটি একটি ঐতিহাসিক শহর, যেখানে অ্যাক্রোপলিসের মতো প্রাচীন স্থাপত্য নিদর্শন বিদ্যমান রয়েছে। গ্রিস ইউরোপের অন্যতম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে আছে ঐতিহাসিক স্থান, সুন্দর সমুদ্রসৈকত এবং মনোরম দ্বীপপুঞ্জ। গ্রিসের মোট আয়তন এক লাখ ৩১ হাজার ৯৪০ বর্গকিলোমিটার। ১৯৮১ সাল থেকে দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য। ২০২৫ সালের পরিসংখ্যান অনুসারে গ্রিসের জনসংখ্যা এক কোটি তিন লাখ ৭২ হাজার। জনসংখ্যার ৯০ শতাংশ খ্রিস্টান। পিউ রিসার্চের তথ্য মতে, গ্রিসের ৪.৭ শতাংশ মানুষ মুসলিম। এ হিসাব অনুযায়ী মোট পাঁচ লাখ মানুষ ইসলাম ধর্মের অনুসারী।
গ্রিসে ইসলামের আগমন ও বিকাশ
রাজনৈতিকভাবে গ্রিসে ইসলামের আগমন ঘটে মূলত উসমানীয়দের মাধ্যমে। এ সময় গ্রিসে ইসলামের ব্যাপক বিস্তার ঘটে। তবে এর বহুকাল আগে গ্রিসের মানুষ ইসলামের সঙ্গে পরিচিতি লাভ করেছিল। হিজরি প্রথম শতাব্দীতে মুসলিম বাহিনী রোডস দ্বীপ (৬৫৪ সাল) ও সাইপ্রাস (৬৫০ সাল) জয় করে। মুসলিম বাহিনীর স্পর্শে এসে এখানকার গ্রিক নাগরিকদের সঙ্গে ইসলাম ও মুসলমানদের সংযোগ ঘটে। খ্রিস্টীয় চতুর্দশ শতকের মাঝামাঝি সময়ে গ্রিসের বাইজেন্টাইন অঞ্চলগুলোতে উসমানীয় শাসকদের বিজয় অভিযান শুরু হয়। উসমানীয়রা ১৩৫৪ সালে গ্যালিপোলি, ১৩৬১ সালে আন্দ্রিয়ানোপল, ১৩৮৭ সালে থেসালোনিকি অঞ্চল জয় করে। ১৪৫৩ সালে উসমানীয় বাহিনীর কাছে কনস্টান্টিনোপলের পতন ঘটে। এরপর ১৪৫৬ সালে এথেন্স ও ১৪৬০ সালে পেলোপনিসের পতন হলে গ্রিসের মূল ভূখণ্ডের ওপর উসমানীয়দের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।
গ্রিসে উসমানীয়দের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পর এখানে মুসলিম প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী ও ধর্ম প্রচারকদের ব্যাপক অনুপ্রবেশ ঘটে। ফলে গ্রিসে ইসলামের প্রচার ও ইসলামী সংস্কৃতিচর্চার পরিবেশ তৈরি হয়। তখন বিপুলসংখ্যক মানুষ স্বেচ্ছায় ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় লাভ করে। অবশ্য অনেক খ্রিস্টান গ্রিস রাষ্ট্রীয় পদ-পদবি ও সুবিধা লাভের জন্য ইসলাম গ্রহণ করতে উদ্বুদ্ধ হয়। উসমানীয় সুলতানরা প্রায় ৪০০ বছর গ্রিসে শাসনব্যবস্থা কায়েম রাখেন। এ সময় তুর্কি, আলবেনীয় ও স্থানীয় ধর্মান্তরিত গ্রিকদের সমন্বয়ে গ্রিসে একটি উল্লেখযোগ্য মুসলিম সমাজ গড়ে ওঠে। পরবর্তীকালে ধীরে ধীরে গ্রিসে ইসলামের ব্যাপক প্রসার ঘটে।
গ্রিসে উসমানীয় শাসনের পতন ও মুসলিম গণহত্যা
উসমানীয় মুসলিম শাসকরা দীর্ঘ ৪০০ বছর গ্রিস শাসন করলেও ধীরে ধীরে তাদের পতনের আলামত স্পষ্ট হয়ে ওঠে। গ্রিসের উগ্র জাতীয়তাবাদী খ্রিস্টান জনগণ উসমানী শাসনের অবসানের জন্য ঐক্যবদ্ধ হতে থাকে। তারা স্বাধীনতা লাভের জন্য উঠেপড়ে লেগে যায়। এরই মধ্যে ১৮১৪ সালে গ্রিসের ওডেসাতে চারজন বণিক ‘হিটারিয়া ফিলকি’ নামে গুপ্ত কমিটি গঠন করে। এ সংগঠন উসমানি খেলাফতের অবসান ঘটিয়ে প্রাচীন গ্রিক সাম্রাজ্যের মতো একটি নতুন গ্রিক সাম্রাজ্য গঠনের লক্ষ্য স্থির করে। ফলে প্রচণ্ড বিরোধ তৈরি হয়। তবে তৎকালীন উসমানি খেলাফতের উত্তরসূরি দ্বিতীয় মিসরের মুহাম্মদ আলির সৈন্যরা গ্রিক বিদ্রোহীদের কোণঠাসা করে ফেলে। এ সময় ১৮২৭ সালে রাশিয়া, ফ্রান্স ও ইংল্যান্ডের যৌথ বাহিনী নাভারিনের নৌযুদ্ধে উসমানি নৌবাহিনীকে পরাজিত করে। ১৮২৮ সালে উসমানি বাহিনী আবারও প্রতিরোধ গড়ে তোলে। তবে তারা পরাজিত হয়। ফলে ১৮৩০ সালে উসমানি খেলাফত গ্রিসের স্বাধীনতা মেনে নিতে বাধ্য হয়। স্বাধীনতা লাভের আগেও গ্রিসের বিভিন্ন অঞ্চলে মুসলমানরা একাধিকবার গণহত্যার শিকার হয়। কথিত আছে, বিপ্লবীরা পেলোপনিস, অ্যাটিকা, মধ্য গ্রিস প্রভৃতি অঞ্চলে মুসলিম বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক গণহত্যা পরিচালিত করে। এ সময় বিপ্লবীরা মুসলমানদের দেশত্যাগে বাধ্য করে। গ্রিসে মুসলিম গণহত্যার মধ্যে ১৮২১ সালে পেগাসাস উপদ্বীপের ত্রিপোলিৎসায় সংঘটিত গণহত্যা বিশেষভাবে উল্লেখযোগ্য।
মুসলমানরা তখন গ্রিসে অতি অসহায় অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করতে থাকে। গ্রিসে উসমানীয় শাসনের অবসান হলেও গ্রিসের উগ্র জাতীয়তাবাদী খ্রিস্টানরা মুসলমানদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞের স্টিমরোলার অব্যাহত রাখে। ফলে ১৯৪৪ ও ১৯৪৫ সালের মধ্যভাগে মুসলমানরা আবারও বড় আকারের হত্যাযজ্ঞের শিকার হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে গ্রিসের চামেরিয়া অঞ্চলে বসবাসরত আলবেনীয় মুসলিম (চ্যাম) জনগোষ্ঠীর ওপর গ্রিক জাতীয়তাবাদী দলগুলো গণহত্যা ও জাতিগত নিধন চালায়। এ সময় ১৪ থেকে ৩৫ হাজার মুসলিমকে তাদের ভিটামাটি থেকে জোরপূর্বক আলবেনিয়ায় বিতাড়িত করা হয় এবং বহু নারী-পুরুষ ও শিশুকে হত্যা করা হয়।
গ্রিসে নতুন সূর্যের আলো
১৯২৩ সালে লোজান চুক্তির আওতায় গ্রিস ও তুরস্কের মধ্যে জনসংখ্যা বিনিময় হয়। ফলে গ্রিস থেকে বেশির ভাগ মুসলিম তুরস্কে পাড়ি জমায়। ১৯৫০-এর দশকের গোড়ার দিকে মিসর থেকে মুসলিম অভিবাসীরা গ্রিসে পাড়ি জমায়। তারা দেশটির দুটি শহর এথেন্স ও থেসালোনিকিতে কেন্দ্রীভূত ছিল। ১৯৯০ সাল থেকে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, সোমালিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে অভিবাসী মুসলিমরা ব্যাপক হারে গ্রিসে প্রবেশ করে। ফলে গ্রিসে মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।