• ই-পেপার

‘হ্যাঁ’ প্রচারে ২১ লাখ সরকারি কর্মচারীকে মাঠে নামার নির্দেশ

উক্তি

উক্তি

তরুণ প্রজন্মের উন্নয়ন ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়।

ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধ লোহিত সাগরেও ছড়িয়ে পড়ছে

সৌদির অপরিশোধিত তেলবাহী দুটি ট্যাংকার ইউ টার্ন নিয়েছে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা চলছেই

কালের কণ্ঠ ডেস্ক
মধ্যপ্রাচ্যের যুদ্ধ লোহিত সাগরেও ছড়িয়ে পড়ছে

মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালির কর্তৃত্ব নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে বাবেল মানদেব প্রণালি। লোহিত সাগরে অবস্থিত এই প্রণালি পাড়ি দিতে গিয়ে গতকাল মঙ্গলবার অপরিশোধিত তেলবাহী দুটি সৌদি জাহাজ ইউ টার্ন নিয়ে মিসরের সুয়েজ খালের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইয়েমেনি হুথি বিদ্রোহীদের হুমকির কারণে এই দুটি সৌদি জাহাজ গতিপথ পরিবর্তনে বাধ্য হয়েছে। তেল ও পণ্য পরিবহনে বাবেল মানদেব প্রণালি হরমুজের মতোই গুরুত্বপূর্ণ প্রণালি। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, হরমুজের পর বাবেল মানদেব বন্ধ হয়ে গেলে বিশ্ব তেলবাজারে অস্থিরতা চরমে পৌঁছবে।

এদিকে ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে, সেই লক্ষ্য নিশ্চিত করতে ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছিলেন, সেখান থেকে ওয়াশিংটন এখন দৃশ্যত সরে গেছে। যুদ্ধটা এখন হরমুজকেন্দ্রিক হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি সেই জায়গা, যেখানে ইরানের প্রতিটি যুদ্ধবিরতি বিলীন হয়ে গেছে। তাঁরা বিষয়টিকে ব্যাখ্যা করেছেন এভাবে : ফেব্রুয়ারি থেকে প্রতিটি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি কয়েক সপ্তাহের মধ্যেই ভেস্তে গেছে এবং তা সব সময় একই অমীমাংসিত প্রশ্নকে কেন্দ্র করেহরমুজ প্রণালিতে কোনো জাহাজের বৈধতা কে যাচাই করবে।

যুক্তরাষ্ট্র এখন যেকোনো মূল্যে হরমুজ প্রণালির কর্তৃত্ব নিশ্চিতে ইরানের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। টানা দশম রাতের মার্কিন বোমাবর্ষণের পর বাহরাইন ও জর্দানের বিভিন্ন এলাকার পাশাপাশি কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরানও গতকাল মঙ্গলবার নতুন করে হামলা চালিয়েছে। এই হামলায় কুয়েতের একটি লবণাক্ত পানি শোধনাগার ও একাধিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে গেছে এবং সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে হুথি বিদ্রোহীদের হুমকির কারণে লোহিত সাগর থেকে তেলবাহী দুটি সৌদি জাহাজ রুট পরিবর্তন করতে বাধ্য হয়। এই ঘটনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে জটিলতা বাড়িয়ে দিয়েছে।

ইরান যেকোনো মূল্যে হরমুজ ধরে রাখবে : অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক আমিন সাইকাল বলেছেন, মার্কিন-ইসরায়েল সূচিত যুদ্ধের ফলে ইরানের প্রাপ্তি হলো হরমুজ প্রণালি এবং দেশটি এই পুরস্কার কখনোই ছাড়বে না। উভয় পক্ষই একে অন্যের ওপর ব্যাপক ক্ষতিসাধনের চেষ্টা করে আসছে এবং অনেক দিক থেকেই তারা এক চরম পর্যায়ে পৌঁছে গেছে। তিনি আরো বলেন, যুক্তিগতভাবে এর ফলে তাদের আলোচনায় বসা উচিত। কিন্তু অবশ্যই এই মুহূর্তে তেমনটা হচ্ছে না। কারণ যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে চায় এবং এটা এমন একটা বিষয় যা ইরানিরা কখনোই ছেড়ে দেবে না।

জর্দানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ : জর্দানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানি হামলায় নিহত দুই মার্কিন সেনার নাম ও পরিচয় প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। নিহত সেনা সদস্যরা হলেন ২৫ বছর বয়সী ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান এবং ১৯ বছর বয়সী প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস। যুক্তরাষ্ট্রের ডিফেন্স ডিপার্টমেন্ট জানায়, টেক্সাসের অধিবাসী গঞ্জালেস গত শুক্রবার (১৭ জুলাই) হামলায় প্রাণ হারান এবং হাওয়াই থেকে যোগ দেওয়া ফিহান শনিবার আঘাতজনিত কারণে মৃত্যুবরণ করেন। ফিহানের স্বজনরা জানায়, এই মিশন শেষ করে বাড়ি ফিরে বিয়ে করার কথা ছিল তাঁর।

মার্কিন হামলার পরিণতি নিয়ে সিআইএর ভাষ্য : যুক্তরাষ্ট্রের ক্রমাগত সামরিক আগ্রাসন সত্ত্বেও ইরান তাদের আলোচনার অবস্থান সহজ করবে না এবং এই বিমান হামলার ফলে তেহরানের ওপর বড় কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলে নতুন এক গোয়েন্দা তথ্য উঠে এসেছে। ওয়াশিংটন-তেহরান বর্তমানে শান্তিবস্থা ও যুদ্ধের মধ্যবর্তী এক অনিশ্চিত অচলাবস্থায় আটকে গেছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর বিশ্লেষকরা মনে করছেন। সিআইএ প্রধানত এই নতুন গোয়েন্দা প্রতিবেদন তৈরি করেছে, যেখানে বলা হয়েছে শীর্ষ সামরিক নেতা ও যুদ্ধ সরঞ্জাম হারিয়েও তেহরান সরকার টিকে থাকার সক্ষমতা দেখিয়েছে। আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ পরিচালক জোনাথন প্যানিকফ জানান, সামরিক চাপ দিয়ে ইরানকে নমনীয় করার মার্কিন ধারণা ভুল, কারণ ইরানের মূল অগ্রাধিকার হলো তাদের সরকারের টিকে থাকা। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, তেহরানের ভেতরে যুক্তরাষ্ট্রের নমনীয় মনোভাবাপন্ন অংশ এবং রেভল্যুশনারি গার্ডের হার্ডলাইনারদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকলেও সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং প্রধান আলোচনাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ ঐক্যের ওপর জোর দিয়েছেন।

লোহিত সাগরে সৌদি অপরিশোধিত তেলবাহী দুটি ট্যাংকার ইউ টার্ন নিয়েছে : ইয়েমেনের হুথি মিলিশিয়াদের সতর্কবার্তার পর চীন ও ভারতের জন্য সৌদি অপরিশোধিত তেলবোঝাই দুটি তেল ট্যাংকার লোহিত সাগরে ইউ টার্ন নিয়ে সুয়েজের দিকে রওনা দিয়েছে। সোমবার হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে একটি নৌ অবরোধ ঘোষণা করেছে, যা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে একটি সম্ভাব্য নতুন রণাঙ্গন উন্মোচন করেছে এবং উপসাগরীয় অঞ্চলের বাইরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের প্রতি হুমকি বাড়িয়ে তুলেছে। হুথিরা শিপিং কম্পানিগুলোকে পাঠানো একটি ই-মেইলে সৌদি আরবের বন্দরগুলোতে পণ্য বোঝাই বা খালাস না করার জন্য সতর্ক করেছে এবং বলেছে যে এই ধরনের কার্যকলাপের ফলে যেকোনো স্থানে হামলার শিকার হতে পারে।

উল্লেখ্য, হুথিরা লোহিত সাগরের মোহনার বাব আল-মানদেব প্রণালির উপকূলসহ উত্তর ইয়েমেন নিয়ন্ত্রণ করে।

সূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট, সিএনএন, আল জাজিরা

বেনজীরকে দেশে ফেরাতে নীতিগত সম্মতি

শিগগিরই দুবাই পুলিশের চিঠির জবাব দেবে দুদক

নিজস্ব প্রতিবেদক
শিগগিরই দুবাই পুলিশের চিঠির জবাব দেবে দুদক
বেনজীর আহমেদ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া আইনি ও কারিগরি ব্যাখ্যার জবাব প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দুর্নীতির মামলায় অভিযুক্ত দুবাই কারাগারে বন্দি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে দুবাই পুলিশ। তবে দুবাই পুলিশের পক্ষ থেকে প্রত্যর্পণের আইনি ও কারিগরি প্রক্রিয়া সম্পর্কে যেসব ব্যাখ্যা চাওয়া হয়েছে, দুদকের তদন্তকারী কর্মকর্তা সেসব ব্যাখ্যার জবাব প্রস্তুত করছেন। আগামী এক-দুই দিনের মধ্যে দুবাই পুলিশের চাওয়া ব্যাখ্যার জবাব পাঠিয়ে দেবে দুদক।

সূত্র জানায়, গত সপ্তাহে দুবাই পুলিশ বেনজীরের প্রত্যর্পণের আইনি ও কারিগরি প্রক্রিয়া সম্পর্কে চারটি বিষয়ে ব্যাখ্যা চেয়ে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে চিঠি পাঠায়। বর্তমানে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল শাখার সহযোগিতায় চিঠির জবাব প্রস্তুত করছে দুদক। ধারণা করা হচ্ছে, দ্রুত জবাব পাঠানো গেলে বেনজীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে।

এর আগে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি বাংলাদেশ সরকারকে ই-মেইলে জানিয়েছে, দুর্নীতির মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে দুবাইয়ে আটক করা হয়েছে।

এরপর বাংলাদেশ সরকার ইন্টারপোলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর প্রত্যর্পণ চায়। দুদকের প্রস্তুত করা প্রায় ১৪৪ পৃষ্ঠার নথি আরবিতে অনুবাদ করে কূটনৈতিক মাধ্যমে দুবাইয়ে পাঠানো হয়। এতে গ্রেপ্তারি পরোয়ানা, মামলার বিবরণ এবং প্রত্যর্পণের প্রয়োজনীয় আইনি নথি সংযুক্ত ছিল। প্রায় এক মাস পর সেই আবেদনের জবাব দিয়েছে দুবাই পুলিশ।

সর্বপ্রথম কালের কণ্ঠে বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ এবং বনের জমিতে বেনজীরের রিসোর্ট শিরোনামে ২০২৪ সালের ৩১ মার্চ ও ২ এপ্রিল পৃথক দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন দুটি প্রকাশের পর দেশে-বিদেশে ব্যাপক সাড়া পড়ে। মূলত এরপর ওই বছরের ১৮ এপ্রিল বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। পরে আদালতের নির্দেশে তাঁর ও পরিবারের সদস্যদের বিপুল সম্পদ জব্দ করা হয়। তদন্ত চলাকালে ২০২৪ সালের ৪ মে বেনজীর স্ত্রী ও সন্তানদের নিয়ে দেশ ছাড়েন। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২০২৫ সালের ২২ এপ্রিল দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোল তাঁর বিরুদ্ধে রেড নোটিশ জারি করে।

দুদকের তথ্য অনুযায়ী, বর্তমানে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থপাচার, জালিয়াতিসহ ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।

জাতিসংঘে সড়কমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামানো হবে

নিজস্ব প্রতিবেদক
সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামানো হবে
শেখ রবিউল আলম

সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ কমিয়ে আনতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

গত সোমবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়ন বিষয়ক জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে দেওয়া বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, এ লক্ষ্য অর্জনে আইনি, নীতিগত ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, রোড সেফটি ২০২১-২০৩০ দশকব্যাপী বৈশ্বিক কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সড়ক নিরাপত্তা জোরদারে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।

গতকাল মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বহুপক্ষীয় সমন্বয় শক্তিশালীকরণ শীর্ষক একটি পার্শ্ব-আয়োজনে সহসভাপতির দায়িত্বও পালন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্প্রসারণ, দুর্ঘটনা-পরবর্তী জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি এবং বিশেষ করে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে লক্ষ্যভিত্তিক ব্যবস্থা গ্রহণে সরকার কাজ করছে।

মন্ত্রী আরো বলেন, সেফ সিস্টেম অ্যাপ্রোচ ও আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্ত, অনুমোদন ও প্রণয়নের লক্ষ্যে সরকার কাজ করছে।

সড়ক নিরাপত্তাকে জাতীয় রাজনৈতিক অগ্রাধিকার উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, ২০৩০ সালের লক্ষ্য অর্জনে দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার, কার্যকর অংশীদারি এবং সবার যৌথ দায়িত্ব নিশ্চিত করা জরুরি। নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সবার জন্য সমতাভিত্তিক সড়কব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশ কাজ চালিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

‘হ্যাঁ’ প্রচারে ২১ লাখ সরকারি কর্মচারীকে মাঠে নামার নির্দেশ | কালের কণ্ঠ